অধিনায়কত্বে আপত্তি নেই হামজার
জাতীয় দলের অনুশীলনে তপু বর্মণের সাথে বল দখলের লড়াইয়ে হামজা চৌধুরী। পেছনে জামাল ভূঁইয়া। পাশে শমিত শোম : বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক
ভুটানের বিপক্ষে বাংলাদেশের  অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা ছিল তপু বর্মনের। তবে ম্যাচের আগে অনুশীলনের সময় পাওয়া চোট থাক রাখে মাঠের বাইরে। ফলে শেষ মূহুর্তে জামাল ভূঁইয়াকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ দলকে নামান কোচ টমাস ডুলি। দ্বিতীয়ার্ধে জামাল উঠে গেলে  সাদ উদ্দিনকে দেয়া হয় নেতৃত্ব। অনেক দিন ধরেই আলোচনায়  হামজা চৌধুরীকে কেন অধিনায়ক করা হচ্ছে না। কারন বাংলাদেশী ফুটবলারদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইলের খেলোয়াড় তিনি। এ নিয়ে গতকাল অনুশীলনের আগে প্রশ্ন করা হয় হামজাকে। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার জানান, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি দায়িত্ব নেব।’ এরপরই তার পেশাদারি উত্তর, ‘তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ড্রেসিংরুমে সবাই যেন একই লক্ষ্যে কাজ করে। আমাদের মধ্যে পারিবারিক একটা পরিবেশ আছে, এটাই সবচেয়ে জরুরি।’
জাতীয় দল সূত্রে জানা গেছে কোচ ডুলি কিন্তু হামজাকেই বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে চান। কারন মাঠের এবং দলের সেরা ফুটবলারইতো নেতৃত্ব পাবেন। সাথে আছে সিনিয়রিটির বিষয়ও। তপুর আগে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন জামাল। এই ডেনমার্ক প্রবাসী ফুটবলারের অবশ্য একাদশে জায়গা ঠিক থাকে না। আগের কোচ হাভিয়ার কাবরেরাতো জামালকে সাইড লাইনে বসিয়ে রাখতেন। শুধু সংবাদ সম্মেলনেই জামালকে অধিনায়ক হিসেবে দেখা যেত। প্রয়োজনে বদলি হিসেবে নামাতেন। ডুলি অবশ্য ৩৬ বছর বয়সী জামালকে খেলাচ্ছেন। ভুটানের বিপক্ষে শুরু থেকেই ছিলেন তিনি।
সাফ শিরোপা বাংলাদেশের পরম কাক্সিক্ষত। যদিও ২০০৩ সালের পর আর জেতা হয়নি। এখন হামজার উপস্থিতিতে সেই চাহিদাটা বেড়ে গেছে।  হামজাও জানেন তা। তার মতে, ‘আমরা জানি, পুরো দেশ কী চায়। দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরো ভালো খেলার সামর্থ্য আছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’
যোগ করেন, ‘ঘরের দর্শকদের সামনে আবার বড় টুর্নামেন্টে খেলতে পারছি, এটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। আশা করি, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।’
বাংলাদেশের স্ট্রাইকাররা গোল পাচ্ছেন না। অন্যরা গোল করছে। এ নিয়ে হামজার জবাব, ‘আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। তবে আমরা সুযোগ তৈরি করতে পারছি। আশা করি, সেগুলো কাজে লাগানোও শুরু করব।’
বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েছে বলে মনে করেন হামজা। তবে এখন সেই উন্মাদনাকে মাঠের সাফল্যে রূপ দেয়ার সময়। তার মতে, শুধু তিনি নন, শমিত, ফারহান, ফাহমিদুলসহ আরো কয়েকজন ফুটবলারের আগমনও এই আগ্রহ বাড়াতে ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘আমরা সবাই একটা ভালো সময়ে একসাথে এসেছি। ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। তবে এখন আমাদের ম্যাচ জিততে হবে। সমর্থকরা আমাদের খেলা দেখতে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের টুর্নামেন্ট ও ম্যাচ জিততে হবে।’ এবারের সাফে বাংলাদেশ কতোটা ফেভারিট এ প্রসঙ্গে হামজা বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই!’  ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং মোরসালিনের উপস্থিতিতে আক্রমণভাগ আরও কার্যকর হবে বলে আশাবাদী হামজা।

Advertisement