
নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রে গত ১০ নভেম্বর ‘ইলেক্ট ডেমোক্র্যাটিক উইমেন’ নামে গর্ভপাতের অধিকার সমর্থনকারী একটি গোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। তাদের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সহানুভূতি পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হেগসেথ যুক্তরাষ্ট্রের নারী জেনারেলদের বরখাস্ত করেছেন এবং সশস্ত্রবাহিনীতে নারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন; কিন্তু ওই দিন বিকেলে মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত অভিশংসন ভোটে অল্পের জন্য রক্ষা পাওয়ার বিষয়টি নিয়ে হেগসেথ হয়তো তাদের ধন্যবাদই জানাবেন! কারণ ১১ জন ডেমোক্র্যাট সদস্য সে দিন ভোট দিতে পারেননি, যা দু’পক্ষের সাত ভোটের ব্যবধানের চেয়েও বেশি।
দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণধর্মী খবরে বলা হয়েছে, অনুপস্থিত আইনপ্রণেতাদের কেউ কেউ অনুষ্ঠান থেকে ফেরার পথে যানজটে আটকা পড়েছিলেন। এই ব্যর্থতা ডেমোক্র্যাটদের জন্য একটি বড় সমস্যার ইঙ্গিত দেয়। দ্য ইকোনমিস্ট লিখেছে, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় ট্রাম্পের দল। নির্বাচনের পর বুথফেরত জরিপে ৭০ শতাংশের বেশি ভোটার জানিয়েছেন, ইরান যুদ্ধ তাদের ভোট দেয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেমোক্র্যাটরা দ্রুত জনগণের এই ক্ষোভের জবাব দিতে আগ্রহী; কিন্তু বাস্তবে যুদ্ধ বন্ধ করা তো দূরের কথা, হেগসেথকে অভিশংসন করাও একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। অভিযোগ করা হয়েছে, হেগসেথ বেআইনিভাবে ইরান যুদ্ধ শুরু করেছেন, সৈন্য প্রত্যাহারের বিষয়ে কংগ্রেসের প্রস্তাব উপেক্ষা করেছেন এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির প্রতি উদাসীন থেকেছেন। এ ছাড়া ভেনিজুয়েলা ও ইয়েমেনের ঘটনা এবং মাদক চোরাচালানে ব্যবহৃত নৌকায় হামলার মতো বিষয়গুলোও অভিযোগে অন্তর্ভুক্ত ছিল। ধারণা করা হচ্ছিল, বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে হেগসেথের বিরুদ্ধে ভোট দেবেন; কিন্তু শেষ পর্যন্ত কেবল ম্যাসিই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন।
আগামী জানুয়ারি মাসে যখন ডেমোক্র্যাটদের হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং দলের সদস্যদের ওপর তাদের নিয়ন্ত্রণ আরো সুসংহত হবে, তখন অভিশংসন ভোট সফল হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এরপর হেগসেথকে সিনেটে বিচারের মুখোমুখি হতে হবে। তবে যেখানেও তাকে অপসারণের জন্য অন্তত ১১ জন রিপাবলিকানকে নিজ দলের অবস্থানের বাইরে গিয়ে ভোট দিতে হবে। অনেক রিপাবলিকান ব্যক্তিগতভাবে হোয়াইট হাউজকে পরামর্শ দিচ্ছেন, এখনই হেগসেথকে সরিয়ে দেয়া হোক। কারণ বর্তমানে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটেই তার উত্তরসূরিকে অনুমোদন দেয়া সম্ভব। তবে ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে খুব একটা চিন্তিত মনে হচ্ছে না। গত ৮ নভেম্বর তিনি বলেছেন, ‘তার (হেগসেথ) অপরাধ দু’টি- মূলত তিনি দু’টি যুদ্ধ জয় করেছেন।’
ডেমোক্র্যাটদের হাতে আর কোন কৌশল?
অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে চলার পাশাপাশি, ডেমোক্র্যাটরা যুদ্ধ থামানোর জন্য অন্য উপায়ও খুঁজতে পারেন।
তাত্ত্বিকভাবে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ অনুযায়ী, কোনো সঙ্ঘাত শুরুর ৬০ দিন পর সামরিক কার্যক্রম চালিয়ে যেতে হলে মার্কিন প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। তবে ‘অনিবার্য সামরিক প্রয়োজনে’ এই সময়সীমা আরো ৩০ দিন বাড়ানো যেতে পারে।
উভয় দলের প্রেসিডেন্টরাই এই আইনকে অসাংবিধানিক বলে উপেক্ষা করে এসেছেন। গত জুন মাসে কংগ্রেস একটি প্রস্তাব পাস করে মার্কিন প্রেসিডেন্টকে ইরান যুদ্ধ থেকে সশস্ত্রবাহিনী প্রত্যাহার করার নির্দেশ দেয়। তবে এটি কেবল একটি সতর্কবার্তা বা ভর্ৎসনাপত্রের মতোই কার্যকর ছিল। সেপ্টেম্বরে আরেকটি প্রস্তাব আনার চেষ্টা করা হলেও তা সিনেটে পাস হয়নি। আগামী জানুয়ারি মাসে যখন ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে আদালতে মামলা করার সুযোগ পাবেন, তখন ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ কার্যকর করার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তবে যুদ্ধসংক্রান্ত বিষয়ে আদালত সাধারণত প্রেসিডেন্টের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে থাকেন। এ অবস্থায় কংগ্রেস হয়তো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে; কিন্তু হেগসেথের অভিশংসনের মতোই ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কোনো বিল পাস করতে হলে সিনেটে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন হবে, যে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের নেই। সে ক্ষেত্রে কার্যকর উপায় হতে পারে কংগ্রেসের ‘অর্থ বরাদ্দের ক্ষমতা’ ব্যবহার করা। ১১ ডিসেম্বর সরকারি কার্যক্রম বন্ধ হওয়া ঠেকাতে কংগ্রেসকে হয় পূর্ণাঙ্গ অর্থ বরাদ্দ বিল পাস করতে হবে, অথবা সম্ভবত একটি ‘কন্টিনিউয়িং রেজোলিউশন’ পাস করতে হবে, যা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমান ব্যয়ের মাত্রা আরো কয়েক মাস বজায় রাখবে। ডেমোক্র্যাটরা স্বীকার করেন যে, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার আগ পর্যন্ত যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করার কোনো সুযোগ তাদের নেই। এমনকি তখনো, এটি সহজ হবে না।
২০০৭ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর চাপ সৃষ্টি করেছিল ডেমোক্র্যাটরা। তখন প্রতিনিধি পরিষদ ও সিনেট- দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ছিল দলটির। সামরিক বাজেটের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবের সাথে সেনা প্রত্যাহারের শর্ত যুক্ত করা হয়েছিল; কিন্তু বুশ সেই বিলে ভেটো দেন। সাবেক সিনেট কর্মকর্তা চার্লস কিফারের মতে, ওই উদ্যোগ সরাসরি সফল না হলেও ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে সুবিধা দিয়েছিল। এর ফলে তারা সেনাদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পক্ষে অবস্থান নেয়ার রাজনৈতিক সুযোগ পেয়েছিলেন।
ইরানের হাতে এখনো বিপুল ক্ষেপণাস্ত্রের মজুদ
দীর্ঘ সঙ্ঘাতের পরও ইরানের হাতে দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টির সাথে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা গতকাল রোববার ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন। তার মতে, ইরানের অস্ত্রভাণ্ডারের ওপর নজরদারি করা কঠিন হলেও দেশটির কাছে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক ইসরাইলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যাহত হয়েছে।
উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সরাসরি সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনার পাশাপাশি মার্কিন বাহিনীকে রসদ ও লজিস্টিক সহায়তা দেয়া হয়েছে বলে দাবি করেছে দেশটি। এ বিষয়ে তাদের কাছে নথিভুক্ত প্রমাণ রয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশগুলোকে তা জানানো হয়েছে বলেও জানিয়েছে ইরান। একই সাথে উপসাগরীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, তাদের ভূখণ্ড বা সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হলে তার পরিণতির দায় সংশ্লিষ্ট দেশগুলোকে নিতে হবে। আলজাজিরা জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় সহায়তা করা আঞ্চলিক দেশগুলোর ভূমিকার প্রতিটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি ইরান গুরুত্বের সাথে অনুসরণ করবে। তার অভিযোগ, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মার্কিন সেনাদের বিভিন্ন ধরনের রসদ ও লজিস্টিক সহায়তাও দেয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে এসব দেশের সম্পৃক্ততা রয়েছে। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের পরিণতির দায় শুধু হামলাকারীদের নয়, তাদের সহায়তাকারী আঞ্চলিক দেশগুলোকেও নিতে হবে। প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে ইরানের পাল্টা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, জাতিসঙ্ঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার থেকেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
বাহরাইনে মার্কিন রাডারে ফের হামলা
উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করার মধ্যেই বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল রোববার দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন রাডার লক্ষ্য করে তাদের মহাকাশ বাহিনী ছয়টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে নেয়া অভিযানের দ্বিতীয় পর্যায় হিসেবে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
বাহরাইনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের ভাষ্য, এ হামলা ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








