
নাটোর শহরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, গোপন ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে একজন যুবক মুখে সাদা কাপড় পড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। মুখ ঢাকা থাকায় তার পরিচয় জানা যায়নি।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেষ্টনী না থাকায় অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
জুলাই যোদ্ধা জোবায়ের হোসেন বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া মানে জুলাই গণঅভ্যুত্থানের সকল যোদ্ধার অন্তরে আগুন দেয়ার শামিল। দেশব্যাপী যারা জ্বালাও পোড়াও করছে তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বিষয়টি খুবই দুঃখজনক।
ওসি আরো জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









