সিলেটে অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ
সিলেটে চিকিৎসাধীন শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ মহানগর নেতৃবৃন্দ : নয়া দিগন্ত।

 সিলেট ব্যুরো 

Advertisement

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপিকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
গতকাল শনিবার দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান জামায়াতের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকেও খোঁজ নেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

Advertisement