বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
। সংগৃহীত
  •  তৃতীয় দফায় ব্যয় বৃদ্ধির প্রস্তাব, মেয়াদও বাড়ছে দু’বছর
  •  সাড়ে ৬ হাজার কোটি থেকে ব্যয় সাড়ে ১০ হাজার কোটি টাকা
  •  দুই বছরের প্রকল্প এখন ৯ বছরে উন্নীত


বাংলাদেশের উন্নয়ন প্রকল্প চলে কচ্ছপের গতিতে। অনুমোদনের নির্ধারিত মেয়াদে ও খরচে প্রকল্প শেষ হয় না। দুই বছরে যে প্রকল্পটি শেষ হবার কথা ছিল ছয় বছর দুই মাসে সেটির কাজ হয়েছে ৯৩ শতাংশের বেশি। অথচ সাত শতাংশ কাজ শেষ করতে এবার আরো দুই বছর সময় চাওয়া হচ্ছে। শুধু সময় নয়, প্রকল্পের ব্যয়ও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রায় ৩ হাজার ৯৫১ কোটি টাকা। তাতে ৬ হাজার ৫২৬ কোটি টাকার প্রকল্পের ব্যয় গিয়ে দাঁড়াবে ১০ হাজার ৪৭৮ কোটি টাকায়। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩’ নামে নেয়া একটি প্রকল্পে এমন ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নতুন করে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশনে।

Advertisement

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ  টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ। প্রকল্পটির তৃতীয় সংশোধনী প্রস্তাবের ওপর গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত ও পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ অনুসারে, প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

৬৪ জেলার গ্রামীণ যোগাযোগ উন্নয়নের লক্ষ্য
প্রকল্পটির মূল লক্ষ্য দেশের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন। এর মাধ্যমে কৃষিজ ও অকৃষিজ পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাতকরণ সহজ করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া পল্লী অঞ্চলের মানুষের মাথাপিছু আয় বাড়ানো, প্রত্যন্ত এলাকার সাথে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ সহজ করা এবং গ্রামীণ এলাকায় আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যও রয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে। একইসাথে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে উপজেলা সড়ক উন্নয়ন, ইউনিয়ন সড়ক নির্মাণ ও উন্নয়ন, সড়ক অবকাঠামো নির্মাণ, গ্রাম সড়ক উন্নয়ন এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও হাটবাজার উন্নয়ন।

অর্থাৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিস্তীর্ণ গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসার কথা। কিন্তু সেই উন্নয়ন নিশ্চিত করতে ব্যয় ও সময়ের যে পরিমাণ পরিবর্তন হচ্ছে, তা প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

এক প্রকল্পে তিন দফা সংশোধন
প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনা কমিশনের তথ্য থেকে জানা গেছে, প্রকল্পটির ব্যয়ের ইতিহাসেও রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। মূল অনুমোদিত ব্যয় ছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। প্রথম সংশোধনীতে তা বাড়িয়ে করা হয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতেও ব্যয় অপরিবর্তিত রাখা হয়। এবার তৃতীয় সংশোধনীতে সেই ব্যয় বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত ব্যয় বাড়ছে প্রায় ৪ হাজার ১ কোটি ২৮ লাখ টাকা।

শুধু ব্যয় নয়, বারবার পিছিয়েছে প্রকল্পের সমাপ্তির সময়ও। মূল পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি ২০২২ সালের জুনে দুই বছরে শেষ হওয়ার কথা ছিল। প্রথম সংশোধনীতে সময় বাড়িয়ে করা হয় ২০২৬ সালের জুন পর্যন্ত ছয় বছর করা হয়। দ্বিতীয় সংশোধনীতে তা আরো এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত সাত বছর নির্ধারণ করা হয়। এবার তৃতীয় সংশোধনীতে সমাপ্তির সময় ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে প্রকল্পটি বাস্তবায়ন ৯ বছরে উন্নীত হচ্ছে। অর্থাৎ মূল পরিকল্পনার তুলনায় প্রকল্পটি শেষ করতে অতিরিক্ত সাত বছর সময় লাগবে। ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়নকাল দাঁড়াবে প্রায় ৯ বছর।

৯৩ শতাংশ অগ্রগতি, তবু কেন দুই বছর?
এদিকে প্রকল্পের নথিতে দেয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এর আর্থিক অগ্রগতি ৯৩ দশমিক ৪৫ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৯৩ দশমিক ০৭ শতাংশ। অর্থাৎ অর্থ ব্যয়ের পাশাপাশি বাস্তব কাজের অগ্রগতিও ৯৩ শতাংশ ছাড়িয়েছে। এ অবস্থায় প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রকল্পের সংশোধনী প্রস্তাবে অবশ্য এর পক্ষে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে।

সময় বাড়ানোর পক্ষে যুক্তি
নথির তথ্য অনুযায়ী, সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ও কানেক্টিভিটি সম্পন্ন করার জন্য ডিপিপিভুক্ত কিছু সড়কের দৈর্ঘ্য বাড়ানোর প্রয়োজন হয়েছে। নকশা পরিবর্তনের কারণে কিছু সড়ক, সেতু ও কালভার্টের পরিমাণ কমানো-বাড়ানো হয়েছে। জনচাহিদা বিবেচনায় নতুন কিছু সড়কও অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে অন্য প্রকল্পের আওতায় ইতোমধ্যে সম্পন্ন হওয়া কয়েকটি সড়ক, সেতু ও কালভার্ট এই প্রকল্প থেকে বাদ দেয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রেট শিডিউল পরিবর্তনের কারণেও ব্যয়ের সমন্বয় প্রয়োজন হয়েছে।

প্রকল্পের মেয়াদ বাড়ানোর আরেকটি কারণ হিসেবে দেখানো হয়েছে জনবলের বেতন-ভাতা ও আনুষঙ্গিক ব্যয় সমন্বয়। চলমান ও প্রস্তাবিত নতুন স্কিম বাস্তবায়নের জন্যও বাড়তি সময় প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

তবে প্রশ্ন হচ্ছে, প্রকল্পের ভৌত অগ্রগতি যেখানে ৯৩ শতাংশের বেশি, সেখানে অবশিষ্ট কাজ শেষ করতে আরো দুই বছর কেন প্রয়োজন? নতুন করে অন্তর্ভুক্ত হতে যাওয়া সড়ক ও অবকাঠামোর কাজ কতটা, সেগুলোর জন্যই বা অতিরিক্ত ব্যয়ের কতটা প্রয়োজন- এসব বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চলতি অর্থবছরেও ৩৫১ কোটি টাকা বরাদ্দ
প্রকল্পটি চলমান থাকায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এর জন্য ৩৫১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে সংশোধনী প্রস্তাবের নথিতে বলা হয়েছে, প্রকল্পের অগ্রাধিকার বিবেচনায় এবং সংশ্লিষ্ট নির্দেশিকা অনুসারে এটি একনেক কর্তৃক অনুমোদনযোগ্য।

এখন প্রশ্ন, যে প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে, তার জন্য নতুন করে প্রায় চার হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ের প্রস্তাব কতটা যৌক্তিক?

নতুন সড়ক ও অবকাঠামো অন্তর্ভুক্তির প্রয়োজন থাকলেও সেগুলোর ব্যয়, বাস্তবায়ন পরিকল্পনা এবং প্রকল্পের মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য কতটা- তা খতিয়ে দেখা জরুরি বলে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। উন্নয়নের পরিমাপ শুধু কত কিলোমিটার সড়ক তৈরি হলো, তা দিয়ে হয় না; কত টাকা ব্যয়ে, কত সময়ে এবং কতটা কার্যকর অবকাঠামো তৈরি হলো, সেটিও সমান গুরুত্বপূর্ণ।