আরেকজন পেসার থাকলে ভালো হতো : তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

Advertisement

দিনের খেলা যে অবস্থাতেই ক্যারিবীয়রা শেষ করুক না কেন, প্রশ্ন উঠেছে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে। তাসকিন আর হাসানই দুই স্বীকৃত পেসার। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সাথে আছেন নাঈম হাসান। দিনের খেলা শেষেও দেখা গেছে পেসাররা সফল। প্রতিপক্ষের চার উইকেটের চারটিই পেসারদের। দিনের খেলা শেষে আক্ষেপ তাসকিনের কণ্ঠেও।
এক পেসার কম খেলানো নিয়ে ৩১ বছর বয়সী এই পেসার বলেন, ‘এক পর্যায়ে মনে হয়েছে আরেকজন পেসার থাকলে হয়তো ভালো হতো। কারণ, সকালের এক ঘণ্টার আর্দ্রতা, যেটা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছিলাম। তখন মনে হচ্ছিল আরেক পেসার থাকলে হয়তো আরেকটু লম্বা সময় বোলিং করা যেত। আরো ২-১টা উইকেট পাওয়ার সম্ভাবনা ছিল।’
তাসকিন আরো বলেন, ‘প্রথমত, দলের বাছাইটা পুরোপুরি ম্যানেজমেন্টের অংশ। তারা আসলে উইকেট এবং কন্ডিশন বিবেচনা করে যেটা চিন্তা করেছে, ওটা আসলে দলের সেরা অবস্থা চিন্তা করেই করা হয়েছে। উইকেট যে ধরনের, এটা তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন ম্যাচের ফল নির্ধারণ হওয়ার জন্য সবচেয়ে ভালো দিন আসবে।’
সম্প্রতি বাংলাদেশের পেস বোলিংয়ের জয়জয়কার। পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়াতেও দাপট দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে হয়েছেন ম্যাচসেরা। হাসানও নিয়েছেন ৯ উইকেট। ম্যাকাইতে শরীফুল পেয়েছেন সাত উইকেট। তাসকিন বলেন, ‘সেখানে পরিকল্পনা করা হয়েছে ফল বের করার ক্ষেত্রে স্পিনারদের সহায়তা আসতে পারে। তবে এটাও সত্য যে সম্প্রতি আমাদের বেশির ভাগ সময় বোলিংয়ে পেসাররা অনেক সফল।