কৃষকের বীজ, জমি ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে : পাভেল পার্থ
পাভেল পার্থ।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে শুধু ঘরবাড়ি, ফসল ও জীবিকা নয়, হারিয়ে যাচ্ছে মানুষের কৃষি ঐতিহ্য, লোকায়ত জ্ঞান, সংস্কৃতি ও জীববৈচিত্র্য। অথচ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় এসব বিষয় এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। গবেষক ও পরিবেশকর্মী পাভেল পার্থ মনে করেন, জলবায়ু সঙ্কট মোকাবেলায় শুধু রাষ্ট্রীয় প্রতিশ্রুতি ও অর্থায়নের ঘোষণা যথেষ্ট নয়; প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামো তৈরি করতে হবে। জলবায়ু তহবিলের বড় অংশ স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজনজ্ঞান, কৃষকের বীজের অধিকার ও কৃষকনিয়ন্ত্রিত কৃষিব্যবস্থার বিকাশে ব্যয় করতে হবে। তার মতে, কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে অ্যাগ্রোইকোলজি, জীববৈচিত্র্য এবং খাদ্য সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেয়া জরুরি। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে এসব বিষয়ে কাজ করছেন তিনি। তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে বিশ্বনেতাদের প্রতি এসব আহ্বান জানিয়েছেন পাভেল পার্থ। জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর এবং লোকায়ত জ্ঞানের গুরুত্ব নিয়ে নয়া দিগন্তের সাথে কথা বলেছেন তিনি। তার এই সাক্ষাৎকার নিয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার- কাউসার আজম।
নয়া দিগন্ত : তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন থেকে আপনার প্রত্যাশা কী?
পাভেল পার্থ : আনতালিয়ায় কপ৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যে জলবায়ু সঙ্কট মোকাবেলায় সমাধান ও কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। তবে বক্তব্যে এক ধরনের আশাভঙ্গের সুরও রয়েছে। বলা হয়েছে, বিজ্ঞান ও বাস্তবতাকে একসাথে মেলানো কঠিন এবং একটি কিংবা একাধিক কপ সম্মেলনের মাধ্যমে জলবায়ু সঙ্কটের সমাধান সম্ভব নয়। বরং পরিবর্তিত পৃথিবীর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। উদ্বোধনী বক্তব্যে এই বার্তা আগের সম্মেলনগুলোতে প্রতিশ্রুতি ও অঙ্গীকার ভঙ্গের যে ধারাবাহিকতা দেখা গেছে, তারই প্রতিফলন বলে মনে হয়েছে।
আমরা আশা করেছিলাম, তুরস্কের এই সম্মেলনে প্যারিস চুক্তিসহ আগের সম্মেলনগুলোতে বিশ্বনেতারা যেসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেছেন, সেগুলো বাস্তবায়নে কার্যকর বাধ্যবাধকতা তৈরি হবে। রাষ্ট্রগুলো তাদের দেয়া অঙ্গীকার বাস্তবায়নে জবাবদিহির আওতায় থাকবে। ক্ষয়ক্ষতি তহবিল, অভিযোজন তহবিল, অভিযোজনের বৈশ্বিক লক্ষ্য, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে- এটাই ছিল প্রত্যাশা।
কিন্তু প্রতিটি জলবায়ু সম্মেলন ঘিরে মানুষের মধ্যে নতুন আশা তৈরি হয়, আবার সম্মেলন শেষে সেই আশা ভেঙে যায়। বিশ্বনেতাদের প্রতিশ্রুতি ও বাস্তবতার এই ব্যবধান বন্ধ করতে হবে। জলবায়ু সম্মেলনকে শুধু প্রতিশ্রুতি দেয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না। কথিত গ্রিনওয়াশিং কিংবা সবুজ উন্নয়নের প্রচারণার আড়ালে প্রকৃত সঙ্কট আড়াল করার প্রবণতা বন্ধ করতে হবে।
নয়া দিগন্ত : জলবায়ু সঙ্কট মোকাবেলায় উন্নত ও ধনী দেশগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত?
পাভেল পার্থ : জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে যারা দায়ী নয়, এমন দেশ ও জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশসহ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এর বড় উদাহরণ। অন্যদিকে ধনী ও শিল্পোন্নত রাষ্ট্রগুলো ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করেছে। যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশদূষণ, গণহত্যা এবং পরিবেশহত্যা বা ইকোসাইডের মতো ঘটনাও পরিবেশ ও মানুষের অস্তিত্বকে বিপন্ন করছে।
যেসব দেশ ঐতিহাসিকভাবে বেশি দূষণের জন্য দায়ী, জলবায়ু অর্থায়ন ও তহবিল বাস্তবায়নে তাদেরই বেশি সক্রিয় হতে হবে। শুধু অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিলে হবে না, সেই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর নিশ্চয়তাও থাকতে হবে। একই সাথে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার যে আলোচনা চলছে, প্রতিটি দেশ কিভাবে তা বাস্তবায়ন করবে, সেটিও স্পষ্ট করতে হবে।
নয়া দিগন্ত : বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-তে কী ধরনের সম্ভাবনা দেখছেন?
পাভেল পার্থ : বাংলাদেশের এনডিসি ৩.০ একটি গুরুত্বপূর্ণ দলিল। এতে কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে অ্যাগ্রোইকোলজিক্যাল ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছে। আমরা এমন কৃষি ও খাদ্যব্যবস্থা চাই, যা অ্যাগ্রোইকোলজিভিত্তিক, ন্যায়সঙ্গত, জলবায়ু সহনশীল এবং জীববৈচিত্র্যসমৃদ্ধ। একই সাথে বাংলাদেশের লোকায়ত জ্ঞান সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এনডিসিতে অর্থের অঙ্ক দিয়ে পরিমাপ করা যায় না, এমন ক্ষতি বা নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজের বিষয় এবং মানুষের স্থানীয় জলবায়ু অভিজ্ঞতার স্মৃতি সংরক্ষণের জন্য মেমোরি ব্যাংক বা স্মৃতি জাদুঘর তৈরির কথাও বলা হয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এসব অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
নয়া দিগন্ত : জলবায়ু সঙ্কট মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও লোকায়ত জ্ঞান কতটা গুরুত্ব পাচ্ছে?
