
ক্রীড়া প্রতিবেদক
একটি স্বপ্নের অপমৃত্যু, একের পর এক প্রশ্ন আর ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ- সব কিছু সাথে নিয়েই দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ ক্রিকেট দল! ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছে। সেই হতাশা কাটিয়ে এবার প্রোটিয়াদের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা নাজমুল হোসেন শান্তদের। ঘরের মাঠে সিরিজ শেষ করেই ছুটতে হচ্ছে নতুন লড়াইয়ে।
তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম বহরে ১৩ ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ জন গতকাল ঢাকা ছেড়েছেন। দলের অন্য সদস্যরা ১১ নভেম্বর দ্বিতীয় বহরে দেশ ছাড়বেন। সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। সে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় টেস্ট চলাকালেই ঘোষণা করা ১৬ সদস্যের দল নিয়েই দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছে বাংলাদেশ।
১৫ নভেম্বর জোহানেন্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২২ সালে। সেবার দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। এবারো প্রতিপক্ষের মাটিতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে টাইগাররা। বিশেষ করে পেস সহায়ক কন্ডিশনে স্বাগতিকদের মোকাবেলা করতে হবে বাড়তি সতর্কতায়।
সেই বাস্তবতা মাথায় রেখেই পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা। একাদশে তিনজন পেসার থাকবেন, প্রয়োজনে খেলতে পারেন চারজনও। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা সম্ভবত পেসারদের প্রাধান্য দেবো। সে কারণেই পাঁচজন পেসার নিয়েছি। সেখানকার কন্ডিশন ভিন্ন। দু’জন স্পিনারই যথেষ্ট হতে পারে। অন্তত তিনজন পেসার খেলবে, চারজনও খেলতে পারে। ওই কন্ডিশনে তিনজন স্পিনারের প্রয়োজন নেই।’
তবে শুধু কন্ডিশন নয়, বাংলাদেশের জন্য বড় চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই টেস্টে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে; অথচ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। ফাইনালের স্বপ্নও প্রথমবারের মতো বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাশার বলেন, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল অনেক ভালো করছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুটো টেস্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। জানি না, অতিরিক্ত চিন্তাভাবনা উল্টো ফল দিয়েছে কি না। তবে ক্রিকেটারদের ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। বেশ কয়েকজন খেলোয়াড় একসাথে ফর্ম হারিয়েছে।’
টেস্ট সিরিজের পরও দক্ষিণ আফ্রিকায় অপেক্ষা করছে ব্যস্ত সূচি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে। ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ওয়ানডে। এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে প্রথম টি-২০। ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ম্যাচ এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শেষ টি-২০-এর মধ্য দিয়ে শেষ হবে সফর। ওয়ানডে ও টি-২০ সিরিজের দল এখনো ঘোষণা করেনি নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল নিয়ে তাই প্রত্যাশা ও শঙ্কা দুটোই রয়েছে। এক দিকে নতুন মুখের অভিষেকের সম্ভাবনা, অন্য দিকে পুরনোদের ফর্ম ফিরে পাওয়ার তাগিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ক্ষত এখনো তাজা। সেই ক্ষত নিয়েই প্রোটিয়া মাটিতে নামতে হবে টাইগারদের। হতাশার অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ?
পাঁচ বছর পর নাঈম
প্রথমবারের মতো রবিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দলে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। নাঈম শেখের ফেরাটাও আরো একটা চমক। ক্যারিয়ারে একমাত্র টেস্ট খেলেছেন ২০২২ সালে। অবশেষে প্রায় পাঁচ বছর পর টেস্টে ফিরলেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯, ৪১ লিস্ট ‘এ’, ১০ টি-২০- সব মিলিয়ে রবিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন ৭০ ম্যাচ। তার চেয়েও বড় কথা সাদা পোশাকে রবিন কেবল ১৯ ম্যাচ খেলেছেন। ৩৬ ইনিংসে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। যার মধ্যে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহের জার্সিতে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে সর্বোচ্চ ৬৭২ রান করেছেন। চট্টগ্রামের বিপক্ষে ওপেনিংয়ে অপরাজিত ২১৭ রান করে হয়েছেন ম্যাচসেরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রবিনকে সুযোগ দেয়া হয়েছে।
আগে দক্ষিণ আফ্রিকা সফর করায় রবিনের কন্ডিশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। তবে টেস্টে একাদশে তার সুযোগ পাওয়া নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। তানজিদ, নাঈম শেখ, মুমিনুল হকের মতো টপ অর্ডাররা আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে। যদিও নাঈম শেখ ২০২২ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে টেস্টের পর আর খেলার সুযোগ পাননি। সেক্ষেত্রে হয়তো অভিষেক হয়েও যেতে পারে। তা ছাড়া তিনি ২০২৬ বিপিএলে চট্টগ্রাম রয়্যালস তাকে নিয়েছিল। তবে পুরো বিপিএল কেটেছে বেঞ্চে। আর ১৮ ম্যাচের যুব ওয়ানডেতে তিন ফিফটিতে রয়েছে ৪২৬ রান।
টেস্ট তো দূরে থাক, জাতীয় দলেও তেমন একটি নিয়মিত নন নাঈম শেখ। ২০২২ সালে মাহমুদুল হাসান জয় ছিটকে যাওয়ায় নাঈম শেখ ক্রাইস্টচার্চ টেস্টের দলে সুযোগ পেয়েছিলেন। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর টেস্টে কখনো সুযোগ পাননি। আবুধাবিতে গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। প্রায় পাঁচ বছর পর টেস্টে ফেরানোর কারণ হিসেবে তার সাম্প্রতিক ফর্মের পাশাপাশি অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার কথাও বিবেচনা করেছে নির্বাচক প্যানেল। রবিনের পর এবারের এনসিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাদিকুর রহমান ও নাঈম শেখ; যার মধ্যে চট্টগ্রামের হয়ে সাদিকুর করেছেন ৬১২ রান। নাঈম ঢাকার জার্সিতে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৬১২ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহীম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








