
স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি মানিব্যাগ কুড়িয়ে পেল রাফি। খুলে দেখে, ভেতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র। টাকাগুলো দেখে তার মনে হলো, এই টাকা দিয়ে মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনবে। অনেক দিন ধরেই মা একটি শাড়ি কেনার কথা বলছেন।
কিন্তু পরক্ষণেই বাবার শেখানো কথা মনে পড়ল-অন্যের সম্পদ কখনো নিজের করে নিতে নেই।
পরিচয়পত্রে লেখা ঠিকানা দেখে রাফি মানিব্যাগের মালিকের বাড়িতে গেল। দরজা খুলতেই এক বৃদ্ধ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বাবা, আমার মানিব্যাগটি পেয়েছ? ওতে আমার অসুস্থ স্ত্রীর ওষুধ কেনার টাকা ছিল! রাফি সাথে সাথে মানিব্যাগটি তার হাতে তুলে দিল। বৃদ্ধের চোখ আনন্দে ভিজে উঠল। তিনি পুরস্কার দিতে চাইলে রাফি বিনয়ের সাথে বলল, চাচা, আমি পুরস্কারের আশায় এটি ফেরত দিইনি। আপনার কষ্টের কথা ভেবেই ফিরিয়ে দিয়েছি।
বাড়ি ফিরে সব শুনে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। আবেগ ভরা কণ্ঠে বললেন, আজ তুমি আমাকে শাড়ি দিতে পারোনি, কিন্তু তার চেয়েও মূল্যবান উপহার দিয়েছ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








