কমছে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি


কাওসার আজম, তুরস্ক থেকে

Advertisement


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত বাংলাদেশ। নদীভাঙন, বন্যা, খরা, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাখো মানুষ। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখার কথা। অথচ তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, এবারের সম্মেলনে বাংলাদেশের নিবন্ধিত অংশগ্রহণকারী ৩৬১ জন, যা কপের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ। এর মধ্যে ১৮৪ জনই ‘পার্টি ওভারফ্লো’ ব্যাজধারী। অংশগ্রহণকারীদের একাংশের জলবায়ুবিষয়ক কাজ, অভিজ্ঞতা কিংবা সম্মেলনে নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কারো কারো সম্মেলনে উপস্থিতি ছিল মাত্র একদিন; এরপর তারা আনতালিয়াসহ তুরস্কের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
কপ সম্মেলনে কোনো দেশের মূল সরকারি প্রতিনিধিদলের কোটা পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যে প্রতিনিধি বা বিশেষজ্ঞদের নিবন্ধন করা হয়, তাদের প্রবেশাধিকারের জন্য পার্টি ওভারফ্লো ব্যাজ দেয়া হয়। সাধারণত গবেষক, শিক্ষাবিদ, জলবায়ুকর্মী, ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সম্মেলনের কার্যক্রমে যুক্ত করতে এ ব্যাজ বরাদ্দ করা হয়। এই ব্যাজধারীরা সম্মেলনের মূল আয়োজনস্থল ব্লু জোনে প্রবেশ এবং বিভিন্ন প্যাভিলিয়ন ও উন্মুক্ত সাইড ইভেন্টে অংশ নিতে পারেন। তবে মূল নেগোসিয়েশন বা অফিসিয়াল দরকষাকষির গোপনীয় বৈঠকে তাদের প্রবেশাধিকার কিংবা ভোট ও সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা থাকে না।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০-এর তুলনায় এবার বাংলাদেশের অংশগ্রহণকারীর সংখ্যা ৩৩৫ শতাংশ এবং ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯-এর তুলনায় ১১০ শতাংশ বেশি। কপ-২৯ ও কপ-৩০-এ বাংলাদেশ থেকে পার্টি ওভারফ্লো ব্যাজধারী ছিলেন মাত্র ছয়জন করে; কপ-২৮-এ ছিলেন না একজনও। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও এবার বাংলাদেশের অংশগ্রহণকারীর সংখ্যা সর্বোচ্চ। ভারতের ১৫২ জনের তুলনায় বাংলাদেশের সংখ্যা ১৩৮ শতাংশ বেশি। এ ছাড়া পাকিস্তানের ৩১১ জনের তুলনায় ১৬ শতাংশ, নেপালের ১৮১ জনের তুলনায় ৯৯ শতাংশ, ভুটানের ৪০ জনের তুলনায় ৮০৩ শতাংশ এবং শ্রীলঙ্কার ৩৩ জনের তুলনায় ৯৯৪ শতাংশ বেশি।
বিপুলসংখ্যক ব্যাজ বরাদ্দের ক্ষেত্রে যোগ্যতা ও উদ্দেশ্য যাচাই করা হয়েছিল কি না, সে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, যারা ব্যাজের জন্য আবেদন করেছেন, তাদের সবাইকে দেয়া হয়েছে; বাছাইয়ের কোনো মানদণ্ড ছিল না। তার ভাষ্য অনুযায়ী, এসব অংশগ্রহণকারীকে নিয়ে সরকারের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই এবং তাদের কাছ থেকে বিশেষ কোনো অর্জনও প্রত্যাশা করা হচ্ছে না। সরকার মাত্র ২০ জনের মতো প্রতিনিধির ব্যয় বহন করেছে; বাকিরা নিজস্ব অর্থায়নে সম্মেলনে অংশ নিচ্ছেন।
সরকারি ব্যাজ নিয়ে কপ-৩১-এ অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন দল ও এর ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিওকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং প্রবাসীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। তাদের মধ্যে কারা দেশের জলবায়ু স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে কার্যকর ভূমিকা রাখছেন, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া কপ-৩১ চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতারা বক্তব্য দেয়ার পর সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা কমতে শুরু করে। রোববার বিরতির পর সোমবার থেকে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা ও দরকষাকষি। সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত অনুদান আদায়, উপকূলীয় সুরক্ষা, কৃষি ও পানিসম্পদের ঝুঁঁকি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
