
কূটনৈতিক প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কোনো বাস্তব সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলোভিচ। তার মতে ডিসেম্বরে দেশে ফেরার যে বক্তব্য বা প্রচারণা সামনে আনা হচ্ছে, তা মূলত রাজনৈতিক কৌশল। এর উদ্দেশ্য দেশে-বিদেশে হাসিনার সমর্থকদের উজ্জীবিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার ক্রমহ্রাসমান প্রভাবের বিষয়টি আড়াল করা।
আলজাজিরার একটি প্রতিবেদনে উদ্ধৃত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জন ড্যানিলোভিচ এ মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা কার্যত শূন্য। তার বিবেচনায়, দেশে ফেরার বিষয়টি সামনে আনার মাধ্যমে সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি রাজনৈতিক আলোচনার গতিপথ পরিবর্তনের চেষ্টা চলছে।
হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টিকেও এই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন ড্যানিলোভিচ। তার বিশ্লেষণ, এসব নথি চাওয়ার মধ্য দিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করা হতে পারে, যাতে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারকেই হাসিনার দেশে ফেরার পথে বাধা সৃষ্টির জন্য দায়ী করা যায়।
অর্থাৎ দেশে ফেরার আকাক্সক্ষা প্রকাশ করলেও বাস্তবে প্রত্যাবর্তনের উদ্যোগ সফল না হলে এর দায় সরকারের ওপর চাপানোর সুযোগ তৈরি হবে। হাসিনা ও তার সমর্থকেরা তখন প্রচার করতে পারবেন, সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না। ড্যানিলোভিচের মতে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক বয়ান তৈরির কৌশল হতে পারে।
তিনি আরো একটি সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তার ধারণা, হাসিনাকে আশ্রয় দেয়া পক্ষগুলোও দীর্ঘমেয়াদে তাকে নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধান খুঁজতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো তৃতীয় দেশে তাকে পাঠানোর উদ্যোগ নেয়া হতে পারে। পাসপোর্ট ও পরিচয়পত্রের দাবি সেই সম্ভাবনার সথেও সম্পর্কিত হতে পারে বলে তিনি মনে করেন।
তবে হাসিনাকে পাসপোর্ট দিতে বাংলাদেশের সরকারের অনীহাকে তিনি অস্বাভাবিক মনে করেননি। একইসাথে এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, হাসিনা ও তার সমর্থকদের তৈরি করা রাজনৈতিক ফাঁদে পা দেয়া উচিত হবে না। কারণ, দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালিয়ে শেষ পর্যন্ত তিনি না ফিরলে সেটিকে সরকারের বাধা হিসেবে উপস্থাপনের চেষ্টা হতে পারে।
ড্যানিলোভিচের এই বক্তব্যের মূল তাৎপর্য হলো, হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং বাস্তব প্রত্যাবর্তনের মধ্যে পার্থক্য রয়েছে। তার মতে, প্রত্যাবর্তনের আলোচনা রাজনৈতিক সমর্থন ধরে রাখা ও জনপরিসরে প্রভাব বজায় রাখার কৌশল হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








