
আল্লাহর রাসূল সা: পৃথিবীর এমন একজন মহাপুরুষ যাঁর আলোচনা মুসলিম-অমুসলিম সব মানুষের মধ্যে উচ্চারিত হয়। এ যেন প্রবাহিত অবিরত এক ঝর্ণাধারা, যা কখনো শুকিয়ে যায় না এবং যা কখনো বন্ধ হওয়ার নয়। পৃথিবীতে এই একটি মানুষই আছেন যাঁর নাম প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আলোচিত হচ্ছে। পৃথিবীর সব স্থানে ২৪ ঘণ্টা তাঁর আলোচনা চলছে এবং কিয়ামত পর্যন্ত তা চলবে। ‘রাফাআনা’ আমি সুউচ্চ করে দিয়েছি ক্রিয়ার এর কারক হলেন স্বয়ং আল্লাহ তায়ালা। আল্লাহ যখন কোনো কাজের কারক হন তখন তার কর্মের বিশালতা কি কারো ধারণার মধ্যে হয়। আল্লাহ তায়ালা বলেন- ‘আর তোমার জন্য তোমার খ্যাতির কথা সুউচ্চ করে দিয়েছি।’ (সূরা আলাম নাশরাহ-৪)
এটি সেই সময়কার কথা যখন কেউ কল্পনাও করতে পারত না যে, মাত্র হাতেগোনা কয়েকজন লোক যে ব্যক্তির সঙ্গী হয়েছে এবং কেবল মক্কা শহরের মধ্যে যাঁর সব কার্যকলাপ সীমাবদ্ধ, তাঁর আওয়াজ আবার কেমন করে সারা দুনিয়ায় বুলুন্দ হবে এবং কোন ধরনের খ্যাতিই বা তিনি অর্জন করবেন। কিন্তু এই অবস্থায় আল্লাহ তাঁর রাসূলকে এ সুসংবাদ দিলেন এবং এক অদ্ভুত পদ্ধতিতে তা বাস্তবায়ন করলেন। আল কুরআনের ইতিহাস থেকে জানা যায়, আল কুরআনের ধারক ও বাহকের খ্যাতি সারা পৃথিবীর প্রতিটি কোণে সুনিপুণ ও অত্যন্ত সূক্ষ্মভাবে মহান আল্লাহই পৌঁছে দিয়েছেন।
সর্বপ্রথম তাঁর নাম বুলন্দ ও তাঁর চর্চা ব্যাপক করার কাজ সম্পন্ন করলেন তিনি মুহাম্মদ সা:-এর শুত্রুদের সাহায্যে। মক্কার কাফেররা তার ক্ষতি করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করল। মক্কার কুফফার শক্তি তাঁর ক্ষতি করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করল। এর মধ্যে একটি পদ্ধতি হলো নিম্নরূপ : হজের সময় আরবের সমগ্র এলাকা থেকে বিপুলসংখ্যক লোক মক্কা শহরে সমবেত হতো। এ সময় কাফেরদের প্রতিনিধি দল হাজীদের প্রত্যেকটি তাঁবুতে যেত এবং তাদেরকে এই মর্মে সতর্ক করে দিতো যে, এখানে মুহাম্মদ সা: নামে একজন ভয়ঙ্কর লোকের আবির্ভাব হয়েছে। তিনি লোকদের ওপর এমনভাবে জাদু করেন যার ফলে পিতা-পুত্র-ভাই ও স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। কাজেই আপনারা তার সংস্পর্শ এড়িয়ে চলবেন। হজের মৌসুম ছাড়া অন্যান্য দিনেও যারা কাবা জিয়ারত করতে আসত অথবা ব্যবসা উপলক্ষে যারা মক্কায় আসত তারা নবী সা:-এর বিরুদ্ধে দুর্নাম রটাত কিন্তু এর ফলে আরবের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়ও তাঁর নাম পৌঁছে গেল। মক্কার অপরিচিত গণ্ডির ভেতর থেকে বের করে এনে শত্রুরাই সারা আরব দেশের বিভিন্ন গোত্রের সাথে তাঁর পরিচয় করিয়ে দিলো।
