পরীক্ষার টেবিলে বৈষম্যের শিকার ৪৬ লাখ প্রতিবন্ধী

নিজস্ব প্রতিদেক
দেশে বর্তমানে প্রায় ৪৬ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি মেধা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষার টেবিলে এসে প্রতিনিয়ত বৈষম্য, চরম অবকাঠামোগত অব্যবস্থাপনা এবং আমলাতান্ত্রিক জটিলতার শিকার হতে হচ্ছে এই বিপুল জনগোষ্ঠীকে। ফলে উচ্চতর ডিগ্রি অর্জন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় কিংবা সরকারি-বেসরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় দৃষ্টি, শারীরিক ও অন্যান্য প্রতিবন্ধকতায় আক্রান্ত প্রার্থীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিসএবলেড ওয়েলফেয়ার সোসাইটি’ আয়োজিত ‘পরীক্ষার ক্ষেত্রে বাধা দূরীকরণ : প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অভিন্ন পরীক্ষা পদ্ধতি বিষয়ক পরামর্শ’ শীর্ষক এক সেমিনারে দেশের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের নানামুখী সঙ্কট তুলে ধরা হয়। 
সেমিনারে বলা হয়, কেবল শ্রুতিলেখক জোগাড় করতেই একজন পরীক্ষার্থীকে যে পরিমাণ মানসিক ও দাফতরিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়, তা তার সাধারণ পরীক্ষার প্রস্তুতিকে দারুণভাবে বিঘিœত করে। দৃষ্টি প্রতিবন্ধী প্রদেয় পরীক্ষাগুলোতে ব্রেইল পদ্ধতিতে প্রশ্নপত্র না থাকা অন্যতম প্রধান সমস্যা। এছাড়া আংশিক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বড় অক্ষরের প্রশ্নপত্রের অভাব রয়েছে। এমনকি অপটিক্যাল মার্ক রিকগনিশনশট পূরণের ক্ষেত্রেও বিশেষ কোনো ছাড় বা বিকল্প ব্যবস্থা রাখা হয় না। যারা নিজের হাতে লিখতে পারেন না, তাদের শ্রুতিলেখক নিয়োগের অনুমতি পেতে শিক্ষা বোর্ড কিংবা পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে বারবার ধর্না দিতে হয়। এতে পরীক্ষার্থীর অর্জিত মেধার সঠিক প্রতিফলন ঘটে না।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ‘পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতিলেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা ২০২৫’ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত ‘শ্রুতিলেখক নীতিমালা ২০২৩’ কার্যকর থাকলেও এতে নানা অসামঞ্জস্য রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বার কাউন্সিল এবং সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে শ্রুতিলেখকের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সুনির্দিষ্ট ও অভিন্ন রূপরেখা বাস্তবায়নের দাবি উঠে এসেছে।
সেমিনারের নীতিমালায় শ্রুতিলেখক নিয়োগের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে জানানো হয় যে, পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন পূর্বে শ্রুতিলেখক চূড়ান্ত করে পরীক্ষার্থীর সাথে দেখা করার আনুষ্ঠানিক সুযোগ দিতে হবে, যেন পরীক্ষার দিন কোনো অপরিচিত ব্যক্তির সাথে সমন্বয়জনিত মানসিক চাপ তৈরি না হয়। শ্রুতিলেখকের সম্মানী ভাতা প্রতি ঘণ্টার জন্য ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ পরীক্ষা শেষেই নগদ বা ইলেকট্রনিক মাধ্যমে পরিশোধ করবে। এটি পরীক্ষার্থীর ওপর বাড়তি আর্থিক বোঝা হিসেবে চাপানো যাবে না।
বিশেষ অনুমোদন সাপেক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা ইন্টারনেট সংযোগবিহীন কাস্টমাইজড কি-বোর্ড, হেডফোনসহ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা দেয়ার ক্ষেত্রে স্টাইলাস, ব্রেইল টাইপরাইটার, অ্যাবাকাস ও ব্রেইল পেপার পরীক্ষা কর্তৃপক্ষ সরবরাহ করবে। এতে ব্যর্থ হলে কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র পড়ে শোনাবেন।

Advertisement