
নিজস্ব প্রতিবেদক
নগরায়ন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে হারিয়ে যেতে বসেছে রাজধানীর অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার। এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে ৫৬টি খাল ও ৬২টি পুকুর দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
নগর বিশেষজ্ঞদের মতে, জলাধার দখল ও ভরাটের কারণে রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, অন্য দিকে ভূগর্ভস্থ পানির স্তরেও চাপ বাড়ছে। সংরক্ষিত পুকুর ও জলাধার জরুরি সময়ে পানির উৎস হিসেবে কাজে আসার পাশাপাশি নগরীর তাপমাত্রা ও তাপদ্বীপ প্রভাব কমাতেও ভূমিকা রাখতে পারে।
জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীতে ৫৬টি খাল রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৭টি। এসব খালের অধিকাংশই অবৈধ দখল ও ভরাটের কারণে সঙ্কুচিত হয়ে পড়েছে।
ডিএনসিসি এলাকায় অবস্থিত উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, বাইশটেকী, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ি, মহাখালী, শাহজাদপুর, ধউর, কসাইবাড়ী, ডুমিনি, বোয়ালিয়া, গোবিন্দপুর, নরাই ও সুতিভোলা খাল। এর মধ্যে প্রাথমিকভাবে ১০টি খাল দখলমুক্ত করার কাজ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন খাল দখল করে বসতবাড়ি, বহুতল ভবন, দোকানপাট, মার্কেট, ওয়ার্কশপ, গ্যারেজ, কারখানা ও গুদামসহ নানা স্থাপনা গড়ে উঠেছে। এতে অনেক খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ বা সঙ্কুচিত হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, খালের জমির রেকর্ড যাচাই, সরকারি জমি চিহ্নিতকরণ ও সীমানা নির্ধারণে জেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করছে। খালের সীমানায় নির্মিত অবৈধ ভবন ও স্থাপনার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম বলেন, খাল ও পুকুরের জায়গা উদ্ধার করে নগরীর পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করে সীমানা নির্ধারণ এবং দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ডিএসসিসি এলাকায় মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাবো, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, কালুনগর, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগসহ বেশ কয়েকটি খাল রয়েছে। এর মধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল দখলমুক্ত করতে একটি প্রকল্প চলমান। পর্যায়ক্রমে অন্য খালগুলোও উদ্ধারের কাজ করা হবে।
পরিবেশ অধিদফতরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, খালে বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হলে বা পরিবেশের ক্ষতি হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