এই নিষিদ্ধের ফলে মানুষের মনে এই প্রশ্ন জাগা অত্যন্ত স্বাভাবিক যে, এই লোকটি আসলে কে? কী বলতে চায়। সে কেমন লোক। তার জাদুতে কারা প্রভাবিত হচ্ছে এবং তাদের ওপর তার জাদুর কী প্রভাব পড়ছে? মক্কার কাফেরদের প্রচারণা যত বেশি বেড়েছে লোকদের মধ্যে এই জানার কৌতুহল ও আগ্রহ তত বেশি বেড়েই চলেছে। তারপর অনুসন্ধানের মাধ্যমে লোকেরা তাঁকে জেনেছে। তাঁর চরিত্র ও কাজ-কারবারের সাথে পরিচিত হয়েছে। লোকেরা কুরআন শুনেছে। তিনি যেসব বিষয় পেশ করছেন সেগুলো জেনেছে। যখন তারা দেখল, যে জিনিসকে জাদু বলা হচ্ছে, তাতে যারা প্রভাবিত হয়েছে তাদের জীবনধারা আরবের সাধারণ লোকদের জীবনধারা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তখন দুর্নাম সুনামে রূপান্তরিত হয়ে যেতে লাগল। এমন কী হিজরতের আগেই এমন অবস্থার সৃষ্টি হয়ে গেল যার ফলে দূরের ও কাছের এমন কোনো আরব গোত্রই ছিল না- যার কোনো না কোনো লোক বা পুরো পরিবার ইসলাম গ্রহণ করেনি এবং যার কিছু কিছু লোক রাসূলুল্লাহ সা: ও তাঁর দাওয়াতের প্রতি সহানুভূতিশীল ও আগ্রহী হয়ে ওঠেনি। এটি ছিল তাঁর খ্যাতির কথা সুউচ্চ করার প্রথম পর্যায়।
দ্বিতীয় পর্যায় শুরু হয় হিজরতের পর। এর মধ্যে একদিকে মোনাফেক, ইহুদি ও সমগ্র আরবের মুশরিক প্রধানরা রাসূলুল্লাহ সা:-এর দুর্নাম রটাতে তৎপর হয়ে উঠল এবং অন্য দিকে মদিনা তাইয়্যেবার ইসলামী রাষ্ট্রটি আল্লাহর প্রতি আনুগত্য ও আল্লাহ ভীতি, তাকওয়া, ইবাদত, বন্দেগি, চারিত্রিক পরিচ্ছন্নতা, সুষ্ঠু সামাজিকতা, ইনসাফ, ন্যায়নিষ্ঠা, মানবিক সাম্য, ধনীদের বদান্যতা, গরিবদেরকে সাহায্য সহায়তা দান, অঙ্গীকার ও শপথ রক্ষা এবং মানুষের সাথে ব্যবহার ও লেনদেনের ক্ষেত্রে সততার এমন বাস্তব নমুনা পেশ করছিল, যা মানুষের হৃদয় জয় করে চলছিল। শুত্রুরা যুদ্ধের মাধ্যমে তাঁর এই বর্ধিষ্ণু প্রভাব বিলীন করতে চাইল। কিন্তু তাঁর নেতৃত্বে ঈমানদারদের শক্তিশালী জামায়াত তৈরি হয়েছিল। নিয়ম-শৃঙ্খলা, বীরত্ব, সাহসিকতা, মৃত্যুকে ভয় না করা এবং যুদ্ধাবস্থায়ও নৈতিক সীমারেখাকে কঠোরভাবে মেনে চলার মাধ্যমে জামায়াত নিজের শ্রেষ্ঠত্ব এমনভাবে প্রতিষ্ঠিত করেছিল যার ফলে সমগ্র আরব তার প্রভাবাধীন হয়ে গেল। ১০ বছরের মধ্যে তাঁর খ্যাতির কথা সুউচ্চ হয়ে গেল। অর্থাৎ যে দেশে তাঁর বিরোধীরা তাঁকে বদনাম করার জন্য তাদেরও সর্বশক্তি নিয়োগ করেছিল তাঁর সমগ্র এলাকায় এবং প্রত্যন্ত প্রদেশে ও সর্বত্র ‘আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল।
তৃতীয় পর্যায়টি আরো ব্যাপক, যা খোলাফায়ে রাশেদা থেকে শুরু হয়েছে। সে সময় তাঁর মুবারক নাম সারা পৃথিবীতে উচ্চারিত হতে লাগল। এই সিলসিলাটি আজ পর্যন্ত বেড়েই চলেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বেড়ে যেতেই থাকবে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানদেরও কোনো জনপদ নেই এবং দিনের মধ্যে পাঁচবার আজানের মধ্যে সুউচ্চ স্বরে মুহাম্মদ সা:-এর রিসালাতের ঘোষণা করা হচ্ছে না। মুমিনদের প্রতিটি সালাতে তাঁর ওপর দরুদ পড়া হচ্ছে, জুমার খুতবায় তাঁর নাম পাঠ করা হচ্ছে এবং বছরের ১২ মাসের মধ্যে কোনো সময় এমন নেই যখন সারা দুনিয়ার কোনো না কোনো প্রান্তে তাঁর মুবারক নাম উচ্চরিত হচ্ছে না। নবুয়তের প্রাথমিক যুগে আল্লাহ তায়ালা বলেছিলেন ‘আর তোমার জন্য তোমার খ্যাতির কথা সুউচ্চ করে দিয়েছি।’ অর্থাৎ অত্যন্ত ব্যাপকভাবে সম্প্রচার করেছি। তখন তো কেউ এ কথা অনুমানই করতে পারত না যে, এমন ব্যাপকভাবে এই নাম সুউচ্চ করার কাজটি সম্পন্ন হবে। এটি কুরআনের সত্যতার একটি সুস্পষ্ট প্রমাণ এবং আল্লাহর ক্ষমতার কী বিশাল মহিমা।
