আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে বিরোধীদের উদ্বেগ
জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন : নয়া দিগন্ত।

সংসদ প্রতিবেদক

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাশকতামূলক কর্মকাণ্ড এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে তাদের অভিযোগ খণ্ডন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়। আজ বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে সংসদে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরার ঘোষণা দিয়েছেন তিনি।
বিরোধী দলের কঠোর অবস্থান ও প্রশ্ন
গতকাল সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারের কোনো উপদেষ্টা একবার বলছেন, আওয়ামী লীগের সাথে পুনর্মিলন সম্ভব। আবার দুই দিন পর বলছেন, সম্ভব নয়। একই ব্যক্তি দুই ধরনের কথা বলছেন।’ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এমন পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে,  তারাও বসে থাকবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। 
ডা. শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আর্মি গলফ ক্লাব, এসবির সদর দফতরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন এ ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ঘটনায় দু’জন আহত হয়েছেন। সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেককে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটছে। সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে, কাদের গ্রেফতার করেছে, তার কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী রয়েছে। এতগুলো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে ব্যাখ্যা করতে হবে। অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিনেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি করে আবার বিদেশে চলে যাচ্ছেন- এমন পরিস্থিতি কিভাবে তৈরি হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারের কোনো উপদেষ্টা কখনো বলছেন, ইয়েস, আওয়ামী লীগের সাথে পুনর্মিলন সম্ভব। আবার দুই দিন পরে বলছেন, না, এটা অসম্ভব। একই ব্যক্তি দুই ধরনের কথা বলছেন।’ তিনি বলেন, সুনামগঞ্জের একটি ঘটনা নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি আসামিপক্ষের আইনজীবীর মতো আসামিকে রক্ষার চেষ্টা করেছেন। তিনি ফ্যাসিবাদের পক্ষে, নাকি বিপক্ষে- তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।
তিনি আরো বলেন, সরকারি দলের একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন, তাদের বিপদের দিনে আওয়ামী লীগ সহযোগিতা করেছে। এ ধরনের বক্তব্যে জাতির কাছে কী বার্তা যাচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। জাতীয় সঙ্কটে অতীতেও সব পক্ষকে একসাথে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সঙ্কটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সরকারের কাছে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ, এই দেশ আমাদের সবার। 
বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা, আমাদের চোখের সামনে। সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসার সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেয়ার অভিযোগও তিনি তুলে ধরেন। ওই ফোনের নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
বক্তব্যের শেষপর্যায়ে বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট বক্তব্য, জবাবদিহি এবং দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি নাহিদের
একই সুর শোনা যায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের কণ্ঠে। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, দেশে দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে।  পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেয়া হচ্ছে। আজকে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।
তিনি বলেন, গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছেন। তাহলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হচ্ছে?’ তিনি বলেন, সংসদে তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটি বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা এবং ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতার বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’ তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে স্পষ্ট করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়িতে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। রাতের অন্ধকারে পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেয়ার বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সাথে তুলনা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে- এমন বলা যায় না।
তিনি আরো বলেন, রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই, এমন কোনো গাড়িতে আগুন দেয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দুই-একটি প্রতীকী ঘটনা একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ- এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।
বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ অবস্থানকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।
তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে কিছু ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেয়া ব্যক্তিরা কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারকে করা হচ্ছে।
তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে কারা কারা এর সাথে জড়িত, কারা ইন্ধন দিচ্ছে- এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেয়ার অভিযোগ তুলেছেন। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেয়া হয়েছে, তা আমাদের জানান, তাহলে আমরা তদন্ত করে দেখব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান রফতানি খাত তৈরী পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা করা হয়েছে। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। তবে সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন। তাদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছে, যাতে তারা কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়ে বসে এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হয়। আমরা সচেতনভাবে সেই সুযোগ দিইনি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রফতানি যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে বেকার হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে।
তিনি বলেন, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। তারা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই মহান জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে শিল্প মালিকদের, বিনিয়োগকারীদের এবং আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করতে চাই- এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশা আল্লাহ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা পরিসংখ্যানের ভিত্তিতে বিবেচনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সংখ্যা তুলনা করতে হলে আগের বছরের একই সময়ের তথ্যও সামনে আনতে হবে। তিনি বলেন, সংসদে যে সংবাদপত্রের প্রতিবেদন দেখানো হয়েছে, তাতে দুই হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি দুই হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে। একই পরিসংখ্যান গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০টি কম হয়েছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আজ বুধবার সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই তিনি বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবে- কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণ-অভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।