
- জুন শেষে সিআরএআর নেমেছে ঋণাত্মক ৩.৮০ শতাংশে
- খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ধারাবাহিক লোকসান, খেলাপি ঋণের বিপরীতে বিপুল অঙ্কের প্রভিশন সংরক্ষণের চাপ এবং সংরক্ষিত আয় কমে যাওয়ায় একের পর এক ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতির প্রভাবে সামগ্রিক ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিওর (সিআরএআর) আরো অবনতি হয়েছে। গত জুন শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে। যা গত মার্চ শেষে ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতের মূলধন পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, দেশের ব্যাংকগুলোকে ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ মূলধন পর্যাপ্ততা বজায় রাখতে হয়। আন্তর্জাতিক ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, ন্যূনতম মূলধন সংরক্ষণের হার ১০ শতাংশ এবং এর সাথে অতিরিক্ত ২ দশমিক ৫০ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হয়। অথচ দেশের এ পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও অত্যন্ত উদ্বেগজনক। গত জুন শেষে পাকিস্তানে ব্যাংক খাতের সিআরএআর ছিল ১৯ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কায় ১৮ দশমিক ০৭ শতাংশ ও ভারতে ১৭ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে নেমে এসেছে। ২০২৪ সালেও বাংলাদেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার ছিল ৩ দশমিক ০৮ শতাংশ। ওই বছর ভারতে এ হার ছিল ১৬ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ২০ দশমিক ৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ১৮ দশমিক ৪ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির প্রভাব এখন ব্যাংকগুলোর আর্থিক হিসাবে স্পষ্ট হয়ে উঠছে। বছরের পর বছর প্রকৃত ক্ষতির চিত্র আড়ালে থাকায় ব্যাংকগুলোর আর্থিক অবস্থার প্রকৃত দুর্বলতা সামনে আসেনি। এখন খেলাপি ঋণ ও আর্থিক অনিয়মের প্রকৃত চিত্র প্রকাশ পাওয়ায় মূলধনসহ বিভিন্ন সূচকে দ্রুত অবনতি দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, ২০২৩ সাল পর্যন্ত দেশের ব্যাংক খাত তুলনামূলকভাবে শক্ত অবস্থানে ছিল। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দীর্ঘদিন আড়ালে থাকা আর্থিক অনিয়ম, ক্ষতি ও খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। এরপর থেকেই ব্যাংক খাতের আর্থিক সূচকে দ্রুত অবনতি দেখা যায়।
এদিকে সামগ্রিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি ব্যাংকগুলোর টিয়ার-১ মূলধনের অবস্থাও দুর্বল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে টিয়ার-১ মূলধনের অনুপাত গত মার্চ শেষে ঋণাত্মক ৫ দশমিক ৬৯ শতাংশ ছিল। জুন শেষে তা আরো ০ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট কমে ঋণাত্মক ৬ দশমিক ৩৫ শতাংশে নেমেছে। মূলত ব্যাংকগুলোর সংরক্ষিত আয় কমে যাওয়ায় এ পরিস্থিতির অবনতি হয়েছে। গত জুন শেষে ব্যাংকগুলোর সংরক্ষিত আয়ের পরিমাণ ছিল ঋণাত্মক দুই লাখ ১১ হাজার ২৭ কোটি টাকা। যা গত মার্চ শেষে এ পরিমাণ ছিল ঋণাত্মক দুই লাখ এক হাজার ৪৬৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে সংরক্ষিত আয়ের নেতিবাচক অবস্থান বেড়েছে প্রায় ৯ হাজার ৫৫৮ কোটি টাকা। ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান এ পরিস্থিতির অন্যতম কারণ। সংরক্ষিত আয় কমে যাওয়ায় মূলধন ভিত্তি আরো দুর্বল হচ্ছে, যা ভবিষ্যতে নতুন ঋণ বিতরণ এবং সম্ভাব্য আর্থিক ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর সক্ষমতাকে সীমিত করতে পারে।
ব্যাংকভেদে মূলধন পরিস্থিতির চিত্রেও বড় ধরনের বৈষম্য দেখা গেছে। গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার আগের প্রান্তিকের ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। প্রচলিত ধারার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে। অর্থাৎ এসব ব্যাংকও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম মূলধন সংরক্ষণের শর্ত পূরণ করতে পারছে না।
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও চাপে রয়েছে। তবে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক বাদ দিলে বাকি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে সামান্য কমে ৭ দশমিক ৩০ শতাংশ হয়েছে। ফলে ব্যাংকগুলোর একটি বড় অংশই নির্ধারিত মূলধন সংরক্ষণের সীমার নিচে রয়েছে।
মূলধন পর্যাপ্ততা কমে যাওয়ার অন্যতম বড় কারণ খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ছিল ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ। গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোকে বিপুল অঙ্কের প্রভিশন সংরক্ষণ করতে হয়। এতে ব্যাংকের মুনাফা কমে যায় এবং লোকসান হলে সংরক্ষিত আয় ও মূলধনের ওপর সরাসরি চাপ তৈরি হয়। এভাবে খেলাপি ঋণ, লোকসান এবং মূলধন ঘাটতি একে অপরকে আরো গভীর সঙ্কটের দিকে ঠেলে দেয়।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতের এ সঙ্কট মোকাবেলায় শুধু মূলধন জোগান দিলেই হবে না; সেই সাথে ঋণ বিতরণে অনিয়ম বন্ধ, খেলাপি ঋণ আদায়, আর্থিক জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা নিরপেক্ষভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় পুনর্গঠন করতে হবে। তা না হলে মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের চাপ দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য আরো বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








