বাংলাদেশ ফুটবল দল, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬, বাংলাদেশ বনাম পাকিস্তান, সাফ সেমিফাইনাল, হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। সংগৃহীত

বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই। বুধবার (১১ নভেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখছে লাল-সবুজের দল।

Advertisement

বাংলাদেশের বিশাল এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে হামজা চৌধুরীদের সামনে এবার পাকিস্তান। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

মূলত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের দিকে তাকিয়ে ছিল ভুটান। শেষ চারে উঠতে হলে তাদের প্রয়োজন ছিল বাংলাদেশের অন্তত দুই গোলের জয়। হামজাদের দল জিতেছে তার চেয়েও বড় ব্যবধানে। 

৪-০ গোলের জয়ে শুধু গ্রুপসেরাই হয়নি বাংলাদেশ, গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে দিয়েছে ভুটানকেও। তাতেই বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ‘এ’ গ্রুপের সেরা হওয়ায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে শেষ চারে পেয়েছে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পাকিস্তানকে হারাতে পারলে দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সবশেষ ২০০৫ সালে এই প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল।

এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সামনে হামজারা। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।