
আলমগীর কবির
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ভারতের কাছে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধের নিষ্পত্তির পথেই এগোতে হবে। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার উদ্যোগে দেশে ফেরার আইনি পথ সৃষ্টি হবে না। এমনকি পাসপোর্ট পেলেও ভারতের অনুমতি ছাড়া তার পক্ষে দেশটি ছেড়ে বাংলাদেশে আসা সম্ভব নয়। কারণ, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের অনুরোধ এখনো ভারতের বিবেচনাধীন। এই প্রক্রিয়া নিষ্পত্তি না করে তাকে ফেরত পাঠানোর সুযোগ নেই। আলোচিত ইস্যুটিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়ার বিশ্লেষণ এমনই।
তার মতে, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার মোকাবেলা করতে চান, তাহলে পাসপোর্ট বা এনআইডি নিয়ে নানা উদ্যোগের পরিবর্তে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা উচিত। সেখানে তাকে বলতে হবে, বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যেন ফেরত পাঠানো হয়। এটিই তার জন্য যুক্তিসঙ্গত আইনি পদক্ষেপ। দেশে ফেরার পর আপিলের সুযোগ নিয়ে প্রশ্ন উঠলে তিনি আপিল বিভাগের কাছে বিলম্ব মার্জনার আবেদনও করতে পারেন। তবে সেই আবেদন মঞ্জুর হবে কিনা তা আদালতের বিবেচনার বিষয়।
শেখ হাসিনার ফেরার প্রশ্নে পাসপোর্টের আবেদন, বাতিলের বিরুদ্ধে আপিল, ভারতে তার অবস্থানের আইনি ভিত্তি এবং প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া সবকিছুই এখন আলোচনায়। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং ড. শরীফ ভূঁইয়ার বক্তব্যে উঠে এসেছে একাধিক আইনি দিক। তাদের বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট; পাসপোর্ট বা এনআইডি-সংক্রান্ত তৎপরতা প্রত্যর্পণ প্রক্রিয়ার বিকল্প নয়। তবে আপিলের সুযোগ, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে প্রতিকার এবং ভারতে অবস্থানের বিষয়গুলোতে তাদের বক্তব্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
ড. শরীফ ভূঁইয়া নয়া দিগন্তকে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে। এটি দুই দেশের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় একটি চলমান আইনি প্রক্রিয়া। ফলে এ প্রক্রিয়ার বাইরে তার বাংলাদেশে আসার সুযোগ নেই। তাকে পাসপোর্ট দেয়া হলেও সেটি দিয়ে তিনি সরাসরি বাংলাদেশে চলে আসতে পারবেন না। ভারতের অনুমতি নিতে হবে এবং দেশটির অভিবাসন প্রক্রিয়া অতিক্রম করতে হবে।
ভারত প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার সময় কী বিষয়কে গুরুত্ব দিতে পারে, সে ব্যাখ্যাও দিয়েছেন ড. শরীফ ভূঁইয়া। তার মতে, যাকে ফেরত পাঠানো হবে, তার নিরাপত্তা, তিনি ন্যায়বিচার পাবেন কিনা এবং তাকে অযৌক্তিক বা গ্রহণযোগ্য নয় এমন কোনো শাস্তির মুখোমুখি হতে হবে কিনা, এসব বিষয় ভারতের বিবেচনায় আসতে পারে। এর অর্থ এই নয় যে ফেরত পাঠানো হলে তাকে কোনো শাস্তি দেয়া যাবে না। বরং বিচারপ্রক্রিয়া ন্যায়সঙ্গত হবে কি না এবং শাস্তি অযৌক্তিক হবে কিনা, সেটিই গুরুত্বপূর্ণ।
ড. শরীফ ভূঁইয়ার মতে, শেখ হাসিনা যদি মনে করেন যে বাংলাদেশে ফিরে তিনি বিচার মোকাবেলা করতে পারবেন, তাহলে তার উচিত ভারত সরকারকে সেটি জানানো। পাসপোর্ট বা এনআইডি নিয়ে প্রচার তৈরি না করে তিনি সরাসরি বলতে পারেন, বাংলাদেশের চলমান প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে পাঠানো হোক। আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ার বিষয়টিও সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় নির্ধারিত। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারার ৩ উপধারায় বলা হয়েছে, নির্ধারিত ৩০ দিন পার হলে আর আপিল করা যাবে না। তার মতে, এটি বাধ্যতামূলক বিধান। ফলে শেখ হাসিনার আপিল দায়েরের আর কোনো আইনগত সুযোগ নেই।