সবচেয়ে বড় যে বিষয়টি এখানে উল্লেখ্য যে, পৃথিবীর প্রতিটি মানুষ সে নিজে বা অন্য কেউ তাঁর নাম উচ্চারণের সাথে সাথে তাঁর ওপর দরুদ ও সালাম তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশ করে থাকে। এ যেন সতত প্রবাহিত এক ঝর্ণাধারা। তাঁর চেতনাসমৃদ্ধ মিশন মেঘমালা অনন্তের দিগন্ত পর্যন্ত পৌঁছেছে। ফলে তাঁর প্রতি প্রত্যেক জনপদের প্রত্যকটি মুমিনের হৃদয় তীব্রভাবে আকর্ষণ করে। তাই অকৃত্রিম ভালোবাসা ও প্রচণ্ড আবেগের কারণে তাঁর প্রতি দরুদ ও সালাম পেশ করে। প্রচণ্ড ভালোবাসার কারণে তাঁকে নিয়ে এত গান, এত সাহিত্য-প্রবন্ধ, কাব্যমালা ও জীবনচরিত রচিত হয়েছে। দ্বিতীয় কোনো জীবনচরিত এমনটি আজও আবির্ভূত হয়নি এবং ভবিষ্যতেও আর হবে না। হজরত আবু সাঈদ খুদরি রা: একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সা: বলেছেন : জিবরাঈল আমার কাছে আসেন। আমাকে বলেন, আমার রব ও আপনার রব জিজ্ঞেস করেছেন : আমি কিভাবে তোমার নাম সুউচ্চ করেছি। আমি আরজ করি, আল্লাহ ভালো জানেন। তিনি বলেন, আল্লাহর উক্তি হচ্ছে- ‘যখন আমার নাম বলা হয় তখন সেই সাথে তোমার নামও বলা হবে।’ (ইবনে জারির, ইবনে আবি হাতেম, ইবনে হিব্বান)
পৃথিবীতে মানুষকে সঠিক পথনির্দেশনার যত নবী-রাসূল এসেছেন, তাঁদেরও মুহাম্মদ সা: সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তায়ালা তাঁকে সমগ্র বিশে^র জন্য রহমত করে পাঠিয়েছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও পথনির্দেশনার বদৌলতে আমরা সত্যের দিশা লাভ করেছি। কিয়ামতের কঠিন দিনে তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমাদের মুক্তির জন্য আল্লাহর নির্দেশে শাফায়াত করবেন। এই মহামানবের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাঁর জন্য দোয়া করেন। তাঁর প্রতি দরুদ পাঠ করার জন্য সব মুমিনকে নির্দেশ দেয়া হয়েছে। (সূরা আহজাব-৫৬)
আবদুর রহমান ইবনে আওফ রা: বলেন, একদিন রাসূলুল্লাহ সা: বাইরে যান, আমি তাঁকে অনুসরণ করি। তিনি একটি খেজুর বাগানে প্রবেশ করেন এবং সিজদা করেন। তিনি সিজদারত অবস্থায় অনেক সময় অতিবাহিত করেন, ফলে আমি ভয় পেয়ে যাই এই ভেবে যে, সিজদারত অবস্থায় তাঁর মৃত্যু হয়ে গেল কি-না? এ জন্য আমি কাছে এসে লক্ষ্য করি। তিনি মাথা তুলে বললেন, আবদুর রহমান, তোমার কী হয়েছে? তখন আমি আমার কথা তাঁকে জানালাম। তিনি বললেন, জিবরাঈল আমাকে বললেন, আপনি কি এ ব্যাপারে খুশি নন যে, আল্লাহ বলেছেন ‘আপনার ওপর যে দরুদ পাঠ করবে আমিও তার ওপর রহমত, বরকত নাজিল করব, আর যে আপনার ওপর সালাম পাঠাবে আমি তার ওপর শান্তি বর্ষণ করব।’
আনাস ইবনে মালিক রা: হতে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর এবার দরুদ পাঠ করে, সেই ব্যক্তির ওপর আল্লাহ ১০টি রহমত বর্ষণ করেন, তার ১০টি গুনাহ মোচন করেন এবং ১০টি ধাপ মর্যাদার স্তর উন্নীত করেন।’ (নাসায়ি-১২৯৭, কিতাবুস সুহু, বাবু ফাজলু ফি সালাতি আলান নাবিয়্যি, মিশকাত-৯২২)
লেখক : প্রাবন্ধিক ও ইসলামী ব্যাংকার
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








