
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, নাশকতা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এক দিকে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রশ্ন, অন্য দিকে নিরাপত্তা বাহিনীর কার্যকারিতা ও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আলোচনা বাড়ছে। সামনে ডিসেম্বর। এ মাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কাও রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব:) মনে করেন, ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, নাশকতার ঘটনা তত বাড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের সক্রিয়তা প্রদর্শনের জন্য এক ধরনের প্রতীকী নাশকতা চালানো হচ্ছে বলে তার ধারণা। তার মতে, সরকারের পক্ষ থেকে এখনো প্রত্যাশিত শক্ত পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার পর যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা তৈরি হয়েছিল, তা এখনো কাটেনি। এসব বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে নজর দিতে হবে। অন্যথায় শৃঙ্খলা আরো বিশৃঙ্খলার দিকে যেতে পারে। সাম্প্রতিক নাশকতা, ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং সরকারের করণীয় নিয়ে নয়া দিগন্তের সাথে কথা বলেছেন তিনি। নিচে বিস্তারিত-
প্রশ্ন: সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা বাড়ছে। এসব ঘটনাকে কিভাবে মূল্যায়ন করছেন?
এম সাখাওয়াত হোসেন: আমার মনে হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অথচ তারা যে এখনো সক্রিয় রয়েছে, সেটি দেখানোর জন্য এক ধরনের প্রতীকী নাশকতা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনা বাড়ছে এবং সামনে আরো বাড়তে পারে। টেলিভিশনে হয়তো সব ঘটনা খুব বেশি দেখা যাচ্ছে না; কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জায়গার ঘটনার ছবি ও ভিডিও পাওয়া যাচ্ছে। সেখান থেকে পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
প্রশ্ন: নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও উদ্বেগ তৈরি করছে। বিষয়টি কতটা গুরুতর?
এম সাখাওয়াত হোসেন: বিষয়টি অবশ্যই উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে আমি জানতে পেরেছি, গোপালগঞ্জে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যদি নিজেরাই হামলার শিকার হন, তাহলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর প্রভাব পড়ে। এ ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
প্রশ্ন: ডিসেম্বর ঘিরে নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন কেন?
এম সাখাওয়াত হোসেন: ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন-এ ধরনের কথাবার্তা বিভিন্ন মহলে চলছে। ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সংশ্লিষ্ট মহলের তৎপরতা তত বাড়তে পারে। আমার মনে হয়, এ ধরনের ঘটনা আরো বাড়বে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে, তা সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করছে। সরকার যদি কার্যকর ব্যবস্থা নিতে না পারে, তাহলে শৃঙ্খলা আরো বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে।
প্রশ্ন: বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে আপনার মূল্যায়ন কী?
এম সাখাওয়াত হোসেন: সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ধরনের শক্ত পদক্ষেপ প্রত্যাশিত, তা দৃশ্যমান হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন পর্যন্ত ঠিক হয়নি। শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করলে হবে না; কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারকে আরো কঠোরভাবে নজর দিতে হবে। কোথায় কী ঘটছে, কারা এসব ঘটাচ্ছে এবং কেন ঘটাচ্ছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ছিল। বর্তমান সময়ে সেই ধরনের ভূমিকা দেখা যাচ্ছে না কেন?
এম সাখাওয়াত হোসেন: তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৫-১৬ বছরের একটি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা তখন ভেঙে পড়েছিল। অনেক রাজনৈতিক দলও সে সময় তেমন সহযোগিতা করেনি। ওই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজন করে রাজনৈতিক দলগুলোর হাতে দায়িত্ব তুলে দেয়া হয়েছিল, যাতে তারা আরো ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারে।
অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনগণও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে সে রকম শক্ত পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।
প্রশ্ন: নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ার পেছনে কি প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাজ করছে?
এম সাখাওয়াত হোসেন: অবশ্যই এখানে কাঠামোগত সমস্যার বিষয়টি বিবেচনায় নিতে হবে। দীর্ঘদিনের একটি ব্যবস্থা ভেঙে পড়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। সামাজিক কাঠামো ভেঙে পড়ার পর যে অবস্থা তৈরি হয়েছিল, সেটি এখনো জোড়া লাগেনি বা উন্নত হয়নি। শুধু সরকার পরিবর্তন হলেই এসব সমস্যা দূর হয়ে যায় না।
প্রশ্ন: এই সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনে সরকারের কী করা উচিত?
এম সাখাওয়াত হোসেন: সরকারকে এ জায়গায় আরো বেশি নজর দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কার্যক্রম কার্যকর করতে হবে। একই সাথে সামাজিক কাঠামোর দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার উদ্যোগ নিতে হবে। জনগণের মধ্যে নিরাপত্তার আস্থা ফিরিয়ে আনতে হবে। তা না হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া খুবই কষ্টকর হয়ে পড়বে।
প্রশ্ন: তাহলে কি সামনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির ঝুঁকিতে রয়েছে?
এম সাখাওয়াত হোসেন: আমি মনে করি, ঝুঁকি রয়েছে। ডিসেম্বর যত এগোবে, পরিস্থিতির ওপর চাপ বাড়তে পারে এবং নাশকতার ঘটনাও আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনেকটাই সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করছে। সরকার যদি এখনই কার্যকর ও শক্ত ব্যবস্থা নেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি হলে শৃঙ্খলা আরো বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








