
ক্রীড়া প্রতিবেদক
এক হামজা চৌধুরীর উপস্থিতি পাল্টে দিয়েছে বাংলাদেশের ফুটবলকে। তার আগমনে দেশের ফুটবলে যেমন নবজাগরণ শুরু হয়েছে তেমনি এবারের সাফে তার গোল এবং অ্যাসিস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়। সুতরাং বাংলাদেশ দল ও হামজা চৌধুরীকে নিয়ে টেনশন থাকার কথা পাকিস্তান দলের। তবে ভিন্ন সুর পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ভাটের; বরং তিনি বাংলাদেশের জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন। গতকাল দলের অনুশীলনের আগে জামালকে নিজের ভালো বন্ধু উল্লেখ করে ইউসুফ জানিয়েছেন, ব্যক্তির চেয়ে দলীয় পারফরম্যান্সই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের দলে যেমন হামজা আছে তেমনি পাকিস্তানেরও বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছে। জানান ইউসুফ। তার মতে, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমাদেরও আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমন, আদিল নবী ও আবদুল আরশাদের মতো খেলোয়াড় আছে। তারা অসাধারণ খেলোয়াড়। তাই আমি নিশ্চয়তা দিতে পারি, আমাদের দলেও অসাধারণ খেলোয়াড় আছে।’ আরো বলেন, ‘আমাদের আরো পাঁচজন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে সবকিছুই দলকে ঘিরে, কোনো একজন ব্যক্তিকে নিয়ে নয়। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করি, সেটিই যথেষ্ট হবে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ইউসুফ। তবে স্বাগতিক দর্শকদের চাপের বিষয়টিও মাথায় রাখছেন তিনি। ২০১৮ সালের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচগুলো সবসময়ই ভালো হয়। ২০১৮ সালে একটি আত্মঘাতী গোলে বাংলাদেশ খুব ভাগ্যবান ছিল। তবে ফুটবলে এমন হতেই পারে।’
আজ থেকে সাফের ম্যাচে থাকবে ভিএআর। এতে স্বস্তি প্রকাশ করেছেন ইউসুফ। তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শকদের কাছ থেকে ভালো চাপ থাকবে, সেটি আমরা জানি। তবে ব্যক্তিগতভাবে আমি খুশি যে, এবার ভিএআর থাকবে। এটি আমাদের জন্য বড় সহায়তা হবে বলে মনে করি।’
সাফ চ্যাম্পিয়নশিপকে পাকিস্তানের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর হিসেবে দেখছেন ইউসুফ। জানান, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি। আমাদের কাছে এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আগামী বছর ইনশাআল্লাহ বিশ্বকাপ বাছাইপর্বও আছে। তবে সাফ জেতা আমার এবং আমাদের দলের অন্যতম বড় লক্ষ্য। আশা করি, এবার আমরা ইতিহাস গড়তে পারব এবং শেষ পর্যন্ত শিরোপা জিততে পারব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








