
রংপুরের দুটি স্পটে ছয়টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে একটি বিস্ফোরিত হয় এবং পাঁচটির বিস্ফোরণ হয়নি। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ আতঙ্ক তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় নগরীর কোতয়ালী থানাধীন বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং মিঠাপুকুর থানার সামনে ওভারব্রিজের নিচে পাঁচটি ককটেল নিক্ষেপ হলেও বিস্ফোরিত হয়নি।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, বিএনসিসি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সাথে সাথে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
অন্যদিকে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন জানান, মিঠাপুকুর থানার অদূরে ওভারব্রিজ থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেগুলোর বিস্ফোরণ হয়নি। সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরে সেগুলো উদ্ধার করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
এদিকে, মহানগর ও জেলা পুলিশ তাদের তৎপরতা বাড়িয়েছে। মোড়ে মোড়ে তল্লাশী চৌকি বসানো হয়েছে। সারারাত ধরে তারা অভিযান পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ কোনো অরাজকতা তৈরি করতে চাইলে সাথে সাথে তা মোকাবেলা করা হবে।’
এদিকে, রাতে গঙ্গাচড়ার খলেয়া নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল এবং পীরগাছার কান্দি এলাকায় চৌধুরানী সুন্দরগঞ্জ সড়কে আগুন দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








