গ্রুপ শ্রেষ্ঠত্বের সাথে প্রতিশোধ মিশনও

ক্রীড়া প্রতিবেদক
দুই দলের পারস্পরিক মোকাবেলায় বাংলাদেশের জয়ের পাল্লাই বেশি। ১৮ মোকাবেলায় বাংলাদেশ জিতেছে ১১টিতে। লঙ্কানদের জয় পাঁচটিতে। র‌্যাংকিংয়ে অবশ্য উভয় দলের গ্যাপটা খুবই কম। জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের ১৮২। আর শ্রীলঙ্কার ১৮৪। এই র‌্যাংকিংয়ের স্বল্প ব্যবধান যেমন টসাম ডুলি বাহিনীর জন্য আতঙ্কের কারণ তেমনি প্রতিপক্ষের প্রবাসী ফুটবলারাও। লঙ্কান দলে ১৮/১৯ প্রবাসী খেলোয়াড়। এই লঙ্কানদের বিপক্ষেই আজ   টেকনো সাফ ফুটবলে দ্বিতীয় ম্যাচ রাকিব-জায়ান-সাদ উদ্দিনদের। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ এই ম্যাচে ড্র করলেই গ্রুপ সেরা হবে। আর শেষ চারে খেলা নিশ্চিত করতে শ্রীলঙ্কারও ড্র দরকার। এই গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারণের পাশাপাশি ২০০৩ সাফ জয়ীদের প্রতিশোধ মিশনও। লঙ্কানদের কাছে ২০২১ সালে কলোম্বয় অনুষ্ঠিত মহেন্দ্র রাজাপাকশে চার জাতি ফুটবলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল। যা লাল-সবুজদের ফাইনালে খেলতে দেয়নি। ফলে আজ রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ যদি ২-০ গোলে জয় পায় তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লঙ্কানদের। এর আগে বেলা সাড়ে ৩টায় ভারত-মালদ্বীপের ম্যাচ। এই খেলায় মালদ্বীপ ৩-০ তে জিতলেই বাদ পড়বে ভারত। সেমিতে যাবে মালদ্বীপ। ভারতের অবশ্য ০-২ গোলে হারলেও সমস্যা নেই।
আজ বাংলাদেশ দলের প্রেরণা ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর উপস্থিতি। সাথে যোগ হয়েছেন স্ট্রাইকার ফারহান আলী ওয়াহিদ। ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় এই দুইজন ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে তাদের ছাড়াই বাংলাদেশ ১-০তে হারিয়েছিল ভুটানকে। ইব্রাহিমের গোলে রক্ষা। বাংলাদেশ দলে কার্যকর নাম্বার নাইন বা মূল স্ট্রাইকার নেই বলে কোচ ডুলি গত ম্যাচে ডিফেন্ডার বিশ^নাথ ঘোষকে খেলান স্ট্রাইকার পজিশনে। পরে বদলি হিসেবে নেমে ইব্রাহিম দলকে জয় এনে দেন। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা ফারহান আলী যোগ হওয়ায় কোচ নিশ্চয় তাকেই পরখ করবেন নাম্বার নাইন পজিশনে। আবার বদলি হিসেবেই মাঠে নামাতে পারেন। তবে হামজা আসায় আজ যে দলের একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন এতে কোনো সন্দেহই নেই।
শ্রীলঙ্কা দল যে ভাগে গর্জে ছিল, তাদের কুয়েতি কোচ যেভাবে মুখ চালাচালি করেছিলেন তেমন খেলা কিন্তু উপহার দিতে পারেনি তারা। ভুটানের কাছে প্রথমে পিছিয়ে পড়ে পরে ২-১ এ লিড নেয়। এরপর ভুটান স্কোর ২-২ করে ম্যাচ শেষ করে।
বাংলাদেশ দলের গ্রুপ সেরা হওয়ার জন্য ন্যূনতম ড্র দরকার হলেও তাদের কাছে জয়ই চায় সবাই। এতেতো আসিয়ান কাপে তারা জঘন্য ফল করে এসেছে। তার ওপর ভুটানের বিপক্ষে ভালো ম্যাচ খেলতে পারেনি ডুলি বাহিনী। এতে বাংলাদেশ দলের খেলা দেখতে দর্শকদের আগ্রহে ভাটা। এখন বাংলাদেশ দল যদি আজ দাপটের সাথে খেলে বড় ব্যবধানেই শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে সেমিতে তাদের খেলা দেখতে দর্শক বাড়বে।
শ্রীলঙ্কার এই দলকে অবশ্যই ভয় পাওয়ার কারণ আছে। তারা ভুটানের বিপক্ষে জিততে ব্যর্থ হলেও পরিচ্ছন্ন ফুটবল খেলেছিল। দলের মধ্যে দারুণ সমন্বয়ও ছিল। এই অবস্থায় বাংলাদেশ দল যদি কোনো ভুল করে তাহলে বিপদেই পড়বে। লঙ্কান দলে আছে ফরোয়ার্ড ওয়াসিম রাজেক। তিনি ২০২১ সালে পেনাল্টিতে বাংলাদেশের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছিলেন। ভুটানের বিপক্ষেও সর্বশেষ ম্যাচে হেডে বল জালে পাঠান। এ ছাড়া ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলাররা বাংলাদেশ দলের জন্য টেনশনের কারন হকে পারে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা হেড টু হেড
১৮ ম্যাচ : বাংলাদেশের জয় ১১টি,  শ্রীলঙ্কার জয় ৫টি ড্র: ২ ম্যাচ
র‌্যাংকিং : বাংলাদেশ ১৮২, শ্রীলঙ্কা ১৮৪।

Advertisement