পাভেল পার্থ : সারা বছর পৃথিবীর বিভিন্ন দেশের কৃষক, জেলে, তাঁতি, বনজীবী, আদিবাসী, স্থানীয় জনগোষ্ঠী, গ্রামীণ মানুষ ও নগর দরিদ্র জনগোষ্ঠী জলবায়ু সঙ্কট মোকাবেলা করছেন। সীমিত সম্পদ ও নিজেদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ব্যবহার করে তারা টিকে থাকার চেষ্টা করছেন। গণমাধ্যমকর্মীরাও তাদের সংগ্রাম ও সঙ্কটের কথা তুলে ধরছেন। কিন্তু এসব অভিজ্ঞতা রাষ্ট্রীয় দলিলে যথাযথভাবে নথিভুক্ত হচ্ছে না। আন্তর্জাতিক জলবায়ু মূল্যায়নেও এসব অভিজ্ঞতার প্রতিফলন সীমিত।
বাংলাদেশের মানুষ খরা, অনাবৃষ্টি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, কুয়াশা, আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের মতো নানা অভিঘাত মোকাবেলা করছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের যে অভিযোজনজ্ঞান ও কৌশল তৈরি হয়েছে, তা জলবায়ুনীতি নির্ধারণে কাজে লাগানো প্রয়োজন।
বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দেশ। এ দেশে প্রায় এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ নদী রয়েছে। এটি ইরাবতী ডলফিনের গুরুত্বপূর্ণ বিচরণক্ষেত্র। একই সাথে বেগুন ও গভীর পানির ধানের মতো কৃষি ঐতিহ্যেরও ধারক। এ দেশের মানুষ প্রতিকূল পরিবেশে টিকে থাকার নানা কৌশল জানেন। কিন্তু মানুষের অভিযোজন ক্ষমতারও একটি সীমা রয়েছে। জলবায়ুর অভিঘাত সেই সীমা অতিক্রম করলে ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়তে থাকে।
নয়া দিগন্ত : জলবায়ু পরিবর্তনের কারণে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, যা সাধারণত আলোচনায় আসে না?
পাভেল পার্থ : কিছু ক্ষয়ক্ষতি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। যেমন ঘরবাড়ি ভেঙে যাওয়া, জমি ও ফসল তলিয়ে যাওয়া, গবাদিপশু ও হাঁস-মুরগি হারানো কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়া। এগুলো অর্থনৈতিক ক্ষতি। কিন্তু এর বাইরেও বড় ধরনের ক্ষতি রয়েছে, যেগুলো টাকার অঙ্কে মাপা যায় না।
বন্যা কিংবা অন্য কোনো দুর্যোগে একটি গান হারিয়ে যেতে পারে। হারিয়ে যেতে পারে নকশিকাঁথা, জামদানি শাড়ি কিংবা কোনো ঐতিহ্যবাহী পিঠা। এগুলো শুধু পণ্য নয়; এর সাথে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, কৃষি ঐতিহ্য ও স্থানীয় জ্ঞান জড়িয়ে আছে। বাংলাদেশের অনেক ঐতিহ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। কিন্তু এসব ঐতিহ্য যেসব মানুষ ও জনগোষ্ঠী ধারণ করেন, তাদের জীবন ও চর্চা হারিয়ে গেলে সেই ক্ষতি শুধু অর্থনৈতিক হিসাবে ধরা সম্ভব নয়।
তাই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর সব জনগোষ্ঠীর ঐতিহ্য, কৃষি সংস্কৃতি ও জীবনচর্চার ক্ষয়ক্ষতিকেও গুরুত্ব দিতে হবে।
নয়া দিগন্ত : কপ৩১-এর প্রথম দিনের আলোচনায় কৃষি ও খাদ্যব্যবস্থা গুরুত্ব পেলেও আপনারা সন্তুষ্ট নন কেন?
পাভেল পার্থ : ৯ নভেম্বর কপ৩১-এর মূল প্রতিপাদ্যের মধ্যে খাদ্য ও কৃষিব্যবস্থা ছিল। কিন্তু আমরা এ বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা পাইনি। আমরা চাই, বিশ্ব নেতৃত্ব কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরকে যথাযথ স্বীকৃতি দিক। বাংলাদেশের মতো দেশের গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকরা যে অ্যাগ্রোইকোলজি বা প্রাকৃতিক কৃষিচর্চা করছেন, স্থানীয় জাত ও লোকায়ত জ্ঞান ব্যবহার করে জলবায়ুর সাথে অভিযোজন করছেন, সেগুলোকে গুরুত্ব দিতে হবে।
নয়া দিগন্ত : তাহলে আপনারা কেমন কৃষি ও খাদ্যব্যবস্থা চান?
পাভেল পার্থ : বীজ হবে কৃষকের, ক্ষেতের ফসলও হবে কৃষকের। কৃষক নারী-পুরুষ মিলেই কৃষির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা তাদের নদী, পাহাড়, বন, খাল, গাছ ও মাছের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখবেন। জনগণের এই নিয়ন্ত্রণ ও অধিকার নিশ্চিত করাই খাদ্য সার্বভৌমত্বের অন্যতম ভিত্তি।

Advertisement