ব্রিটিশ বিমানঘাঁটি, আকাশ,  অজানা, ড্রোন, তাড়ানো, মার্কিন বাহিনী, ইরান, সন্দেহ,
ব্রিটেনে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইংয়ের ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথের প্রধান রানওয়ে থেকে একটি এফ-১৫ যুদ্ধবিমান টেনে সরিয়ে নেয়া হচ্ছে। এফটি
ads

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির আকাশে প্রায় ছয়টি ড্রোন উড়তে দেখা যায়। পরে ঘাঁটিতে মোতায়েন মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে সেগুলো তাড়িয়ে দেয়া হয়। তবে কোনো ড্রোনই উদ্ধার করতে পারেনি ব্রিটিশ বা মার্কিন সামরিক বাহিনী। ফলে সেগুলোর কোনোটি অস্ত্র, গুপ্তচরবৃত্তির সরঞ্জাম কিংবা অন্য কোনো উপকরণ বহন করছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস শনিবার (২৮ নভেম্বর) আরো জানায়, ১৩ নভেম্বর ইংল্যান্ডের সাফোকের আরএএফ ল্যাকেনহিথ ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। তখন ঘটনাটি প্রকাশ পেলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, ঘাঁটির আশপাশে প্রায় ছয়টি ড্রোন দেখা গিয়েছিল। এ ঘটনার সাথে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ল্যাকেনহিথে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইংয়ের সদর দফতর। ইউরোপে মার্কিন যুদ্ধবিমানের সবচেয়ে বড় ঘাঁটি এটি। সেখানে প্রায় ৭ হাজার সামরিক ও বেসামরিক কর্মী কাজ করেন।

ঘটনার সময় ড্রোন প্রতিরোধী মার্কিন প্রযুক্তি ব্যবহার করে আকাশযানগুলোকে সফলভাবে তাড়ানো হয়। কিন্তু ব্রিটিশ বা মার্কিন কোনো সদস্যই সেগুলো উদ্ধার করতে পারেননি। ফলে ড্রোনগুলোর কোনো একটিতে অস্ত্র, গোয়েন্দা নজরদারির সরঞ্জাম কিংবা অন্য কোনো উপকরণ ছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। এ ধরনের কিছু ড্রোনে যুক্ত ছিল কি না, সেটিও উড়িয়ে দিতে পারছে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরেই ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছিল, মার্কিন প্রতিরক্ষা দফতরের নির্ধারিত দ্বিতীয় সর্বোচ্চ হুমকি স্তর ‘চার্লি অ্যালার্টে’ রয়েছে ল্যাকেনহিথ।

যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনী ব্যবহার করে এমন কয়েকটি ঘাঁটিতে এ বছর একের পর এক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে কথিত সন্ত্রাসী হামলার পরিকল্পনার ঘটনাও রয়েছে। তবে এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

১৩ নভেম্বর মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘাঁটিতে ‘অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর সন্দেহজনক তৎপরতার’ জবাব দিয়েছে তারা। এতে আরো বলা হয়, কোনো সামরিক সদস্য, বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি।

শুক্রবার ইউরোপে মার্কিন বিমানবাহিনী নিরাপত্তাজনিত কারণে ড্রোন প্রতিরোধী ব্যবস্থার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে এক মুখপাত্র স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং তা আরো জোরদার করা হচ্ছে। এ ঘটনায় সামরিক পুলিশ ও সাফোক পুলিশ মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরএএফ ল্যাকেনহিথ ঘাঁটিতে এফ-১৫ যুদ্ধবিমান

যুক্তরাজ্য সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে ৪৭ কোটি পাউন্ড বিনিয়োগ করছে। এ অর্থ দিয়ে স্থাপনাগুলোর ভৌত নিরাপত্তা, নজরদারি এবং ড্রোন প্রতিরোধী সক্ষমতা বাড়ানো হবে। স্কাই নিউজ জানিয়েছে, রাতে কিছু বিমান হ্যাঙ্গারে সরিয়ে নিচ্ছে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনী। খোলা জায়গায় রাখা অন্য বিমানগুলোর চারপাশে ড্রোন ঠেকানোর জাল বসানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

এদিকে সাফোকের ওয়েস্ট সাফোক আসনের এমপি ও কনজারভেটিভ পার্টির ছায়া মন্ত্রিসভার সদস্য নিক টিমোথি শুক্রবার আরেকটি বিমানঘাঁটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, সাফোকের আরএএফ মিল্ডেনহল ঘাঁটির মাত্র আড়াই কিলোমিটার দূরে নির্মাণাধীন সানিকা সৌরবিদ্যুৎ ও ব্যাটারি প্রকল্পে হামলা হলে ঘাঁটিটিও ঝুঁকিতে পড়তে পারে।

ফিনান্সিয়াল টাইমসকে টিমোথি বলেন, প্রকল্পটির পরিকল্পনা অনুমোদনের সময় নাশকতা বা অগ্নিসংযোগের ঝুঁকি বিবেচনায় নেয়া হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে জানিয়েছে। অথচ এমআই ফাইভসহ বিভিন্ন সংস্থা বহু বছর ধরেই সতর্ক করে আসছে, শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো এ ধরনের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে।

তবে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রতিটি প্রকল্পের পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং সেখানে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়।