
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন রংপুরের মিম মোসাদ্দেক। ছন্দময় পথচলায় করলেন আরেকটি সেঞ্চুরি। গড়লেন এক মাইলফলকও। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে তিনি ৭২৭ রান নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। আর দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে এক গুরুত্বপূর্ণ ড্র এনে দিয়েছেন রংপুরকে। ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে সেঞ্চুরি পেয়েছেন জাওয়াদ আবরারও। তবে তার প্রথম সেঞ্চুরির পরও ময়মনসিংহের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে বরিশাল বিভাগ। আরেক ম্যাচে নাসুম আহমেদের ঘূর্ণিতে রাজশাহীকে বড় ব্যবধানে হারিয়েছে সিলেট। আর ঢাকার বিপক্ষে ড্র করে শিরোপার খুব কাছাকাছি খুলনা।
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট হওয়ার পর ১৯২ রানে অলআউট হয়েছিল রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। জাকির হাসান অপরাজিত ১০১ এবং সৈকত আলী ১০৮ রান করেন। ফলে জয়ের জন্য রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৬৩ রান। তৃতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ছিল ৪ উইকেটে ৬৩ রান।
চতুর্থ দিন গতকাল নাসুম আহমেদের ঘূর্ণিতে বেশি দূর যেতে পারেনি রাজশাহী। দলের হয়ে ব্যাট হাতে একমাত্র প্রতিরোধ গড়ে ম্যাচ রক্ষার চেষ্টা করেন এস এম মেহরাব। তবে তার করা ৯১ রানেও পরাজয় এড়াতে পারেনি রাজশাহী। ৮০ ওভারে ২২৮ রানে অলআউট হয় তারা। ২৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে সিলেট। ম্যাচসেরা হন নাসুম আহমেদ।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছিল ময়মনসিংহ বিভাগ। জবাবে বরিশাল মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে বরিশাল তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪৪ রান করে। জাওয়াদ আবরার ৮৩ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। ১০৮ রানে থামে তার ইনিংস। ১০১.৪ ওভারে ২৫৬ রানে অলআউট হয় বরিশাল। এতে জয়ের জন্য মাত্র ২৭ রানের লক্ষ্য পায় ময়মনসিংহ। যা ১১.৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ময়মনসিংহ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আবু হায়দার।
রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫১৩ রানের বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা বিভাগ। জবাবে খুলনা তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৩৮ রান করে। গতকাল ৫১৩ রানেই থামে তাদের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঢাকা ২৭ ওভারে ১৭৩ রান করলে ড্র মেনে নেয় দুই দল। এই ড্রয়ের ফলে ২০১৯-২০ মৌসুমের পর আবার শিরোপা জয়ের দুয়ারে খুলনা। শেষ রাউন্ডে ন্যূনতম ড্র করলেও রেকর্ড অষ্টম ট্রফি ঘরে তুলবে তারা। এমনকি শেষ ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন হতে পারে তারা। সেক্ষেত্রে শুধু চট্টগ্রাম বোনাসসহ না জিতলেই হবে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় রংপুর। এরপর প্রথম ইনিংসে ৪০৭ রান করে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩০ রান। ম্যাচ বাঁচাতে শেষ দিনে বড় ইনিংসের প্রয়োজন ছিল তাদের। শেষ দিন চমৎকার ইনিংস খেলেন মিম। তার ৩১৭ বলে ১৪৫ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ বাঁচাল রংপুর।
ভেজা আউটফিল্ডের কারণে দেড় ঘণ্টা পর খেলা শুরু হলে কাজটা আরো সহজ হয় রংপুরের। ৮ উইকেট হাতে রেখে ইনিংস পরাজয় এড়াতে তখন রংপুরের প্রয়োজন ছিল ১১১ রান। তবে দিনের প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ষষ্ঠ উইকেটে মিমকে দারুণ সঙ্গ দেন শিহাব জেমস। তাদের ১১৪ রানের জুটি ইনিংস পরাজয় এড়ায় রংপুর। ৫২ রান করে আউট হন শিহাব। নবীন ইসলাম ও আবু হাশিম দ্রুত ফিরে গেলে আবার জয়ের স্বপ্ন দেখে চট্টগ্রাম। তবে নবম উইকেটে শাহরিয়া আল আমিনকে নিয়ে ৬৩ বলে ১৪ রানের জুটি গড়ে সব শঙ্কা উড়িয়ে দেন তিনি। এবারের লিগে ছয় ম্যাচের প্রতিটিতে পঞ্চাশছোঁয়া ইনিংস তার। ১৪৫ রান করা মিমের বীরত্বে অবশেষে ড্র নিয়ে মাঠ ছাড়ে রংপুর। এতে পুরস্কার হিসেবে ম্যাচসেরাও হন মোসাদ্দেক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








