
কুষ্টিয়া উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানা পাড়ায় ক্রিসেন্ট ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।
অপরদিকে, অভিযুক্ত ইমন শহরের মজমপুর এলাকার ১৪১ মফিজ উদ্দিন বিশ্বাস সড়কের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে গেটের সামনে দাঁড়িয়ে কলিংবেল বাজিয়ে ভেতর থেকে দরজা খোলার অপেক্ষা করছিল জাকিয়া। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা ইমন পেছন দিক থেকে ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে হামলায় ব্যবহৃত ছুরিটি পড়ে ছিল বলে জানা গেছে।
জাকিয়ার মা সুমি আক্তার অভিযোগ করে বলেন, ইমন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন সে বিরত ছিল। কিন্তু সোমবার স্কুল থেকে ফেরার পর বাড়ির গেটের সামনে অপেক্ষারত অবস্থায় তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীর বক্তব্য এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: ইকবাল হাসান বলেন, ‘দুপুর ১টা ৪০ মিনিটে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং সে আশঙ্কামুক্ত।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনাটি পুলিশের নজরে এসেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








