
ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে শেষ পর্যন্ত জয়-পরাজয় ছাড়াই শেষ হলো পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। পাঁচ দিনের লড়াই শেষে ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। পঞ্চম দিনে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল শ্রীলঙ্কা। তবে সৌদ শাকিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে হার এড়ায় পাকিস্তান। যদিও আরেকটি সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে হয়েছে এই বাঁ হাতি ব্যাটারকে। প্রথম ইনিংসে ৯৩ রানে আউটের পর দ্বিতীয় ইনিংসে ৯৭ রানে শাকিলের বিদায়ের পর দুই দল ড্র মেনে নেয়।
ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। সৌদ শাকিলের ৯৩ রানের পাশাপাশি তাইয়্যেব আরিফ ৫৭ ও ৫২ রান ছিল আরাফাত মিনহাসের। জবাবে ধনঞ্জয়া ডি সিলভা ১৬৭ এবং অধিনায়ক কুশল মেন্ডিস ১১৯ রানের অসাধারণ ইনিংসের সুবাদে ৪৪৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার এই সংগ্রহের পেছনে বড় বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানের অভিষিক্ত পেসার সাকিব খান। দুর্দান্ত বোলিংয়ে ১৩০ রান দিয়ে সাত উইকেট শিকার করেন তিনি। অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তার বোলিংয়েই বড় সংগ্রহের পরও শ্রীলঙ্কার লিড খুব বেশি বাড়েনি। প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে এক উইকেটে ৫৭ রান করেছিল পাকিস্তান। কিন্তু পঞ্চম দিনের সকালে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। আজান আওয়াইস (২২) ও মোহাম্মদ তাহা (২৪) ফিরে যাওয়ার পর বাবর আজমও বড় ইনিংস খেলতে পারেননি। ৩৪ রান করে আউট হন পাকিস্তান অধিনায়ক। সালমান আলী আগা করেন ১৩ রান। একপর্যায়ে ১২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন শাকিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








