
বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় একক কোনো দেশের প্রচেষ্টায় ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের যথাযথ সুরক্ষা।’
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে এই উদ্যোগ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
বৈঠকটি আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার নেতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘সরকারের ‘থ্রি-আর’ কৌশলের মাধ্যমে বর্জ্য কমানো (রিডিউস), পুনর্ব্যবহার (রিইউজ) এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইকেল) উৎসাহিত করা হচ্ছে। এছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণব্যবস্থা জোরদারের উদ্যোগ রয়েছে।’
তিনি জানান, ‘বাংলাদেশের ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি ৩.০)-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা। এসব উদ্যোগের মাধ্যমে বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মত উপায়ে অপসারণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় একটি বড় প্রকল্পের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘রাজধানীতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বৃহৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এতে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং একইসাথে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রমও অব্যাহত রয়েছে।’
প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের ফার্স্ট স্পাউস বলেন, ‘প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প রয়েছে বাংলাদেশের কাছে, সেটি হলো সোনালি আঁশ পাট। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে বাংলাদেশ।’
এ সময় তিনি সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য উপস্থিত স্পাউস ও অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান।
মিথেন নির্গমন কমানোর বিষয়ে তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষপদ্ধতি উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।’
বর্জ্য ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘তরুণ প্রজন্মকে এ আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হওয়া উচিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমানের সমস্যার সমাধানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেয়া উচিত নয়। বরং বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে। এজন্য দূষণকে সমাধানে এবং বিভিন্ন প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করার ওপর জোর দেন তিনি।’
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বৈশ্বিক সহযোগিতা আরো সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








