‘ফাইনাল’ জিতে কি হবে অপেক্ষার অবসান

ক্রীড়া প্রতিবেদক
 ১৯৯৯ থেকে ২০০৯। ওই সময়ে সাফ ফুটবল মানেই ছিল ফেবারিটের তালিকায় বাংলাদেশ। ১৯৯৯ সালে ফাইনালিস্ট বাংলাদেশ ২০০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। আর সর্বশেষ ফাইনালে খেলা ২০০৫ সালে। তা পাকিস্তানকে করাচীর মাঠে তাদেরকে ১-০ গোলে হারিয়ে। ২০০৯ সালে সর্বশেষ দেশের মাটিতে এই টুর্নামেন্টের শেষ চারে খেলেছিল। এরপর আর সাফের ফাইনালে উঠা হয়নি বাংলাদেশের। ২১ বছর পর ফের দক্ষিণপূর্ব এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ফাইনালে উঠার সামনে হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও মেহেদী হাসান শ্রাবণরা। বাধা সেই পাকিস্তান। রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে এবারের টেকনো সাফের দ্বিতীয় এই নক আউট ম্যাচ। এবার কি টমাস ডুলির হাত ধরে প্রায় দুই যুগের প্রতীক্ষার অবসান হবে।  বাংলাদেশ কি পারবে সাফে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে। এর আগে বিকাল সাড়ে ৩টায় প্রথম সেমিতে খেলবে নয়বারের সাফ জয়ী ভারত ও দ্বিতীয়বারের মতো সেমিতে উঠা ভুটান। গতকাল ভারতের মূল দল নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে হেরেছে। উল্লেখ্য ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে ১৮২ তে। পাকিস্তানের অবস্থান ১৯৭।
পাকিস্তানের সাথে বাংলাদেশের ফুটবলে এ পর্যন্ত সাক্ষাত হয়েছে ১৮ বার। এতে ১৯৭১ সালে স্বাধীনতা পাওয়া দলটিরই জয়ের পাল্লা ভারী। বাংলাদেশ আটবার হারিয়েছে তাদের। বিপরীতে পাকিস্তানের জয় পাঁচবার। বাকি পাঁচ ম্যাচ ড্র। সাফ ফুটবলে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালে এই জাতীয় স্টেডিয়ামেই। সেবার গ্রুপ পর্বে জেমি ডে বাহিনী ১-০ তে হারিয়েছিল তপু বর্মনের গোল। দুই দলের জয় পরাজয়ের পরিসংখ্যান ও শ্রীলংকার বিপক্ষে শমিত শোম-জায়ান আহমেদদের ৪-০ গোলের জয় সবই এগিয়ে রাখছে সাফের একবারের চ্যাম্পিয়নদের। ফলে আজ তারা জিতবে পাকিস্তানের বিপক্ষে এমন আত্মবিশ^াস ফুটবলারসহ অন্য ফুটবল ভক্তদেরও মধ্যেও। 
অবশ্য পাকিস্তানকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। হামজা-ফারহানদের মতোই পাকিস্তানের পাঁচ প্রবাসী ফুটবলার পরে এসেছেন। তারা আজ খেলবেন। এতে দলটি আরো শক্তিশালী হয়েছে। পাকিস্তান দল প্রথম ম্যাচে ভারতের কাছে প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে পড়লেও পরে ইনজুরি টাইমে ২ গোল পরিশোধ করে। আর মালদ্বীপকেতো ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে ফেলে।
টানা দুই জয় নিয়ে এবারের সাফের স্বাগতিকরা এখন সেমিতে। এতে ২০২৩ সালের পর টানা দুই সাফের শেষ চারে খেলছে তারা। মাঝে ফাইনালের মতো সেমিতে খেলাও ভুলে গিয়েছিল বাংলাদেশ। ২০০৮, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে তাদের বাদ পড়তে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই।
