
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রাস্তায় ককটেল নিয়ে ঝটিকা মিছিল বের করে অস্থিতিশীল পরিবেশ তৈরির ছক ব্যর্থ করে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। ঢাকার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ককটেলসহ নিষিদ্ধ ও রাজনৈতিক সংগঠনের ১৫ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষপর্যায়ের নেতাসহ অন্তত ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সাথে নগরবাসীর নিরাপত্তায় বিশেষ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী ও কাওরানবাজার এলাকা থেকে ধাওয়া করে গ্রেফতার করা হয়েছে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকেও।
গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে রাজধানীজুড়ে কড়া নজরদারি ও ঝটিকা অভিযান জোরদার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম এবং মিরপুর মডেল থানা এলাকায় ঝটিকা মিছিল বের করার গোপন প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে সংগঠিত হওয়ার খবর পেয়েই তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। অভিযানকালে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং ককটেল ও বিস্ফোরকসদৃশ সরঞ্জামসহ ১৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা হঠাৎ রাস্তায় নেমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অরাজকতা সৃষ্টি করে পালিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিএমপি আরো জানায়, উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো: মিরাজ উদ্দিন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, তিনি উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি সহিংসতার মামলার এজাহারনামীয় আসামি। তুরাগ থানা পুলিশ দিয়াবাড়ী বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, রাজধানীর উত্তরা পশ্চিম থানা এবং ডেমরা থানায় বিভিন্ন অপরাধের তিনটি মামলা রয়েছে।
অন্য দিকে লালবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল ওরফে অনিরকে (৩২) গ্রেফতার করেছে। তাকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ক্যান্টনমেন্ট থানা পুলিশ কুর্মিটোলা হাসপাতালের সামনে বিশেষ অভিযান চালিয়ে ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী হৃদয় আহমেদ ওরফে কালাকে (১৯) গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদান আইনে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় হাতেনাতে মো: শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) ও মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও কাওরানবাজার রেললাইন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মো: ইয়াসিন (১৯) ও মো: সাগর (১৯) নামের দু’জনকে গ্রেফতার করে এসআরইউ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








