
রয়টার্স
ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত চুক্তির সম্ভাবনার কথা গত সপ্তাহে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গত ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এটিই দুই দেশের প্রথম আলোচনা।
মার্কিন দূত জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেয়া প্রতিনিধিদের বলেন, সাম্প্রতিক সময়ে দু’পক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে মতপার্থক্যগুলো চিহ্নিত করা এবং কমিয়ে আনার ক্ষেত্রে ‘সত্যিই অগ্রগতি’ হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
বৈঠকের শুরুতে কুশনার বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের সমাধান খুঁজে বের করার জন্য বাড়তি প্রচেষ্টা চালাতে বলেছেন। আমরা এমন একটি সমাধান খুঁজতে চাই, যা আশা করি যুদ্ধের অবসান ঘটাবে। একই সাথে উভয় পক্ষকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, যাতে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে।’
তবে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের সাড়ে চার বছরের বেশি সময় পার হলেও এবং দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। ইউক্রেনের প্রধান প্রতিনিধি রুস্তেম উমেরভ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, কিয়েভ নিরাপত্তার নিশ্চয়তা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছে। অন্য দিকে রুশ প্রতিনিধিদলের প্রধান ভøাদিমির মেদিনস্কি বলেন, দুই দেশের জনগণের স্বার্থে শান্তির পথে অগ্রগতি হবে বলে মস্কো আশা করছে।
আলোচনায় ভূমিকা চায় ইউরোপ
নতুন করে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ ইউরোপের কর্মকর্তাদের আলোচনায় অংশ নেয়ার প্রচেষ্টা জোরদার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহাদেশটির সবচেয়ে প্রাণঘাতী সঙ্ঘাতের অবসানে ভূমিকা রাখতে চান তারা। মূল বৈঠক শুরুর আগে ইউক্রেনের প্রতিনিধিরা ইউরোপীয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের পাশাপাশি দুই মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে আলাদা বৈঠক করেন। ফ্রান্স বলেছে, ইউরোপের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় না নিয়ে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এ জন্য ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন।
তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে ইউরোপীয়দের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে রাশিয়া। আলোচনার আগের দিন ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটন ‘খুব জোরালো আগ্রহ’ দেখতে পাচ্ছে। তার ভাষায়, দুই পক্ষই ‘লড়াই করতে করতে ক্লান্ত’। গত সপ্তাহে হোয়াইট হাউজে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দূতের সাথে ব্যক্তিগত বৈঠকের পর ট্রাম্প শিগগিরই একটি শান্তিচুক্তি হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








