গাজায় বিপর্যয়ের মুখে ১৩ লাখ ফিলিস্তিনি
গাজায় বিপর্যয়ের মুখে ১৩ লাখ ফিলিস্তিনি। সংগৃহীত ছবি
ads

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় আগামী কয়েক দিনের মধ্যেই শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে। এতে জরাজীর্ণ তাঁবুতে বসবাস করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

শুক্রবার (২৭ নভেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সাংবাদিকদের জানান, গাজার মোট জনসংখ্যার ৬৫ শতাংশ বর্তমানে বসবাসের অযোগ্য তাঁবুতে বাস করছেন। এছাড়া দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে ভেতরে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’

বাসাল জানান, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দলগুলো জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ, দ্রুত উদ্ধারকাজে ব্যবহারের যানবাহন ও পানির পাম্পের তীব্র সঙ্কটে রয়েছে। একইসাথে দুর্যোগ মোকাবেলায় পৌরসভাগুলোর জন্যও প্রয়োজনীয় সরঞ্জাম দরকার।

বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষা করতে ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে উন্নত ও টেকসই তাঁবু সরবরাহের ওপর জোর দেন তিনি। পাশাপাশি বাস্তুচ্যুতদের বসবাসের এলাকাগুলোর অবকাঠামো সংস্কারে অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। 

বাসাল বলেন, বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন। শীত মৌসুমে গাজায় এটিই শেষ দুর্যোগ হবে না বলেও সতর্ক করেন তিনি। 

তিনি জানান, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা গেলে সম্ভাব্য এই বিপর্যয়ের প্রভাব কিছুটা কমানো সম্ভব। তবে আন্তর্জাতিক মহলের নীরবতা ও নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর গাজায় একটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া আঘাত হেনেছিল। সে সময় বালির বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ মোট পাঁচ ফিলিস্তিনি নিহত হন। 

গাজার ‘শীতকালীন জরুরি সাড়াদান বিষয়ক উচ্চ কমিটি’র তথ্য অনুযায়ী, এই ঝড়ে ৭০ হাজারেরও বেশি তাঁবু প্লাবিত হয়েছে এবং প্রায় তিন লাখ ৫০ হাজার ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

১৩ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিনান আহমেদ আরকিক নামের নয় মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু তীব্র শীতজনিত কারণে মারা গেছে। গত শীত মৌসুমেও তীব্র ঠান্ডার কারণে ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে গাজার ফিলিস্তিনিরা এখন চতুর্থ শীতকাল পার করছেন। এ সময় ঘরবাড়ি, অবকাঠামো ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি কয়েক লাখ ফিলিস্তিনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধাহীন তাঁবু ও আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের দুর্ভোগ আরো তীব্রতর হচ্ছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি