
ইসরাইলি সেনাবাহিনী শনিবার (২৮ নভেম্বর) জানিয়েছে, তারা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিচালিত গাজার একটি ক্লিনিকে কর্মরত হামাসের দুই সদস্যকে হত্যা করেছে। নিহত ওই দুই ব্যক্তিকে হামাসের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে ইসরাইল।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থাটি।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহত দু’জন ওই ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তাদের একজন হামাসের একটি আর্টিলারি বা কামান পরিচালনাকারী দলের কমান্ডার ছিলেন বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এমএসএফ। একইসাথে সংস্থাটির স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এমএসএফ জানায়, তাদের ক্লিনিকটি স্পষ্টভাবে সংস্থার লোগো দিয়ে চিহ্নিত ছিল। ক্লিনিকটির অবস্থান সম্পর্কেও ইসরাইলি সামরিক বাহিনীকে আগেই জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল।
তবে কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো কিংবা চিকিৎসাসেবার অবকাঠামোর ক্ষতি করার অভিযোগ অস্বীকার করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নেয়ার ক্ষেত্রে হামাসের তৎপরতার এটি আরেকটি উদাহরণ।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









