
রয়টার্স ও এপি
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী আবদুর রহমান আল-সাইয়েদের বিজয়কে বর্ণবাদ ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে মার্কিন ভোটারদের অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার মতে, এ বিজয় প্রমাণ করেছে, জাতিগত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক রাজনীতিতে সবার অংশগ্রহণের সুযোগ তৈরি করা সম্ভব।
সম্প্রতি মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় আনোয়ার এ মন্তব্য করেন। পরদিন মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির এক খবরে তার বক্তব্য তুলে ধরা হয়। বারনামার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আনোয়ারের মতে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পরাজিত করা ব্যক্তিরা বর্ণবাদ ও ধর্মীয় নিপীড়নের বিরোধিতা করেছেন।
আনোয়ার বলেন, ‘তারা গণতন্ত্র বোঝেন এবং বর্ণবাদ প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টিকে যারা পরাজিত করেছেন, তারা বর্ণবাদবিরোধী মানুষ।’ তিনি আরো বলেন, ‘তারা বর্ণবাদ ও ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এবং নতুন বার্তা সামনে এনেছেন। বর্ণবাদ মাথাচাড়া দিলে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’
আনোয়ারের মতে, আবদুর রহমান আল-সাইয়েদের বিজয় দেখিয়েছে, জাতিগত বিদ্বেষের বিরোধিতা রাজনৈতিক পরিবর্তনের শক্তিশালী বার্তা হয়ে উঠতে পারে। তবে মালয়েশিয়াকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মডেল অনুসরণ করতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, মালয়েশিয়ার নিজস্ব পরিচয় রয়েছে- দেশটি একটি সমৃদ্ধ ও বহুজাতিক রাষ্ট্র।
৪২ বছর বয়সী আবদুর রহমান আল-সাইয়েদ মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে তার জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মুসলিম যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য নির্বাচিত হলেন।
মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আল-সাইয়েদ নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার অন্যতম প্রধান প্রস্তাব ছিল সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা বা ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থা চালু করা।
তবে নির্বাচনী প্রচারে তাকে ধর্মীয় পরিচয়কেন্দ্রিক আক্রমণের মুখেও পড়তে হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে আখ্যায়িত করেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সও তার বিরুদ্ধে উগ্রপন্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। মুসলিম ব্রাদারহুডের সাথে তার সম্পর্ক থাকার অভিযোগও প্রচারে সামনে আনা হয়েছিল। আল-সাইয়েদ এসব অভিযোগ অস্বীকার করেন; তার সাথে সংগঠনটির সংশ্লিষ্টতার পক্ষে কোনো প্রমাণও প্রকাশ্যে আসেনি।
নির্বাচনের পর আল-সাইয়েদ বলেন, তার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তাকে ও মুসলিম সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, ‘তারা ঘৃণাকে বেছে নিয়েছিল, আর মিশিগান বেছে নিয়েছে আশাকে।’ তিনি বলেন, মানুষ কীভাবে প্রার্থনা করে, সেই কারণে কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মিশিগানের ভোটাররা সেই প্রচারণার জবাব দিয়েছেন।
ট্রাম্পবিরোধী ভোট ও নির্বাচনের প্রভাব
মিশিগানে আল-সাইয়েদের জয়কে শুধু একজন মুসলিম প্রার্থীর ঐতিহাসিক বিজয় হিসেবে নয়, ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ভোটারদের অসন্তোষের প্রেক্ষাপটেও দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি, অর্থনৈতিক নীতি এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সঙ্ঘাত নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








