কোলের বাচ্চা নিয়েই কুস্তিতে
কোলের বাচ্চা সাথে এনে ম্যাচ জেতা লাকী ও জ্যোতি (ডানে) : নয়া দিগন্ত।

রফিকুল হায়দার ফরহাদ
জাতীয় কুস্তি বা কুস্তির অন্য কোনো আসর। এই কুস্তির সব আসরের ভেনু হয়ে গেছে রোলার স্কেটিং কমপ্লেক্স। নিজস্ব কোনো ভেনু এখনো না পাওয়ায় বাংলাদেশ রেসলিং ফেডারেশনকে এভাবেই অন্য ফেডারেশনের স্থাপনায় খেলা আয়োজন করতে হয়। গতকাল থেকে শুরু হওয়া জাতীয় সিনিয়র ও নারী কুস্তির ভেনুও এখন এই স্কেটিং কমপ্লেক্স। এই কমপ্লেক্সের অতিথি রুমে বিশ্রাম নিচ্ছিলেন বাচ্চাসহ তিন জন মা। সাথে আরো কয়েকজন নারী কুস্তিগীর। যে তিনজন নারী কুস্তিগীর বাচ্চা নিয়ে এসেছেন তাদের দু’জনই এবারের জাতীয় কুস্তিতে খেলছেন। অপরজন দেশের তারকা কুস্তিগীর শেখ শিপনের স্ত্রী স্বপ্না আক্তার। এবার  অবশ্য হাতের ব্যথার জন্য খেলছেন না বাংলাদেশ আনসারের স্বপ্না। তবে খেলেছেন লাকী আক্তার ও মোসাম্মদ জ্যোতি। প্রথম ম্যাচে জয় পেয়েছেন দু’জনই।  ৬৮ কেজিতে জ্যোতি হারিয়েছেন রাজশাহীর তাহমিনাকে। আর লাকী ৭২ কেজিতে জয় পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিথির বিপক্ষে।
এক সন্তানের জননী জ্যোতি। রাজশাহীর মেয়ে তিনি। তার চার বছরের ছেলে সন্তান। নাম শায়ান মজুমদার। অন্য দিকে তিন সন্তানের জননী লাকী। দিনাজপুরের মেয়ে লাকী দুই মেয়ে এবং ১০ মাসের ছেলে শাফায়াত ইসলাম লাবিবকে নিয়েই এসেছেন কুস্তি লড়তে। দু’জনের স্বামীই তাদের পূর্ণ সমর্থন দিচ্ছেন কুস্তি লড়তে। ফলে তারা সংসারী হওয়ার পরও চালিয়ে যাচ্ছেন খেলা।
জ্যোতি এখনো জাতীয় দলে খেলতে পারেননি। তবে বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। অন্য দিকে লাকী আক্তার এস এ গেমসে পদক জয়ী। ২০১৯ সালের কাঠমান্ডু পোখারা এস এ গেমসে তিনি ব্রোঞ্জ পদক পান। ৬৫ কেজি ওজন শ্রেণীতে শ্রীলংকান কুস্তিগীরের কাছে হেরে তার আর ফাইনালে খেলা হয়নি। লাকী আক্তারের জাতীয় কুস্তিতে চারটি স্বর্ণ আছে। জানান, ‘জাতীয় কুস্তিতে আমার স্বর্ণপদক থাকেই। এ ছাড়া সার্ভিসেস কুস্তি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস কুস্তি মিলে আমার আছে ৮/১০টি স্বর্ণ।’ জ্যোতির একটি স্বর্ণ জাতীয় কুস্তিতে। তথ্য দেন, ‘জাতীয় কুস্তির বাইরে আমি অন্য আসর মিলে ৮/৯টি স্বর্ণপদক গলায় তুলেছি।’
১০ মাস বয়সী লাবিব। কোনোভাবেই মায়ের কোল ছাড়তে চায় না। ফলে বাচ্চাকে বড় মেয়ের কাছে রেখেই ম্যাটে নামেন তিনি লাকী। এরপর জয়ও তুলে নেন। খেলা শেষে মায়ের কোলে চড়েই তার দুষ্টুুমি। লাকী জানান, তিন মাসের মাতৃত্বকালীন ছুটি শেষ করেই আমি আবার কুস্তিতে ফিরেছি।’

Advertisement