খুলনায় বিএনপি নেতার ছেলেকে হত্যা, না’গঞ্জে নেতা জখম

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

খুলনা ও নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় বিএনপির এক নেতার ছেলেকে গুলি করে হত্যা এবং অপর এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। খুলনার ডুমুরিয়ায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিরোধের জেরে তরিকুল ইসলাম নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য দিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে উচিতপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মঞ্জুর খানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। দুই ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার ডুমুরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে তরিকুল ইসলাম (৩৭) নামে এক যুবককে হত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও রামকৃষ্ণপুর গ্রামের শেখ আব্দুস সালামের ছেলে। ঘটনার পর ডুমুরিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর আনছারাবাদ সড়কের আব্দুল গফফার সানার দোকানে তরিকুল ইসলাম তার সহযোগী সাদিক রহমান, মোমিন গাইন ও শাওনকে নিয়ে বসেছিলেন। এ সময় পালসার মোটরসাইকেলে দুই যুবক মুখে মাস্ক ও হেলমেট পরা অবস্থায় দোকানের সামনে এসে দাঁড়ায়। তারা তরিকুলের সাথে কথা বলে। পরে তরিকুলের কাছে সিগারেট খেতে চাইলে তিনি শাওনকে অন্য দোকান থেকে সিগারেট কিনে আনতে পাঠান। ওই সময় দোকানের মধ্যে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তরিকুল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা আবার মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই তরিকুল মারা যান।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে হওয়ায় তার চলাফেরা ছিল কিছুটা বেপরোয়া। সম্প্রতি আমভিটা এলাকার বড় খালটি তরিকুলের দখলে থাকায় অনেকের সাথে তার বিরোধ চলছিল। মাদক কারবারের একটি চক্র এবং আমভিটার সরকারি খাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে তরিকুলের বিরোধ চলছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। 
তবে এসব বিরোধের সাথে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত তরিকুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে মঞ্জুর খান (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মঞ্জুর খান উচিতপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। তিনি একই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন। তার বাবার নাম কাশেম খান। তিনি জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, রাত সাড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আলী আকবরের মিলের সামনে মঞ্জুর খানের ওপর হামলা হয়। এ সময় রায়হান (১৮) নামের এক যুবকসহ অজ্ঞাতপরিচয় আরো তিন থেকে চারজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অভিযুক্ত রায়হান জাঙ্গালিয়া গ্রামের আলমগীর ডাকাতের ছেলে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

 

Advertisement