তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যরা অভিবাদন জানান : পিএমও।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করে ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তিনি আন্তালিয়ায় পৌঁছান।   এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। 
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার
১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং জলবায়ু-সহনশীল উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হবে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথেও তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। 
এ ছাড়া সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়নের মাধ্যমে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার উদ্যোগও রয়েছে। 
প্রধানমন্ত্রীর ১২ নভেম্বর আন্তালিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার এবং ১৩ নভেম্বর সকালে দেশে ফেরার কথা রয়েছে।