বাংলাদেশ দল এতোদিন গোল স্কোরারের সমস্যায় ভুগছিল। তবে হাজমার নেতৃত্বে ও ফারহান আলী ওয়াহিদের উপস্থিতিতে লঙ্কানদের হালি গোল দিয়েছে। প্রবাসী-দেশী সবাই গোল পেয়েছেন সেই ম্যাচে। এতে ফরোয়ার্ড লাইনের উপর কোচ টমাস ডুলির আস্থাহীনতা অনেকটাই কমে গেছে। আজও তারা গোল ও জয়ের ধারায় থাকবে এটাই সবার প্রত্যাশা। 
তবে আজকের এই ম্যাচটি যে এবারের সাফের অন্যতম সেরা ম্যাচ হবে এতে কোনো সন্দেহ নেই।  বাংলাদেশ দলের কোচ ডুলির মুখেও সে কথা। ‘অবশ্যই এ ম্যাচে পাকিস্তানকে হারানো সহজ হবে না। তারাও আমাদের সহজে হারাতে পারবে না। তাদেরকে হালকা ভাবে নেয়ার কোনো সুযোগই নেই। জিততে হলে শতভাগই দিতে হবে। আমাদের লক্ষ্য শিরোপা জেতা। তাই শুধু পাকিস্তানম কেন সব দলকেই হারাতে চাই।’ পাকিস্তান দলে নতুন ৫ প্রবাসী ফুটবলার যোগ হয়েছে। যা দলটির শক্তি বাড়িয়ে দিয়েছে। সেটা উল্লেখ করে ডুলি বলেন, ‘পাকিস্তান দলে যারা যোগ হয়েছেন তারা ভালো মানের খেলোয়াড়। ইউরোপের টপ লেভেলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। আসিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে অসাধারন খেলেছে। তবে আমরা কিন্তু দুই ম্যাচে কোনো গোল হজম করিনি। আমাদের শক্তিশালী রক্ষণভাগ আছে। মনে রাখতে হবে পাকিস্তান কিন্তু ইন্দোনেশিয়া নয়। এই জোনেরই দল পাকিস্তান। তাদের সাথে চোখে চোখ রেখেই খেলবো আমরা।’
কোচের মতে, আমাদের কাছে এই ম্যাচ ফাইনালের সমতূল্য। আমরা আমাদের সমর্থকদের জন্য দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে চাই। তবে খারাপ লেগেছে দেশের মাঠে গত দুই ম্যাচে গ্যালারীর কিছু অংশ ফাঁকা থাকায়। এরপরও আমরা গত ম্যাচে যেভাবে শ্রীলংকার বিপক্ষে খেলেছি সে ধারাই ধরে রাখতে চাই পাকিস্তানের বিপক্ষেও।’
 আগের ম্যাচ গুলোতে যেখানে এক গোলে জিততেই বহু কষ্ট হয়েছিল সেখানে লঙ্কানদের ৪ গোলে উড়িয়ে দেয়া। ম্যাচে ফরোয়ার্ডরা সবাই গোল পেয়েছেন। কোচ জানান, অবশ্যই বিষয়টি স্বস্তির। আমরা চার গোল দিয়েছি। হামজা, শমিত, ফারহান, রাকিবরা গোল পেয়েছেন। ফারহানতো অসাধারণ খেলেছে। দূর্দান্ত গোলও করেছে। তার শারীরিক উচ্চতার বিপরীতে পাকিস্তানীরা দীর্ঘ দেহী। এতে তার পেনাল্টি আদায়েরও চান্স আছে।
ইনজুরির জন্য সাদউদ্দিনকে মিস করা নিয়ে কোচ বলেন, এটা বড় ক্ষতি। সে ডিফেন্স ও আক্রমনভাগে সমান কার্যকরী। এখন তার জায়গায় কাকে খেলাবো তা ম্যাচের আগে সিদ্ধান্ত। অন্য দিকে ইনজুরি কাটিয়ে তপু, সিনিয়র সোহেল রানা ও বিশ^নাথ খেলতে উদগ্রীব।’
বাংলাদেশ পাকিস্তান হেড টু হেড
মোট ম্যাচ : ১৮টি
বাংলাদেশের জয় : ৮টিতে, পাকিস্তানের জয়: ৫টিতে। ড্র : অপর ৫ ম্যাচ।
ফিফা র‌্যাংকিং 
বাংলাদেশ ১৮২, পাকিস্তান ১৯৭

Advertisement