মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় এআই খাতের শেয়ারে ধস

 রয়টার্স

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসার ধীর হওয়ার শঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণে সরকারি নজরদারি ও বিধিনিষেধ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এ খাতের বিনিয়োগকারীদের অনেকে।
মূলত এমন আশঙ্কা থেকেই বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শেয়ার বিক্রি করে দেয়ার ব্যাপক চাপ তৈরি হয়। আর তাতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে শত শত বিলিয়ন ডলার স্রেফ মুছে যায়। এই ধসের জেরে বৃহস্পতিবারের লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজার নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৫ শতাংশেরও বেশি কমে যায়।
২০২৫ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’-এর পর নাসডাকে এক দিনে এটিই সবচেয়ে বড় দরপতনের ঘটনা। অন্যদিকে নাসডাক-১০০ সূচক কমেছে ৬ দশমিক ৪ শতাংশ। ডাও জোন্সের হিসাব অনুযায়ী, নাসডাক-১০০ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে একদিনে প্রায় দুই লাখ ৫০ হাজার কোটি ডলার উধাও হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সেনেট ও প্রতিনিধি পরিষদ- কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি সময়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকছে ডেমোক্র্যাটদের হাতে। নির্বাচনী প্রচারে ডেটা সেন্টারের সম্প্রসারণ এবং এআই প্রযুক্তির বিকাশের গতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থীদের অনেকে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ডেটা সেন্টার নির্মাণ সীমিত করার প্রস্তাবেও ভোট হয়েছে।
বিবিসি লিখেছে, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। তবে শেয়ারবাজারের এই পতনের পেছনে শুধু নির্বাচনের ফল নয়, এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়েও আগে থেকেই উদ্বেগ ছিল।

 

Advertisement