তবে এ বিষয়ে ড. শরীফ ভূঁইয়ার ব্যাখ্যা কিছুটা ভিন্ন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আপিল বিভাগের কাছে বিলম্ব মার্জনার আবেদন করতে পারেন। আপিল বিভাগের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সহজাত ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার ভিত্তিতে তিনি আবেদন করতে পারেন, কেন নির্ধারিত সময়ে আপিল করা সম্ভব হয়নি এবং কেন বিলম্ব মার্জনা করা উচিত। আদালত আবেদনটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে এ সুযোগ স্বয়ংক্রিয় নয়; আদালত আবেদন মঞ্জুর করবেন কি না, সেটি তাদের এখতিয়ার।
ড. শরীফ ভূঁইয়া আরো বলেন, ট্রাইব্যুনালে বিচার চলার সময় শেখ হাসিনাকে মামলার বিষয়ে অবহিত করার চেষ্টা করা হয়েছিল। চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, তাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল এবং বিভিন্নভাবে বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবহিত করার উদ্যোগ নেয়া হয়েছিল। শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে বক্তব্যও দিয়েছেন। ফলে তিনি বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানতেন কিনা, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ। তবে তিনি আদালতে হাজির হয়ে বিচার মোকাবেলা করেননি এবং রায়ের পর নির্ধারিত সময়ে আপিলও করেননি।
পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই বলে জোরালো অবস্থান নিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ৬ ও ৭ অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট পরিস্থিতিতে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। তার ব্যাখ্যায়, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তার নামে পাসপোর্ট ইস্যু করতে পারে না। একই আদেশের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে। আমিনুল ইসলামের মতে, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। ফলে তার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত আইনসম্মত।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাচলের স্বাধীনতা এবং দেশের বাইরে যাওয়া ও দেশে ফিরে আসার অধিকার রয়েছে এমন যুক্তিও আলোচনায় এসেছে। তবে আমিনুল ইসলামের বক্তব্য, এই অধিকার দেখিয়ে একজন দণ্ডিত ও পলাতক ব্যক্তি পাসপোর্ট দাবি করতে পারেন না। তার মতে, সংবিধানের ৩৬ অনুচ্ছেদকে এ ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করা বিভ্রান্তিকর। তিনি আরো উল্লেখ করেন, ১৯৭৩ সালে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে বিশেষ সাংবিধানিক সুরক্ষা দেয়া হয়েছিল। তার ব্যাখ্যায়, মানবতাবিরোধী অপরাধের বিচার ও এ-সংক্রান্ত আদেশের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে; এমনকি এ ধরনের আদেশের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্ট-সংক্রান্ত সাম্প্রতিক তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম। তার বক্তব্য, লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স ল চেম্বার্সের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে যে চিঠি দেয়া হয়েছে, সেটিকে শেখ হাসিনার আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন বলা যায় না। কারণ, পাসপোর্ট যিনি চান, আবেদনটি তার নিজের করার কথা। তার দল বা অন্য কেউ তার হয়ে আবেদন করেনি। বরং লন্ডনে অবস্থানরত একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতে অবস্থানরত একজনের পক্ষে চিঠি দিয়েছে। ওই প্রতিষ্ঠানের সাথে শেখ হাসিনার আইনগত চুক্তি বা নিয়োগের দলিল কী, সেটিও প্রকাশ করা হয়নি বলে প্রশ্ন তুলেছেন তিনি।
আমিনুল ইসলামের মতে, শেখ হাসিনা নিজে পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদন না করলে এবং তার পক্ষে আবেদন করার আইনগত ভিত্তি স্পষ্ট না হলে ওই চিঠিকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এ কারণে পররাষ্ট্রমন্ত্রী চিঠিটিকে হাস্যকর বলেছেন বলে তার ধারণা।
