অভিযোজন অর্থায়ন ৩ গুণ করার দাবি বাংলাদেশের

কাওসার আজম, তুরস্ক থেকে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে ২০৩৫ সালের আগেই বার্ষিক অর্থায়ন তিন গুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি)। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তে তহবিলে প্রবেশাধিকার এবং দ্রুত অর্থ ছাড়ের দাবি তুলেছে বাংলাদেশ। 
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর পঞ্চম দিনে গতকাল শুক্রবার বাংলাদেশের প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, বৈশ্বিক জলবায়ু আলোচনায় অগ্রগতি থাকলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো অমীমাংসিত। প্রথম চার দিনের আনুষ্ঠানিক আলোচনা শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে, চলমান আলোচনাকে বিশ্বাসযোগ্য সিদ্ধান্তে রূপান্তর করা এবং জলবায়ু সঙ্কটের সম্মুখসারিতে থাকা দেশ ও জনগোষ্ঠীর জন্য বাস্তব সহায়তা নিশ্চিত করা।
প্রতিনিধিদলের বক্তব্যে বলা হয়, জলবায়ু অর্থায়নই এবারের সম্মেলনে আন্তর্জাতিক আস্থার অন্যতম প্রধান পরীক্ষা। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন বাস্তবে কতটা নিশ্চিত হচ্ছে, অর্থের ধরন অনুদানভিত্তিক হচ্ছে কি না এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো সহজে সেই অর্থ পাচ্ছে কি না- এসব প্রশ্নের সমাধান জরুরি। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) ও অ্যাডাপটেশন ফান্ডে সহজতর সরাসরি প্রবেশাধিকারের দাবিও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য ৩ কোটি ডলার
সংবাদ সম্মেলনে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অর্থায়নের খবরও তুলে ধরা হয়। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, বাংলাদেশসহ প্রথম পাঁচটি দেশ প্রত্যেকে ৩০ মিলিয়ন বা তিন কোটি মার্কিন ডলার করে পাবে। এ অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ু-সহনশীল কৃষির প্রসারে ব্যয় করা হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। কৃষি উৎপাদন, বসতি, অবকাঠামো ও মানুষের জীবিকা এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে উপকূলীয় অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ুসহিষ্ণু কৃষিতে বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ।
নিঃসরণে দায় কম, তবু উচ্চাভিলাষী বাংলাদেশ
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, এই বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু কার্যক্রমে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে।
জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিজনেস-অ্যাজ-ইউজুয়াল (বিএইউ) পরিস্থিতির তুলনায় শর্তহীনভাবে ৬.৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে শর্তসাপেক্ষে অতিরিক্ত ১৩.৯২ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ।
এ লক্ষ্য বাস্তবায়নে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অভিযোজন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে বলে জানায় প্রতিনিধিদল। তবে জাতীয় পর্যায়ে এসব উদ্যোগের সাফল্যের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।
ক্ষয়ক্ষতির অর্থায়নে দ্রুত সহায়তা চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থায়নের বিষয়টি বাংলাদেশের বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রতিনিধিদলের মতে, ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়; এটি বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর বর্তমান বাস্তবতা।
এলডিসিভুক্ত দেশগুলো ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে (এফআরএলডি) জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় অর্থের অপর্যাপ্ততার বিষয়টি তুলে ধরেছে। বাংলাদেশ অর্থনৈতিক ও অনর্থনৈতিক উভয় ধরনের ক্ষতি মোকাবেলায় তহবিলের আকার বাড়ানো, অনুদানভিত্তিক অর্থায়ন, সহজতর সরাসরি প্রবেশাধিকার এবং দ্রুত অর্থ ছাড়ের দাবি জানিয়েছে।
এ ক্ষেত্রে ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং সান্তিয়াগো নেটওয়ার্কের সহায়তায় আরো শক্তিশালী ও দ্রুত সাড়াদানকারী ক্ষয়ক্ষতি তহবিল গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।
১.৫ ডিগ্রি লক্ষ্যমাত্রায় নিঃসরণ কমানোর তাগিদ
বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে নিঃসরণ হ্রাসের কার্যক্রম আরো জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের পরও মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক সমর্থন থাকলেও এর মেয়াদ ও কাঠামো নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত এ কর্মসূচি চালু রাখার পক্ষে। এ ক্ষেত্রে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তার মাধ্যমে খাতভিত্তিক বাস্তবসম্মত সমাধান গ্রহণের ওপর জোর দিয়েছে দেশটি। প্রথম গ্লোবাল স্টকটেকের ফলাফলকে এনডিসি বাস্তবায়নের দিকনির্দেশনা হিসেবে ব্যবহারেরও পক্ষে বাংলাদেশ। তবে এনডিসির জাতীয়ভাবে নির্ধারিত বৈশিষ্ট্য এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব দায়িত্ব ও ম্যান্ডেট অক্ষুণœ  রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ন্যায্য জ্বালানি রূপান্তরে কৃষক-শ্রমিকের সুরক্ষা
জ্বালানি ও অর্থনীতির পরিবেশবান্ধব রূপান্তর যেন শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবিকা বিপন্ন না করে, সে বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম অব্যাহত রাখা এবং প্রস্তাবিত জাস্ট ট্রানজিশন মেকানিজম শক্তিশালী করার পক্ষে সমর্থন জানিয়েছে দেশটি।
বাংলাদেশের মতে, এ রূপান্তর হতে হবে দেশ পরিচালিত, চাহিদাভিত্তিক এবং বাস্তবায়নমুখী। শ্রমিক, কৃষক, নারী, যুবসমাজ, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতা ও কার্বন বাজার ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে অনুচ্ছেদ ৬.২-এর অবকাঠামো, কারিগরি পর্যালোচনা, অর্থায়ন ও ফি-ব্যবস্থার ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা উচিত নয়, যা এলডিসি ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
সিবিএএম নিয়ে বাংলাদেশের উদ্বেগ
জলবায়ু নীতির নামে একতরফা বাণিজ্যিক পদক্ষেপের বিরুদ্ধেও অবস্থান জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম)-এর মতো ব্যবস্থার কারণে উন্নয়নশীল দেশের শিল্প, শ্রমিক ও রফতানি খাত অসমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের বক্তব্য, জলবায়ু নীতি হতে হবে ন্যায্য, সহযোগিতামূলক এবং জাতিসঙ্ঘ জলবায়ু সনদ ও প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। এ ক্ষেত্রে অভিন্ন কিন্তু পৃথকীকৃত দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা (সিবিডিআর-আরসি) নীতির যথাযথ প্রতিফলন থাকতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে বাড়তি সহযোগিতা প্রয়োজন
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিজ্ঞান, প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পর্যবেক্ষণ ও পরিবীক্ষণের ঘাটতি পূরণে উন্নত জল-আবহাওয়া সেবা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং নির্ভরযোগ্য জলবায়ু তথ্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত সম্পদ এবং বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান কার্যকর করার দাবি জানানো হয়েছে। জলবায়ু কার্যক্রমে নারী, যুবসমাজ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ ও প্রয়োজনকে গুরুত্ব দেয়ার কথাও বলা হয়েছে।
কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে এলডিসি গ্রুপ, জি৭৭ ও চীন এবং অন্যান্য অংশীদার দেশের সাথে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্তের জন্য কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

Advertisement