জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এখন - ফজলে এলাহী আকবর
ফজলে এলাহী আকবর।

 

Advertisement

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের দৃশ্যমান তৎপরতার অভাব এবং নাশকতা প্রতিরোধে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। নিরাপত্তা বিশ্লেষক  মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর  মনে করেন, সরকার কেন নাশকতা ঠেকাতে পারছে না, তার কারণ জনগণকে স্পষ্টভাবে জানানো উচিত। তার মতে, অর্থনৈতিক সঙ্কটের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপ বন্ধ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগের ফিরে আসার পথ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এসব বিষয়ে নয়া দিগন্তের সাথে কথা বলেছেন তিনি। নিচে বিস্তারিত-
প্রশ্ন: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে কিভাবে দেখছেন?
ফজলে এলাহী আকবর : নতুন করে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হওয়ায় দেশে এক ধরনের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ অবস্থায় পুলিশের কার্যক্রম একেবারেই চোখে পড়ছে না। মনে হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তাদের কাছ থেকে যে ধরনের তৎপরতা প্রত্যাশিত, তা দেখা যাচ্ছে না।
প্রশ্ন : নাশকতা প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা না থাকার কারণ কী বলে মনে করেন?
ফজলে এলাহী আকবর : এই প্রশ্নটি আমাকে না করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের করা উচিত। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের করের টাকায় পরিচালিত হয়। তারা কেন দায়িত্ব পালন করতে পারছে না, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকারের কাছে জানতে হবে, নাশকতা প্রতিরোধে তারা কেন ব্যর্থ হচ্ছে।
প্রশ্ন : সরকারের সক্ষমতার ঘাটতি রয়েছে নাকি অন্য কোনো প্রতিবন্ধকতা?
ফজলে এলাহী আকবর : সেটি সরকারকেই পরিষ্কার করতে হবে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে, জনবল সঙ্কট থাকে, প্রশাসনিক সমস্যা থাকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনায় কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত। সরকারকে স্পষ্টভাবে বলতে হবে, তারা কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সমস্যাটা কোথায়। জনগণকে অন্ধকারে রেখে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা যায় না।
প্রশ্ন : নাশকতার ঘটনাগুলো কি অতীতের কোনো পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে?
ফজলে এলাহী আকবর : গত সোমবার রাতের ঘটনাগুলো আমাকে বেগম খালেদা জিয়ার তিন মাসের অবরোধের সময়ের কথা মনে করিয়ে দিয়েছে। মনে হচ্ছে, আমরা আবার সেই যুগে ফিরে গেছি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একটি সরকার মাত্র আট মাসের মধ্যে এমন পরিস্থিতির মুখোমুখি হবে, তা আমি কল্পনাও করিনি। এটি আমার কাছে অচিন্তনীয়।
প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ দেখা গিয়েছিল। এখন সেই ভূমিকা অনুপস্থিত কেন?
ফজলে এলাহী আকবর : এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় ফ্যাসিজমের পক্ষের কেউ রাস্তায় নামলে ১০-১৫ কিংবা ২০ জন হলেও সাধারণ মানুষ প্রতিরোধে এগিয়ে আসত। তখন জনগণ নিজেরাই প্রতিবাদ করত, প্রতিরোধ গড়ে তুলত। এখন জনগণ কেন সেই ভূমিকা পালন করছে না, সেটি বোঝা জরুরি। কেন মানুষ আগের মতো রাস্তায় নেমে আসছে না, কেন তারা প্রতিরোধ করছে না- এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। আমার মনে হয়, এর মধ্যেই বর্তমান পরিস্থিতির অনেক ব্যাখ্যা পাওয়া যাবে।
প্রশ্ন : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে?
ফজলে এলাহী আকবর : বিষয়টিকে যত হালকাভাবে দেখা হবে, দেশের অর্থনীতি তত বেশি বিপন্ন হবে। অর্থনৈতিক অবস্থা এমনিতেই নাজুক। এর মধ্যে যদি অগ্নিসংযোগ, যানবাহনে হামলা, বিস্ফোরণ ও আতঙ্কের পরিস্থিতি চলতে থাকে, তাহলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন ও পরিবহনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায়। শেষ পর্যন্ত এটি সরকারের জন্যও বড় সঙ্কট হয়ে দাঁড়াবে।
আমার সবচেয়ে বড় ভয় হলো, সরকার যদি এখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তখন ক্ষতি সামাল দেয়া আরো কঠিন হবে।
প্রশ্ন : সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি, বিশেষ করে ৩১ দফা বাস্তবায়নের সাথে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক দেখছেন কি?
ফজলে এলাহী আকবর : অবশ্যই উদ্বেগের জায়গা রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা বাস্তবায়ন করা না গেলে ভবিষ্যতে কী পরিস্থিতি সৃষ্টি হবে, সেটি ভাবতে হবে। প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান তৈরি হলে মানুষের মধ্যে হতাশা বাড়বে। এর পরিণতি ভালো হবে না। একটি ভয়াবহ চিত্র সৃষ্টি হতে পারে।
প্রশ্ন : বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের প্রধান করণীয় কী হওয়া উচিত?
ফজলে এলাহী আকবর : এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। এর কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপ, কাদা ছোড়াছুড়ি এবং একে অপরকে দুর্বল করার চেষ্টা বন্ধ করতে হবে। জাতীয় সঙ্কটের সময়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ঐক্য গড়ে তুলতে না পারলে পরিস্থিতির আরো অবনতি হবে।
প্রশ্ন : জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিকভাবে কী ধরনের পরিণতি হতে পারে?
ফজলে এলাহী আকবর : পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথও সৃষ্টি হয়ে যেতে পারে। জনগণ এখনো আওয়ামী লীগকে গ্রহণ করার মতো অবস্থায় নেই। কিন্তু দেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি দেখে মানুষ হতাশ হয়ে বসে আছে। এই হতাশা দীর্ঘায়িত হলে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়, দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে জনগণও সেটি দেখতে পাবে এবং সরকারকে সহযোগিতা করবে। আমার মতে, এই মুহূর্তে সঙ্কট উত্তরণের মূল চাবিকাঠি জাতীয় ঐক্য।