তেল-গ্যাসের নির্ভরতাহীন বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বড় ঘোষণা
  •  ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য
  •  ১.৬৯ ট্রিলিয়ন ডলার বার্ষিক আয়ের ১৮০টির বেশি কোম্পানির সমর্থন, বিনিয়োগ বাড়ানোর ঘোষণা
  • ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি পরিবারকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনের প্রবেশপথে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। অন্য দিকে সম্মেলনের দ্বিতীয় দিনে তেল-গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক অর্থনীতিকে বিদ্যুতায়নের পথে এগিয়ে নিতে বড় উদ্যোগ ঘোষণা করেছে কপ-৩১ প্রেসিডেন্সি। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিবহন, শিল্প, কৃষি, ভবন ও গৃহস্থালি খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে এ লক্ষ্য অর্জন করতে চায় সম্মেলনের প্রেসিডেন্সি। তবে পরিবেশকর্মীদের প্রশ্ন, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের  পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট, সময়বদ্ধ ও কার্যকর পরিকল্পনা কোথায়?
গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর সম্মেলনস্থলের ব্লু জোনের প্রবেশপথে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ৩৫০ ডট অর্গের কর্মীরা বিক্ষোভ করেন। তাদের হাতে ছিল ‘ঊহফ ঋড়ংংরষ ঋঁবষং: ঋধরৎ, ঋঁহফবফ, ঋড়ৎবাবৎ’ লেখা ব্যানার। এর মাধ্যমে ন্যায়সংগতভাবে, পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে এবং স্থায়ীভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ শুধু প্রতিশ্রুতির মাধ্যমে সম্ভব নয়। এ জন্য ধনী দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত ও ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সাথে নতুন ঋণের বোঝা না চাপিয়ে অনুদানভিত্তিক অর্থায়নের ব্যবস্থারও দাবি জানান তারা।
এমন প্রতিবাদী পরিবেশের মধ্যেই সম্মেলনের দ্বিতীয় দিনে ‘৩৫-বাই-৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ বা বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকার সামনে আনে কপ-৩১ প্রেসিডেন্সি। বর্তমানে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের প্রায় ২০ থেকে ২৪ শতাংশ বিদ্যুৎ থেকে আসে। বাকি বড় অংশের চাহিদা পূরণ হয় তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি দিয়ে। এই কাঠামোয় পরিবর্তন এনে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করাই উদ্যোগটির মূল লক্ষ্য। এখানে ৩৫ শতাংশ বলতে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ নয়, বরং পরিবহন, শিল্প, ভবন ও অন্যান্য খাতে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বোঝানো হয়েছে।
কপ-৩১ প্রেসিডেন্ট ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার একটি বৈশ্বিক লক্ষ্য প্রয়োজন। কারণ বিদ্যুতায়নের ক্ষেত্রে এত দিন সুস্পষ্ট বৈশ্বিক লক্ষ্য ছিল না। চলতি বছরের জ্বালানি সঙ্কট আমদানিনির্ভরতার দুর্বলতা সামনে এনেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈশ্বিক অর্থনীতির বিদ্যুতায়ন অপরিহার্য।
তিনি বলেন, ‘বিদ্যুতের যুগের সূচনা হচ্ছে। কপ-৩১ সেই মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যখন আমরা সুইচ অন করেছিলাম।’
কপ-৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশন্স ক্রিস বোয়েন বলেন, পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী গ্রিড ও বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিবার, পরিবহন ও শিল্প খাতে জ্বালানির সহজলভ্যতা বাড়বে। একই সাথে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে এবং কার্বন নিঃসরণ কমবে। তবে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের পাশাপাশি বিনিয়োগ, অবকাঠামো ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা থাকা জরুরি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইরেনা) বিশ্লেষণের ভিত্তিতে ৩৫ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবন, পরিবহন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা, সহজলভ্যতা ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর প্রত্যাশা করছে প্রেসিডেন্সি।
বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে উদ্যোগ
সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম প্রধান আয়োজন ছিল গ্লোবাল ইলেকট্রিফিকেশন মিনিস্টেরিয়াল অ্যান্ড ফোরাম। এতে বিভিন্ন দেশ তাদের জাতীয় বিদ্যুতায়ন পরিকল্পনা তুলে ধরে। এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি বার্ষিক আয়সম্পন্ন ১৮০টিরও বেশি কোম্পানি। একই সাথে গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা এসেছে।
আইইএর নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরোল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যয়সাশ্রয়ী। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি নিরাপত্তা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনে তথ্যনির্ভর বিশ্লেষণ ও অগ্রগতি পর্যবেক্ষণে আইইএ কাজ করবে।
আইরেনা উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ বিতরণ গ্রিড শক্তিশালী করতে ডি-গ্রিডস কর্মসূচির মাধ্যমে সহায়তা দেবে। এর আওতায় গ্রিডে বিনিয়োগের প্রয়োজন চিহ্নিত করা, প্রকল্প প্রস্তুত এবং অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে। অন্য দিকে ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে।
বিদ্যুতায়নে অর্থায়নের জন্য সরকার, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগও সামনে এসেছে। ২০২৭ সালে বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এ জোটের প্রথম যৌথ সভাপতির দায়িত্ব পালন করবে। এ ছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়ার সহযোগিতায় সাসটেইনেবল এনার্জি ফর অল উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে বিদ্যুতায়নের সম্ভাবনা নিয়ে ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।
সৌরবিদ্যুৎ ও ভূ-তাপীয় জ্বালানিতে গুরুত্ব
বিদ্যুতায়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি পরিবারকে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। কয়েকটি দেশ এ উদ্যোগে যুক্ত হওয়ার কথা জানিয়েছে।
তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং আইরেনার যৌথ উদ্যোগে ‘গ্লোবাল জিওথার্মাল অ্যাম্বিশন ২০৫০’ কর্মসূচির মাধ্যমে ভূ-তাপীয় জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনাও নেয়া হয়েছে।
কৃষি ও খাদ্যব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। সৌরবিদ্যুৎচালিত সেচ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে কৃষকের জীবাশ্ম জ্বালানিনির্ভরতা ও উৎপাদন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। কপ-৩১ প্রেসিডেন্সি ও জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগ ‘টারকোয়িজ নেক্সাস ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে খাদ্য, পানি ও জলবায়ু সঙ্কট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য পরিবহন করিডর গড়ে তুলতে গ্লোবাল গ্রিন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
৩৫ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য নিয়ে প্রশ্ন
তবে কপ-৩১ প্রেসিডেন্সির বিদ্যুতায়ন উদ্যোগের লক্ষ্য ও গতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের পরিবেশকর্মীরা। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও নদী রক্ষা আন্দোলনের নেতা শরীফ জামিল বলেন, কপ প্রেসিডেন্সি ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার যে লক্ষ্য সামনে এনেছে, তা অপর্যাপ্ত ও ধীরগতির। এটি জীবাশ্ম জ্বালানি থেকে পৃথিবীর বেরিয়ে আসার গতি ও সম্ভাবনাকে ব্যাহত করতে পারে।
তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপের বিষয়গুলো সম্মেলনের মূল কার্যসূচিতে যথাযথ গুরুত্ব না পাওয়ায় হতাশা রয়েছে। বাংলাদেশের মতো জলবায়ু বিপন্ন দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাওয়া প্রয়োজন।
তরুণ জলবায়ু কর্মী ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের অনুপস্থিতির মধ্য দিয়ে কপ-৩১ শুরু হওয়ায় জলবায়ু সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার রাজনৈতিক অঙ্গীকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের শীর্ষ নেতাদের অনুপস্থিতি নেতিবাচক বার্তা দিচ্ছে। তবে এর অর্থ এই নয় যে দেশগুলো জলবায়ু আলোচনায় অংশ নিচ্ছে না।
বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজের পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, জলবায়ু সম্মেলনে বছরের পর বছর অঙ্গীকার ও কালক্ষেপণ আর মেনে নেয়া যায় না। প্যারিস চুক্তিসহ অতীতের জলবায়ু প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সব রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক প্রটোকল তৈরি করা উচিত।
