
নিজস্ব প্রতিবেদক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং বাজার সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতা আইনের আওতায় ৬৭টি মামলা দায়েরসহ বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী লিখিত জবাবে জানান, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো:
বিশেষ তদারকি ও অভিযান : বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে ঢাকার বাজারে দৈনিক চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দুইটি অভিযান চালানো হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১০ হাজার ১৪৪টি অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
সিন্ডিকেট ও যোগসাজশের বিরুদ্ধে মামলা : বাজার সিন্ডিকেট ও প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজে একটিসহ মোট ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চাল, তেল, ডিম ও মুরগির আটটি মামলায় ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।
ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি : নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি অব্যাহত রাখা হয়েছে, যা বাজারমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করছে।
সরবরাহ ও আমদানিতে নীতি সহায়তা : দেশীয় কৃষি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির পাশাপাশি আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্র সুবিধা বজায় রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়া হচ্ছে।
বণিক সমিতির সাথে সচেতনতামূলক সভা : সিন্ডিকেট পরিহার ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে এমসিসিআই, এফবিসিসিআই, ডিসিসিআইসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্রেড-অ্যাসোসিয়েশন ও অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








