
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দুই দেশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে একটি পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) গত ১১ ও ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং সাইডলাইন বৈঠকগুলোর ওপর আলোকপাত করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কপ-৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ হিসাবে আখ্যায়িত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত ছিল। দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ও তুরস্ক একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে অত্যন্ত ব্যস্ত সময়সূচী থাকায় প্রেসিডেন্ট এরদোয়ান সীমিত সংখ্যক সরকার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে পেরেছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার বৈঠকটি ছিল অন্যতম। এর মাধ্যমে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও এর নেতৃত্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গুরুত্বারোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
হুমায়ুন কবির বলেন, দুই নেতা রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় যে উদ্বেগ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে উভয় পক্ষই কীভাবে আরো কার্যকরভাবে একসাথে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেছে।
তুরস্কের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার প্রিয় একজন ভাই। আপনি এমন একজন নেতা, যার সাথে আমি ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। বাংলাদেশের জন্য আমার এবং তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় এবং কী করা প্রয়োজন তা আমাকে জানাতে হবে।
এই বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে বলে হুমায়ুন কবির আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ড পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্রে তুলনামূলকভাবে নতুন এবং বসার ব্যবস্থার কারণে হয়ত তিনি নিজেই কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। তবে আমি এমন কিছু দেখিনি যা অসম্মানজনক বলে মনে হয়। বরং আমি আন্তরিকতাই দেখেছি। তিনি বলেন, এড মিলিব্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং এ দেশের জনগণের প্রশংসা করেছেন, যেখানে তারেক রহমানের মতো এক যুগান্তকারী নেতার নেতৃত্বে গণ-আন্দোলনের মাধ্যমে একটি নতুন যাত্রার সূচনা হয়েছে।
সূচনা বক্তব্যে হুমায়ুন কবির কপ-৩১ বিশ্ব নেতাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে অত্যন্ত সফল বলে অভিহিত করে বলেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতাকে জোরদার করেছে। এই সফরটি নতুন সরকারের প্রতিশ্রুতি, অগ্রাধিকার ও লক্ষ্যসমূহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। একই সাথে, এটি প্রধান আন্তর্জাতিক অংশীদারদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততাকে আরো প্রসারিত করেছে। দীর্ঘ বিরতির পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও আত্মমর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
এ দিকে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি এবং শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে তার নিজ কার্যালয়ে সাক্ষাত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