তবে এ বিষয়ে শিশির মনিরের ব্যাখ্যা ভিন্ন। তিনি বলেছেন, ম্যাট্রিক্স ল চেম্বারের পাঠানো ইমেলটি সরাসরি পাসপোর্টের আবেদন নয় বরং প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পর্কে পরামর্শ চাওয়া হয়েছে। তিনি জানান, ম্যাট্রিক্স ল চেম্বারের স্টিভেন পলস কেসি হাইকোর্টে ইমেল পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডির আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য কী ধরনের আনুষ্ঠানিকতা ও নথিপত্র প্রয়োজন, সে বিষয়ে পরামর্শ চেয়েছেন। তার মতে, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করলে তিনি সাধারণত আবেদন মঞ্জুরের প্রার্থনা করেন; আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরামর্শ চান না। তাই ওই ইমেলকে আইনের চোখে পাসপোর্টের আনুষ্ঠানিক আবেদন বলা যায় না। এটি মূলত প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ চাওয়ার যোগাযোগ।
পাসপোর্ট বাতিলের পর কিভাবে প্রতিকার চাইতে হয়, সে বিষয়েও শিশির মনির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
শিশির মনিরের মতে, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে আপিলই হচ্ছে আইনে নির্ধারিত প্রতিকারের পথ। কিন্তু কোনো পলাতক বা ফেরারি আসামি আত্মসমর্পণ না করে আইনের অধীনে প্রতিকার চাইতে পারেন না। তাকে আগে আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে। এরপর আপিল করার প্রশ্ন আসতে পারে। তার ভাষায়, আত্মসমর্পণ ছাড়া পলাতক ব্যক্তির পক্ষে এ ধরনের আপিল গ্রহণযোগ্য হবে না।
শেখ হাসিনা ভারতে কী অবস্থানে রয়েছেন, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন শিশির মনির। এ প্রসঙ্গে তিনি ভারতের সংসদে জমা দেয়া ‘ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক একটি স্টাডি রিপোর্টের কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, ৩১ সদস্যের ওই কমিটির নেতৃত্বে ছিলেন ড. শশী থারুর। কমিটিতে ভারতের লোকসভার ২১ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রতিবেদনটি লোকসভায় জমা দেয়া হয়।
শিশির মনিরের উদ্ধৃত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর দুর্দশা বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিকে মানবিক বিবেচনায় আশ্রয় দেয়ার ভারতের ঐতিহ্য রয়েছে। সেই বিবেচনায় শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয়া হয়েছে। তার ব্যাখ্যায়, ভারতে শেখ হাসিনার অবস্থান মানবিক আশ্রয়ের ভিত্তিতে। ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ১৯২৫-এর ৩৩ ধারার অধীনে বিশেষ বিবেচনায় এ ধরনের অবস্থানের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া ব্যাখ্যা করে শিশির মনির বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষেত্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রত্যর্পণের অনুরোধ পাঠাবে। ভারত অনুরোধটি গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হতে পারে, অথবা তিনি আত্মসমর্পণ করতে পারেন। এরপর তাকে ভারতের একজন প্রত্যর্পণবিষয়ক ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে হবে। ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সেশন আদালত বা হাইকোর্টের মতো। তিনি বাংলাদেশের পাঠানো নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে প্রত্যর্পণের বিষয়ে আদেশ দেবেন।
ম্যাট্রিক্স ল চেম্বারের তৎপরতা নিয়েও শিশির মনির অতিরিক্ত কিছু তথ্য তুলে ধরেছেন। তার বক্তব্য, প্রতিষ্ঠানটি শুধু পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত যোগাযোগ করেনি। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর জেনেভায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি অভিযোগও দাখিল করেছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া ২০২৫ সালের ২৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে বলে তার দাবি। ওই অভিযোগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ তোলা হয়েছে বলে জানান তিনি।
