প্রথম বাকপ্রতিবন্ধী হকি খেলোয়াড় শারমিন
প্রথম বাকপ্রতিবন্ধী হকি খেলোয়াড় শারমিন।

রফিকুল হায়দার ফরহাদ
ক্যাম্পে ২৩ খেলোয়াড়ের সাথে পর্যায়ক্রমে পরিচয় জানছিলাম। এরপর যখন ২০তম খেলোয়াড়টির কাছে গেলাম, তখন তার নাম জানতে চাইলেই মুখ ভরা হাসি দিয়ে এরপর মাথা নিচু করে ফেললেন। কোনো উত্তর আর দিলেন না। পাশ থেকে নারী কোচ সুমি আক্তার জানালেন, ‘ওর নাম শারমিন। যশোরের মেয়ে। কথা বলতে পারে না। বাকপ্রতিবন্ধী।’ এবার ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং হকি ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী যে নারী হকি খেলোয়াড়দের ট্রেনিং দেয়া হচ্ছে সেখান থেকে বাছাই করে ২৩ গোলরক্ষককে ঢাকায় আনা হয়েছিল উন্নত ট্রেনিং দেয়ার জন্য। তখনই পাওয়া গেল যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা  হাইস্কুলের মেয়ে এই শারমিনকে। অষ্টম শ্রেণীর এই মেয়েকে শুধু শারীরিক সীমাবদ্ধতার জন্যই নয়, পোস্টের নিচে তার পারফরম্যান্সও অন্যদের চেয়ে আলাদা করছিল।
বাংলাদেশের হকির উর্বর একটি জেলা এই যশোর। এখান থেকে তারিকুজ্জামান নান্নু, আশিকুজ্জামান, কাওসার আলী, শফিকুল ইসলাম লিটু, সিয়াম এ নূর, তাবিব এ নূর, আসিফ এ নূরের মতো খেলোয়াড়রা জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। এই জেলা থেকে নারী হকি খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয় ২০১৬ সালে। সেই ধারাক্রমেই কেশবপুরের গড়ভাঙ্গা স্কুলে পাওয়া যায় এই শারমিনকে।
কথা বলতে পারেন না। বলার চেষ্টা করেন। দুই একটা শব্দ অস্পষ্টভাবে বুঝা যায়। কিন্তু খেলার ব্যাপারে তার যেমন প্রবল আগ্রহ, তেমনি টেকনিকগুলোও রপ্ত করতে পারছেন খুবই দক্ষাতার সাথে। এই বিষয়গুলোই মুগ্ধ করেছে নারী দলের হকি কোচদের। জাতীয় দলের গোলরক্ষক এবং বর্তমানে নারী হকি দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা সুমী আক্তার জানান, শারমিন কথা বলতে পারে না। তবে গোলরক্ষকদের যেসব টেকনিকগুলো শেখানো হয় সবই সে খুব দ্রুত রপ্ত করতে পারে এবং মাঠের তা করে দেখায় দক্ষতার সাথে।
২০২৪ সালের শেষ দিক। ক্রীড়া পরিদফতরের উদ্যোগে নারী হকি খেলোয়াড় খুঁজে বের করার জন্য যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা স্কুলে যান জাতীয় হকি দলের সাবেক ডিফেন্ডার হাসান রনি। এই গড়ভাঙ্গা স্কুলের মেয়েরা বিভিন্ন ডিসিপ্লিনের খেলায় অংশ নিতো। তখন  খেলোয়াড় বাছাই শেষে যখন গোলরক্ষক খুঁজতে থাকেন রনি তখনইও শারমিন হাত তোলে। রনি জানান, ‘আমি বিস্মিতই হলাম শারমিনের গোলরক্ষক পজিশনে খেলার আগ্রহ দেখে। সে কথা বলতে পারে না; কিন্তু খেলবে পোস্টের নিচে। দেখলাম সে অন্যদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলছে। পরে আমিও অন্যদের সহায়তা নিয়ে তার সাথে কথা বললাম। শেখাতে  থাকলাম গোলরক্ষক পজিশনের বিভিন্ন কৌশলগুলো সম্পর্কে।’ ঢাকা লিগে খেলার সময় দাঁতে বলের প্রচণ্ড আঘাত পাওয়া সেন্ট্রাল ডিফেন্ডার রনি আরো যোগ করেন, ‘আমি আরো আশ্চর্য হলাম শারমিনের দ্রুত যেকোনো কৌশল রপ্ত করার ক্ষমতা দেখে। সাধারণত যেকোনো বাকপ্রতিবন্ধীদের কোনো কিছু বুঝতেই সময় লেগে যায় অনেকক্ষণ। অথচ শারমিন হকির প্রতিটি অ্যাকটিভিটিসই প্রথমবারেই বুঝতে পারছে।
 আগে ফুটবল খেলতেন শারমিন। তা গোলরক্ষক পজিশনসহ অন্য পজিশনেও। হাতের ইশারা দিয়ে নিজ মুখে বলার চেষ্টা করলেন, আমি ফুটবল খেলে অনেক ট্রফি জিতেছি।’  তার মুখ থেকে টপি ( ট্রফি) শব্দ ছাড়া আর কিছু বুঝা গেল না। বাকিটা বুঝিয়ে দিলেন ক্যাম্পের সহকারী কোচ সুমী আক্তার। এরপর শারমিন আরেক খেলোয়াড়ের গায়ে বাংলাদেশের পাতাকাওয়ালা জার্সিতে লাল-সবুজ পাতাকায় ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি বাংলাদেশ দলে খেলতে চাই।’
শারমিনরা তিন বোন। শারমিনের মা রোজিনা বেগম জানান, ‘সাড়ে তিন বছর বয়সে আমার এই মেয়ে টাইফয়েডে আক্রান্ত হয়। এরপর থেকে সে কথা বলার শক্তি হারিয়েছে। প্রথমে আমরা বুঝতে পারিনি। পরে অনেক টাকা পয়সা খরচ করেছি তার চিকিৎসায়। কিন্তু বাকশক্তি আর ফিরে পায়নি শারমিন। ডাক্তাররা বলেছেন, টাইফয়েড হলে শরীরের একটি অঙ্গ নাকি অবশ হয়ে যায়। হয়তো ওই টাইফয়েডের কারনেই আজ সে কথা বলতে পারে না।’ তিনি অবশ্য তথ্য দেন, ‘শারমিনের বাবা মনিরুজ্জামানেরও কথা বলতে সমস্যা হয়। কথা মুখে লেগে যায়। মনে হয় বাবা থেকেই এই সমস্যা বয়ে বেড়াচ্ছে শারমিন।’ আরো বলেন, ‘ আমার এই মেয়ের খেলার প্রতি এত আগ্রহ যে খাওয়া-দাওয়া রেখেই খেলতে চলে যায়। আমি কত বকাঝকা করেছি এ জন্য।’
হকি স্টেডিয়ামে অনুশীলনের সময় শারমিনের যে স্কিল দেখা গেছে, তাতে আগামীতে মূল নারী জাতীয় হকি দলেও জায়গা করে নিতে পারে সে। কোচ সুমি আক্তারেরও তেমন আশাবাদ। জানান, ‘সঠিক পরিচর্যা পেলে শারমিন জাতীয় দলে খেলতে পারবে।’ হকি ফেডারেশনের মহিলা উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু আরেকটু এগিয়ে বললেন, ‘স্পেশাল অলিম্পিকে নারী হকি অন্তর্ভুক্ত। যেখানে প্রতিবন্ধীরা খেলার সুযোগ পায়। আমরা এই প্রথম নারী দলে প্রতিবন্ধী খেলোয়াড় পেলাম। ফলে শারমিনের অন্তর্ভুক্তির মাধ্যমে আগামীতে এদের নিয়েও জাতীয় দল গঠনের চিন্তাভাবনা করার সুযোগ আছে। ভবিষ্যতে আমরা যদি প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় দল গঠন করি তখন এই শারমিন হবে আমাদের অনুপ্রেরণা।’

Advertisement