সম্মেলন ঘিরে মিথেনসহ সুপার দূষণকারী গ্যাসের নিঃসরণ কমাতে ৪৮০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের ঘোষণা এসেছে, যাতে যুক্তরাজ্য অতিরিক্ত ২৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্য দিকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন এআরআইএসই কর্মসূচির প্রথম পর্যায়ে বাংলাদেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের সুযোগ পেয়েছে। তবে এ অর্থ পেতে বিনিয়োগ পরিকল্পনা ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব আলোচনায় দেশের ঝুঁঁকি তুলে ধরে প্রতিশ্রুতিকে বাস্তব বরাদ্দে রূপ দিতে অংশগ্রহণকারীদের ভূমিকা রাখার কথা থাকলেও নিবন্ধিত ৩৬১ জনের মধ্যে কতজন এসব কাজে যুক্ত, তা স্পষ্ট নয়।
এ দিকে, বাংলাদেশী তরুণ জলবায়ুকর্মী ফাতিহা আয়াত সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক সম্মেলনগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ব্যবধান তুলে ধরেছেন। কিয়োটো প্রটোকল থেকে শুরু করে প্যারিস অ্যাগ্রিমেন্ট ও গ্লাসগো ক্লাইমেট প্যাক্টের মতো একের পর এক অঙ্গীকারের পরও জলবায়ু ঝুঁঁকিতে থাকা দেশগুলোর সঙ্কট কাটেনি উল্লেখ করে তিনি বাংলাদেশের নদীভাঙন, খরা, বন্যা ও লবণাক্ততার বাস্তবতায় প্রতিশ্রুতির বদলে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
অন্য দিকে, উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য উন্নত দেশগুলোর নতুন অর্থায়ন প্রতিশ্রুতি আগের তুলনায় প্রায় ৭১ শতাংশ কমেছে। গবেষণাভিত্তিক সংবাদমাধ্যম কার্বন ব্রিফের এক বিশ্লেষণে বলা হয়েছে, উন্নত দেশগুলোর নতুন বহু বছর মেয়াদি সরকারি জলবায়ু অর্থায়ন প্রতিশ্রুতির পরিমাণ বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার থেকে কমে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের প্রতিশ্রুতির প্রায় সবই ২০২৫ সালে শেষ হয়েছে এবং নতুন করে মাত্র পাঁচটি দেশ বহু বছর মেয়াদি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
এই ঘাটতির প্রেক্ষাপটে কপ-৩১ প্রেসিডেন্সি ১৪ নভেম্বর অর্থায়নের প্রতিশ্রুতিকে বাস্তব প্রকল্পে রূপ দেয়ার উদ্যোগ হিসেবে ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে। চিলি, লেবানন, মেক্সিকো ও জাম্বিয়াসহ ৯টি দেশ এতে যুক্ত হয়েছে এবং জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাথে সমঝোতার মাধ্যমে তুরস্ক এ প্ল্যাটফর্ম পরিচালনায় ৩০ লাখ মার্কিন ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকসহ (ইবিআরডি) বহুপক্ষীয় ব্যাংকগুলো অভিযোজন খাতে বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে এবং শহরগুলোর জলবায়ু সহনশীলতা বাড়াতে চালু হয়েছে ‘সার্ফ’ নামের সমন্বয় ব্যবস্থা।
অর্থায়ন ঘাটতির মধ্যে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়, সহজ শর্তে ঋণ এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার আনতালিয়ায় কপ-৩১-এর ওমান প্যাভিলিয়নে এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
এ ছাড়া প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদারে গত শনিবার সিঙ্গাপুর প্যাভিলিয়নে দেশটির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং এতে স্বাক্ষর করেন। আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে এর ভিত্তিতে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি হিমবাহের বরফ গলে যাওয়া ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায়ও আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ।