
২০০৮ সালের এএফসি প্রেসিডেন্টস কাপ। ঢাকা আবাহনীর সেই আসর কভার করতে গিয়েছিলাম মালয়েশিয়ায়। হারুনুর রশীদ তখন আবাহনীর সেই দলের টিম লিডার। বিমান বন্দর থেকে কুয়ালালামপুরে আবাহনীর টিম হোটেলে পৌঁছা মাত্রই দেখা হারুনুর রশীদের সাথে। দেখা হওয়া মাত্রই তিনি আবাহনী সমর্থক গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক এনাম ই খোদা জুলুকে বলে দিলেন দলের সাথে আমার থাকার ব্যবস্থা করতে। ওই নির্দেশে জুলু তার সিট ছেড়ে দেন আমার জন্য। ২০১৪ সালের এশিয়ান গেমসে দৈনিক নয়া দিগন্তের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলে হারুনুর রশীদ সেই সমস্যার সমাধান করেন। এমন আরো বহু সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচ বারের সাবেক এই সাধারণ সম্পাদক। এই অতি জনপ্রিয় ক্রীড়া সংগঠকটি পরশু রাতে দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি। ১৯৭২ সালে তার চেষ্টাতেই ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু ক্লাবটির। গতকাল দুপুরে আবাহনী ক্লাবে তার লাশ নেয়া হলে ক্লাবের পাতাকা দিয়ে তার লাশ ঢেকে দেয়া হয়। এরপর নামাজে জানাজা শেষে নিয়ে যাওয়া হয় নিজ জেলা লক্ষ্মীপুর জেলার রায়পুরে। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা এই সাবেক সংসদ সদস্যের।
৭৭ বছর বয়সী হারুনুর রশীদ রেখে গেছেন দুই মেয়ে ও স্ত্রী। ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি। ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে এতো সব পরিচয় ডিঙিয়ে হারুনুর রশীদ ছিলেন আবাহনীর লোক। ক্লাবটির অন্যতম প্রতিষ্ঠাতা। দর্শকপ্রিয় ক্লাবটির অন্তঃপ্রাণ এই কর্মকর্তাকে শেষ বিদায় জানাতে গতকাল ক্লাবে হাজির হন ফুটবল ক্রিকেট, হকি অঙ্গনের কর্মকর্তারাও। স্কয়ার গ্রুপের কর্ণধার এবং আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সবাই শোকে স্তব্দ তার এই বিদায়ে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এবং এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড পান এই ঝানু ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনে একজন প্রকৃত ক্রীড়া সংগঠক হিসেবেই পরিচিতি ছিল তার।
দীর্ঘদিন ধরেই কিডনি, ডায়বেটিস নানা নানার শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলাফেরাও করতে পারতেন না। পরশু অবস্থান অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। রাত ৯টায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দেয়া হয় লাইফ সাপোর্ট। তবে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে রাত ১২টায় দুনিয়া ছেড়ে চলে যান হারুনুর রশীদ।
১৯৭৭ সালে ঢাকা ফুটবল লিগে চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক শেখ আশরাফ আলীর মতে, ‘হারুন ভাই ও আবাহনী ছিল একে অপরের পরিপূরক। অনেক কর্মকর্তা এই ক্লাবে এলেও হারুন ভাই একাই ছিলেন এক ’শ।’ সাবেক কৃতী ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম জানান, ‘হারুন ভাইয়ের মতো দক্ষ ক্রীড়া এবং নিরহংকারী ক্রীড়া সংগঠক পাওয়া বিরল।’ বাফুফের সাবেক সদস্য ফজলুর রহমান বাবুলের মতে, হারুন ভাই ছিলেন পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক।’ মোহামেডানের ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির জানান, ‘হারুন ভাইয়ের মতো এমন বিনয়ী সংগঠক আমি জীবনে দেখিনি।’
হারুনুর রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








