পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে দিল্লির সতর্ক অবস্থান

 বিশেষ সংবাদদাতা

Advertisement

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সুরাহা করা হবে বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। একই সাথে ভ্রমণের জন্য বৈধ নথি প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। তবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে সৃষ্ট আলোচনার মধ্যে ভারতের এ বক্তব্যে প্রত্যর্পণ প্রশ্নে দেশটির অবস্থান এখনো স্পষ্ট হয়নি।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে অন্তত চারজন সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।
জবাবে জয়সওয়াল বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
ভ্রমণনথির বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন।’ এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে প্রথম প্রশ্ন তোলেন সাংবাদিক গৌতম লাহিড়ী। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা বা আলোচনার সুযোগ আছে কি না, তা জানতে চান তিনি।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ভুবন জানতে চান, প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন কোনো আলোচনা হয়েছে কি না। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক সত্য কৃষ্ণ মোহন বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের দাবির বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। অন্যদিকে দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল জানতে চান, পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না এবং প্রত্যর্পণের জন্য পাসপোর্ট অপরিহার্য কি না।
ভারতের মুখপাত্রের বক্তব্যে এসব প্রশ্নের সরাসরি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনার ভ্রমণনথি ইস্যু এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ- দু’টি বিষয়ই আপাতত আইনি বিবেচনার মধ্যে রয়েছে।
নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেয়ার আবেদন জানিয়েছে বলে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
আবেদনে শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তির বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় নথি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তী সময়ে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়। ফলে বাংলাদেশে ফিরতে চাইলে তার ভ্রমণনথি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও কঠোর। ঢাকা শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত চেয়ে আসছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয়া হয় না। তবে নতুন পাসপোর্টের আবেদন নিয়ে সরকারের আনুষ্ঠানিক ও বিস্তারিত ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনাকে কি সাধারণ কোনো ভ্রমণকারীর মতো বিবেচনা করে দেশে আসার আমন্ত্রণ জানানো হবে?
প্রত্যর্পণ চুক্তি নিয়ে দিল্লির অবস্থান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ইতোমধ্যে এ চুক্তির আওতায় তার প্রত্যর্পণের দাবি জানিয়েছে।
গত এপ্রিলে ভারত জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে। একই সাথে বাংলাদেশের নতুন সরকারের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছিল নয়াদিল্লি।
তবে মঙ্গলবারের ব্রিফিংয়ে জয়সওয়াল প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো অগ্রগতির কথা জানাননি। ফলে দিল্লি বাংলাদেশের অনুরোধ গ্রহণ করবে, নাকি প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ও কূটনৈতিক জটিলতার কথা তুলে ধরবে, তা এখনো অনিশ্চিত।
এ ক্ষেত্রে পাসপোর্ট না থাকলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়বে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যর্পণ একটি রাষ্ট্রীয় ও আইনগত প্রক্রিয়া; এটি সাধারণ আন্তর্জাতিক ভ্রমণের নিয়মের সাথে এক করে দেখার সুযোগ নেই। তাই বৈধ ভ্রমণনথির প্রয়োজনীয়তা নিয়ে জয়সওয়ালের বক্তব্যের পাশাপাশি প্রত্যর্পণ চুক্তি ও সংশ্লিষ্ট আইনি বিধানও বিবেচনায় আসবে।
মৃত্যুদণ্ডের রায় ও বিচারিক বিতর্ক
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসঙ্ঘের হিসাবে, ওই দমন-পীড়নে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।
শেখ হাসিনা ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত জুলাইয়ে রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যার আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে তিনি আগেই জানিয়েছেন, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে নতুন পাসপোর্ট না পেলে কিভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে তিনি বা তার দল এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, প্রয়োজনীয় নথি থাকুক বা না থাকুক, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে তার দেশে ফেরার পথ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
দেশে ফিরলে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ও উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার সমর্থকদের নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন, গ্রেফতার এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে সরকারকে কঠিন রাজনৈতিক ও আইনি পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
২০২৪ সালের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা বাড়লেও দেশের রাজনৈতিক পরিবেশ এখনো উত্তেজনাপূর্ণ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরী পোশাক রফতানিকারক বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি ও বিদ্যুৎসঙ্কট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবেলা করছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক সঙ্ঘাতের ক্ষেত্র তৈরি করবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
বাংলাদেশ ও ভারতের দীর্ঘ সীমান্তের কিছু অংশে নজরদারির দুর্বলতা এবং নিয়মিত অবৈধ পারাপারের ঘটনা থাকলেও শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে এমন কোনো পথ ব্যবহারের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার সহযোগীরা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানানো হবে।
অন্যান্য বিষয়ে ভারতের বক্তব্য
ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর কিংবা এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই।
এ ছাড়া ঢাকার কিছু অনুন্নত এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানান, চীনের কয়েকজন ব্লগার এ ধরনের ভিডিও প্রচার করছেন।
জয়সওয়াল বলেন, কোনো দেশকে এভাবে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং যাদের ইন্ধনে এসব করা হচ্ছে, তারা নিজেদের নির্ভরযোগ্যতাই নষ্ট করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারত আপাতত আইনি প্রক্রিয়ার কথা বললেও বাংলাদেশের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কোনো ইঙ্গিত দেয়নি। অন্যদিকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এখন দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, প্রত্যর্পণ চুক্তির প্রয়োগ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে এ সঙ্কটের পরবর্তী গতিপথ।
সূত্র: রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম