দেশজুড়ে ছাত্রলীগের নাশকতা
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
  • রাজধানীতে ককটেলে আহত ২, আটক ৩৩
  • টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন
  • ইবির বাসে পেট্রলবোমা
  • গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন
  • মোহনগঞ্জে দাঁড়ানো ট্রেনে আগুন 
  • ফটিকছড়িতে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা
  • কুমিল্লায় এক রাতে গ্রেফতার ১০৭

 

Advertisement

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো বিক্ষিপ্ত সহিংসতা ও নাশকতা চালিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এর মধ্যে ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক বাস চালক নিহত হয়েছেন। গোপালগঞ্জে ব্যাপক নাশকতা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা। টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে ছাত্রলীগের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। অন্য দিকে রাজধানীর ধানমণ্ডি ৩২, সিটি কলেজ, মিরপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাবিতে ককটেল বিস্ফোরণে একজন গাড়ী চালক গুরুতর আহত হয়েছেন।
এ ছাড়া গুইমারায় বিএনপির কার্যালয়, মোহনগঞ্জে ট্রেনের বগি এবং খাগড়াছড়ি ও ধামরাইয়ে যানবাহনে আগুন দেয়া হয়েছে। কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেয়ার ঘটনাও ঘটেছে। গতকাল মঙ্গলবার দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। সারা দেশ থেকে ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
ঢাকাজুড়ে ককটেল বিস্ফোরণ 
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমণ্ডি, মালিবাগ ও কাফরুলে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং বাসে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব হামলায় সাবেক এক এসএসসি পরীক্ষার্থী কিশোর ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রাইভেটকার চালক মারাত্মক আহত ও দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্পি­øন্টারে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষকের প্রাইভেটকার চালক সোহেল (৩৬) মারাত্মক আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন।
একই দিন দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরের সামনে থেকে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা চিরকুটসহ দু’টি এবং সিটি কলেজের কাছ থেকে আরো দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে সোমবার রাতে মালিবাগে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামের এক কিশোরের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়।
এদিকে সোমবার গভীর রাতে কাফরুলের মিরপুর-১৩ নম্বরে পার্ক করা আলিফ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়ার সময় মো: হোসেন নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবরাজের নির্দেশে বাসে আগুন দেয়ার কথা স্বীকার করেছেন ওই যুবক।
ডিএমপির গণমাধ্যম ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, এসব ঘটনায় অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ককটেল নিক্ষেপকালে ৯ জনের বেশি অপরাধীকে হাতেনাতে আটক করা হয়েছে। বর্তমানে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছেন।
টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় যায়। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা পাটগাতীতে উপজেলা যুবদলের কার্যালয়েও ভাঙচুর চালান বলে জানা গেছে।
জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারে সড়কে পুলিশ অবস্থান নিলে উত্তেজনা ছড়ায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়লে পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি দোকানেও ভাঙচুর চালায়। ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। কয়েকটি ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, ছাত্রলীগের অবরোধে পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল করছে।
অন্য দিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। অবরোধে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার সড়কে বাঁশ বেঁধেও অবরোধ গড়া হয়। এতে যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন। পরে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ফরিদপুরে চালক নিহত
ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ভেতরে ঘুমিয়ে থাকা চালক ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামটস্থ পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন।
নিহত কালাচান শেখ (৫৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি ৩০ বছর ধরে বাস চালক হিসাবে কর্মরত। বাস শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, পুড়ে যাওয়া কিশোর-তন্ময় পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করে। দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিল কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সাথে থাকতেন, তবে রাত হয়ে গেলে প্রায়ই বাসটিতেই ঘুমাতেন। বাসটির মালিকের নাম তপন কুমার দাস (৫০)। এ দিকে, ফরিদপুরের ভাঙ্গায় রাতে নুরপুরে স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল থেকে স্থানীয়রা রাহুল ইসলাম (১৬), আশিক শেখ (১৬) ও সামিউল শেখকে (১৫) আটক করে পুলিশে দেন।
ইবির বাসে পেট্রোল বোমা
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় ইবির শিক্ষার্থীদের বহনকারী ‘দিগন্ত’ নামের একটি দোতলা বাসে নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী বাসের সামনে এসে বোমা ছোড়েন। এটি সামনের চাকার কাছে পড়ে ইঞ্জিনের পাশে আগুন ধরে যায়। চালক দ্রুত বাস চালিয়ে সরে যান। ফলে বড় কোনো ক্ষতি হয়নি।
অন্য দিকে মঙ্গলবার ভোর ৫টার দিকে ইবির শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের ভেতরে হাতবোমা ছোড়া হয়। প্রক্টর ও নিরাপত্তা সেলের সদস্যরা বোমাটি পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। দুই ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শৈলকূপা থানায় জিডি করেছে। এদিকে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে পৃথক মিছিল করেছে ইবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। 
বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর দু’টি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। বিষয়টি তিনি এএসআই পলাশকে জানান। ঘটনা জানার পর সতর্কতামূলক প্রধান ফটক সাময়িক বন্ধ করা হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেয় কর্তৃপক্ষ।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইটে রাজশাহী নেমেছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বগুড়া যাওয়ার পথে তিনি যাত্রাবিরতি করেন। নিরাপত্তার স্বার্থে তাকে ভিআইপি লাউঞ্জ থেকে পেছনের ফটক দিয়ে বের করা হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন। পবা উপজেলার পাকুড়িয়ার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বস্তু দু’টি ধ্বংস করে।
খুলনায় কার্যালয়, রেললাইন, ট্রেনে আগুন
খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে মঙ্গলবার ভোরে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। বিএনপি নেতাদের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চলে যান। থানা বিএনপির সদস্যসচিব ফারুক তালুকদার ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন। ওসি এস এম মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে পাঁচ যুবককে আগুন দিয়ে চলে যেতে দেখা গেছে। তারা শহর থেকে এসেছেন বলে প্রাথমিক ধারণা।
এর আগে সোমবার দিবাগত রাতে ফুলতলায় রেললাইনে আগুন জ্বালায় যুবলীগের খুলনা জেলার নেতাকর্মীরা। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘আগামীকালের লকডাউন সফল হোক’ স্লোগান দেয়। রাত ১২টা ৫০ মিনিটে খুলনায় নকশীকাঁথা ট্রেনের এস-৫২২৫ বগিতে আগুন দেয় তারা। স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ আগুন নেভায়। এ ঘটনায় তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।
গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন
খাগড়াছড়ির গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ধর্মঘট ডেকে ত্রাস সৃষ্টির অংশ হিসেবে ঘটনাটি ঘটানোর অভিযোগ করেন। ওসি সোহরাওয়ার্দী জানান, জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে।
সাভারে বাসে আগুন, পেট্রোলসহ আটক
সোমবার দিবাগত রাত ২টার দিকে সাভারের উলাইলে ময়লার মোড়ে পার্ক করা সাভার পরিবহনের একটি বাসে ছাত্রলীগের দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সাভারে মহাসড়কে অভিযান চালিয়ে জুয়েল (২৪), ফরহাদ আহমেদ (২৩) ও শুভকে (২২) আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিন বোতল পেট্রোল, গাড়ির কাচ কাটার বিশেষ খুর, এক বোতল কেরোসিন ও মার্বেল ছোড়ার গুলতি জব্দ করা হয়। ওসি সাইফুল আলম জানান, তাদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।
ধামরাইয়ে চার বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে চার দিনে চারটি বাসে আগুন দেয়া হয়েছে। সবশেষ সোমবার মধ্যরাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে ‘হামজা ব্রাদার্স’ পরিবহনের একটি বাসে ছাত্রলীগের দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিস পৌনে এক ঘণ্টায় তা নিয়ন্ত্রণে আনে। বাসটি আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেয়ায় ব্যবহৃত হতো। 
মোহনগঞ্জে ট্রেনের বগিতে আগুন
নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে মঙ্গলবার ভোরে হাওর এক্সপ্রেসের ফাঁকা ‘ড’ বগিতে ছাত্রলীগের দুর্বৃত্তরা আগুন দেয়। ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে স্টেশনে পৌঁছেছিল। যাত্রীরা নামার পর গার্ড ও কর্মীরা খেতে বাইরে গেলে এ ঘটনা ঘটে। আগুনে চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে যায়। স্টেশনে কর্মীরা ও ফায়ার সার্ভিস আগুন নেভায়। পরে ট্রেনটি সকাল ৮টায় নির্ধারিত সময়ে ঢাকার পথে রওনা হয়।
খাগড়াছড়িতে চাঁদের গাড়িতে আগুন
খাগড়াছড়ি শহরের কেএসটিসি হাসপাতালের সামনে সোমবার রাত ৩টার দিকে পার্ক করা একটি চাঁদের গাড়িতে দুষ্কৃতকারীরা আগুন দেয়। ফায়ার সার্ভিস ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মালিক মো: শাহিন বলেন, গাড়িটিই পরিবারের একমাত্র উপার্জনের উপায় ছিল। এতে তার প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত শনিবার ভোরে মহাজনপাড়ায় বিআরটিসির একটি বাসেও আগুন লেগেছিল।
আমতলীতে ব্যাংক, কলেজে আগুন
বরগুনার আমতলীতে সোমবার দিবাগত রাতে ছাত্রলীগের দুর্বৃত্তরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার দিন সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার আমতলীতে ধর্মঘটের তেমন প্রভাব দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতা। আগুন দেয়ার ঘটনায় ব্যাংক ম্যানেজার দেবরাজ পাল থানায় জিডি করেছেন। 
ময়মনসিংহে রেললাইনে আগুন দেয়ার চেষ্টা
ময়মনসিংহে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাকৃবির ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেন শিক্ষার্থীরা। তারা আনন্দ মোহন কলেজ শাখার অর্থ সম্পাদক ঝিনুক ও সহযোগী নির্জন। এ সময় সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান। সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 
শিক্ষাপ্রতিষ্ঠানে তালা 
চট্টগ্রামের ফটিকছড়িতে সোমবার দিবাগত রাত থেকে ভোরের মধ্যে ফটিকছড়ি সরকারি কলেজ, করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানো হয়। ভিডিওতে একজনকে ছাত্রলীগ কর্মী মুরাদ মাহমুদ বলে শনাক্ত করা গেছে। একই সময় লেলাং চাড়ালিয়াহাট মোড়ে সাফরাজ খান মিরাজের নেতৃত্বে মিছিল, ভূজপুর-কাজিরহাট সড়কে আজগর পারভেজের নেতৃত্বে পিকেটিং এবং আমতলীতে মিনহাজের নেতৃত্বে মিছিল হয়। ওসি রবিউল আলম খান জানান, এসব ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে ছাত্রদল নেতা কে এফ সাইমুন পুলিশের ব্যর্থতার অভিযোগ করেন।
এ দিকে, বরগুনার পাথরঘাটা কলেজের মূল ফটক ও প্রশাসনিক ভবনের গেটে তালা লাগায় যান ছাত্রলীগের নেতারা। তালার ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হরতাল’ লেখা কাগজ ছিল। রাত ৩ টার দিকে মূল ফটকে টায়ারে আগুন জ্বালানো হয়। এর আগে উপজেলা পরিষদের শহীদ মিনারে নিষিদ্ধ যুবলীগের ব্যানার পাওয়া ঘটনায় পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খান চিনু (৬৩) ও কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (৩৯) আটক করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মঙ্গলবার সমিরউদ্দীন স্মৃতি কলেজের ফটকে তালা দিয়ে পোস্টার সাঁটানোর অভিযোগে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফ হাসানকে আটক করে পুলিশে দেয় ছাত্রদল। 
কুমিল্লায় ১০৭ জন গ্রেফতার
কুমিল্লায় ১৮ থানা ও ডিবির সমন্বিত অভিযানে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা করছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে যাত্রী ও চালকবিহীন দুটি বাসে আগুন 
চট্টগ্রাম ব্যুরো জানায়, বন্দর নগরী চট্টগ্রামে পৃথক দুই স্থানে দুটি যাত্রী ও চালকবিহীন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত এবং গতকাল মঙ্গলবার ভোরে এই আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ভোর রাতে নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর ঘণ্টা খানেক পর ভোর পাঁচটার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে রোববার রাতেও নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।