ম্যাট্রিক্স ল চেম্বারের সাথে শেখ হাসিনার সম্পর্ক ও তাদের নিয়োগের বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে। ড. শরীফ ভূঁইয়ার বক্তব্য, কোনো আইনজীবী বা আইনজীবী প্রতিষ্ঠান সাধারণত মক্কেলের নির্দেশনা ছাড়া তার পক্ষে আইনি যোগাযোগ করে না। যদি ম্যাট্রিক্স ল চেম্বার শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়ে থাকে, তাহলে ধরে নেয়া যেতে পারে, তারা তার নির্দেশনা পেয়েছে। তবে ওই প্রতিষ্ঠানের সাথে শেখ হাসিনার চুক্তি বা নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে স্পষ্ট নয়। শিশির মনিরও বলেছেন, এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো তথ্য তার কাছে নেই। তবে তার মতে, একটি পেশাদার আইনজীবী প্রতিষ্ঠান মক্কেলের নির্দেশনা নিয়েই এ ধরনের যোগাযোগ করার কথা।
এ ক্ষেত্রে আইনজীবী প্রতিষ্ঠানকে নৈতিকতার প্রশ্নে আক্রমণ করার পরিবর্তে চিঠির আইনগত ভিত্তির জবাব দেয়াই যথাযথ হতো বলে মনে করেন শিশির মনির। তার বক্তব্য, অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরও আইনজীবী নিয়োগের অধিকার রয়েছে। কোনো ব্যক্তি অপরাধী হলেই তার পক্ষে আইনজীবী কাজ করতে পারবেন না এমন ধারণা সঠিক নয়। বরং বাংলাদেশের আইন অনুযায়ী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত বৈধ কিনা, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কী প্রতিকার রয়েছে এবং বিদেশী আইনজীবী প্রতিষ্ঠানের যোগাযোগের আইনি গুরুত্ব কতটুকু- এসব প্রশ্নের উত্তর আইনের ভিত্তিতেই দেয়া উচিত।
অন্য দিকে শেখ হাসিনার দেশে ফেরার প্রকৃত ইচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার বক্তব্য- ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে শেখ হাসিনাকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে আশ্রয় দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা নিজে ভারত সরকারের কাছে লিখিতভাবে বাংলাদেশে ফেরার ইচ্ছা জানিয়েছেন এমন কোনো দলিল তাদের হাতে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বক্তব্যের সত্যতা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। আমিনুল ইসলামের অভিযোগ, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ধরনের প্রচার চলছে। এসব প্রচারকে তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেন। তার আশঙ্কা, কোনো কোনো স্বার্থান্বেষী মহল শেখ হাসিনার নাম ব্যবহার করে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
এ দিকে তিন আইনজ্ঞের বক্তব্যের মধ্যে কয়েকটি বিষয়ে স্পষ্ট মিল রয়েছে। পাসপোর্ট বা এনআইডি-সংক্রান্ত উদ্যোগ প্রত্যর্পণ প্রক্রিয়ার বিকল্প নয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধের নিষ্পত্তি ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার অন্য কোনো কার্যকর পথ নেই- এ বিষয়ে তাদের বক্তব্যে মিল রয়েছে।
তবে পাসপোর্ট বাতিলের পর আপিলের সুযোগ এবং দেশে ফিরলে আপিল বিভাগের কাছে প্রতিকার চাওয়ার বিষয়ে তাদের ব্যাখ্যা এক নয়। আমিনুল ইসলামের অবস্থান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারার ৩ উপধারায় নির্ধারিত ৩০ দিন পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ। অন্য দিকে ড. শরীফ ভূঁইয়া মনে করেন, দেশে ফিরে আপিল বিভাগের কাছে বিলম্ব মার্জনার আবেদন করা যেতে পারে। শিশির মনিরের বক্তব্য, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে প্রতিকারের পথ হলো পাসপোর্ট আদেশের ১০ অনুচ্ছেদ অনুযায়ী আপিল; তবে পলাতক অবস্থায় থেকে সেই আপিল করা যাবে না, আগে আত্মসমর্পণ করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








