
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন বলেছেন, ‘জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যার রাজনীতি এদেশের মানুষ আর কখনো মেনে নেবে না। জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে।’
তিনি বলেন, ‘তারা যদি রাজনীতি করতে চায়, তাহলে নিজেদের সংশোধন করে দেশের মানুষের কাছে আবেদন করতে হবে। দেশের মানুষ যদি তাদের সুযোগ দেয়, তবে রাজনীতি করতে পারবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের সখিপুরে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সফিকুর রহমান কিরন বলেন, ‘২০০৮ সাল থেকে বিএনপি মানুষের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট মানুষ হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাদের লজ্জাবোধ হওয়া উচিত। আওয়ামী লীগকে আগে ক্ষমা চাইতে হবে। এরপর দেশের মানুষ যদি তাদের ক্ষমা করে, তাহলেই তারা রাজনীতি করতে পারবে।’
এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিরোধে এমপি সফিকুর রহমান কিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সখিপুরের গৌরাঙ্গ বাজার, মমিন আলী বাজার, কাশেমপুর বাজার ও বিকেলে নড়িয়া উপজেলা শহর, নশাসন বাজারসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।
এ সময় নড়িয়া-সখিপুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









