আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি কনটেইনার ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। 

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।’

তিনি জানান, বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী একটি জেলায় যাচ্ছিল। এ সংঘর্ষে ট্রাকের চালকও আহত হয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, এ দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। সহায়তা কার্যক্রম তদারকি করতে তিনি একজন জ্যেষ্ঠ মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে জানান।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘আমাদের এখন প্রধান অগ্রাধিকার হলো, কোনো বিলম্ব ছাড়াই আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা।’ 

সূত্র : রয়টার্স