তিনি বলেন, যুদ্ধ, সামরিক দূষণ, করপোরেট ভোগবাদ ও নিওলিবারেল ব্যবস্থাকে টিকিয়ে রেখে জলবায়ু প্রতিশ্রুতি অর্জন সম্ভব নয়। এসব উদ্যোগকে ‘গ্রিনওয়াশিং’ উল্লেখ করে তিনি ক্ষুদ্র কৃষক, জেলে, আদিবাসী, বনজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীর লোকায়ত চর্চা এবং অভিযোজন অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
এদিকে সম্মেলনের বাইরে পরিবেশবাদীদের প্রতিবাদী কর্মসূচি আরো বিস্তৃত হচ্ছে। এর আগে সোমবার সম্মেলনের প্রথম দিন মুখে টেপ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ এবং ‘ফসিল অব দ্য ডে’ কর্মসূচির মাধ্যমে জীবাশ্ম জ্বালানিনির্ভর নীতির সমালোচনা করেন পরিবেশকর্মীরা। তুরস্কের মুগলা প্রদেশের আকবেলেন বনের কাছে কয়লাখনি সম্প্রসারণ নিয়েও স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে।
এ ছাড়া আগামী ১৪ নভেম্বর আন্তালিয়ার আইদিন কানজা পার্ক থেকে কুমহুরিয়েত স্কয়ার পর্যন্ত বড় বিক্ষোভ-মিছিলের প্রস্তুতি নিচ্ছে পিপলস ক্লাইমেট সামিটের আয়োজকরা। এতে পরিবেশবাদী সংগঠন, শ্রমিক ইউনিয়ন, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বিদ্যুতের ব্যবহার বাড়ানোই জ্বালানি রূপান্তরের পূর্ণাঙ্গ সমাধান নয়। বিদ্যুৎ উৎপাদনে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা অব্যাহত থাকলে বিদ্যুতায়নের সুফল সীমিত হবে। তাই বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদন, গ্রিড আধুনিকায়ন, বিদ্যুৎ সংরক্ষণ এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
কপ-৩১-এর ৩৫-বাই-৩৫ উদ্যোগের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে এসব ঘোষণা কতটা বাস্তবে রূপ নেয়, বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য উৎসের অংশ কতটা বাড়ে এবং জীবাশ্ম জ্বালানির ওপর বৈশ্বিক নির্ভরতা কতটা কমানো সম্ভব হয়, তার ওপর। 
আট লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ বসাতে সহায়তা চায় বাংলাদেশ 
২০৩০ সালের মধ্যে পাঁচ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। এ জন্য প্রাথমিকভাবে আট লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। প্রকল্পের মোট বিনিয়োগের ২০ শতাংশ দেশীয় এবং বাকি ৮০ শতাংশ আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করতে চায় সরকার।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় সমর্থন জানিয়ে বাংলাদেশ এ পরিকল্পনার কথা তুলে ধরে। ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৩০ কোটি পরিবারে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়াই এ উদ্যোগের লক্ষ্য।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানান, পরিকল্পনা বাস্তবায়নে সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া মনে করেন, পাকিস্তানের অফ-গ্রিড সৌরবিদ্যুতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে। 
অন্য দিকে নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা নয়, দক্ষ দেশীয় সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এলএনজি অবকাঠামো ও কয়লানির্ভর বিদ্যুৎ পরিকল্পনা দীর্ঘ মেয়াদে আর্থিক চাপ বাড়াতে পারে।
বৈশ্বিক উদ্যোগটিতে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু সমর্থন জানিয়েছে। এতে সৌরবিদ্যুতের সহজ অনুমোদন, সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক গ্রিড ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান :
এশিয়ায় ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎপ্রাপ্তি এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি শরীফ জামিল। তিনি বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ‘সবুজ শিল্পায়নে চীনের ভূমিকা’ শীর্ষক এক সাইড ইভেন্টে তিনি এসব কথা বলেন। শরীফ জামিল বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীনের সাথে প্রযুক্তি ও অর্থায়নে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তবে এসব প্রকল্প হতে হবে স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক।
ভারতের প্রতিনিধি রবি রেবাপ্রগাদা বলেন, সবুজ শিল্পায়নের নামে পুরনো শোষণমূলক উন্নয়ন মডেলের পুনরাবৃত্তি করা যাবে না। 
অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং স্থানীয় কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বক্তারা বলেন, জ্বালানি রূপান্তরের সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি তাদের অধিকার ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Advertisement