কাজে ফিরছেন শ্রমিকরা

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার মধ্যেও নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং ঢাকার সাভার শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষের আশ^াস ও আলোচনার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা গেছে এসব এলাকায়। একই সাথে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, পুরো নারায়ণগঞ্জে যেখানে শ্রমিক অসন্তোষের আভা, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র দেখা গেছে সোনারগাঁওয়ে। এ অঞ্চলের শতাধিক পোশাক কারখানা সচল রয়েছে এবং মালিকদের আশ^াস ও প্রতিশ্রুতিতে আস্থা রেখে কর্মস্থলে ফিরছেন হাজার হাজার পোশাক শ্রমিক।
কাঁচপুর শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, গত তিন দিন ধরে সোনারগাঁওয়ে কাঁচপুর, টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটেছে। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব একাধিক ধাপে কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সাথে ফলপ্রসূ আলোচনা চালান। তাদের সমন্বিত উদ্যোগেই শিল্পাঞ্চলে শান্তিময় ও কর্মমুখর পরিবেশ বজায় রয়েছে।
এ দিকে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ও নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিভিন্ন স্পটে নিয়মিত শান্তি ও প্রতিবাদ মিছিল পরিচালিত হচ্ছে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে থাকলেও তিনি শিল্পাঞ্চলের সার্বিক সুরক্ষায় নির্দেশনা দিয়েছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য আমরা মহাসড়কে সতর্ক পাহারা দেয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকদের সাথে নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সামান্য অস্থিরতা দেখা গেলেও নারায়ণগঞ্জ-৩ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। কাঁচপুর ও টিপুরদী ইকোনমিক জোন সংলগ্ন শিল্প এলাকায় পরিচালিত এসব অবস্থান কর্মসূচিতে স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভার শিল্পাঞ্চলের হেমায়েতপুরের এ কে এইচ গ্রুপ, ফুলবাড়িয়া ও পৌর এলাকার উলাইল ও সাভার রেডিও কলোনীর আল-মুসলিম গার্মেন্টসহ অধিকাংশ কারখানায় গতকাল সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কাজে ফিরেছেন। পরিস্থিতি অনেকটাই শান্ত। সাভার রেডিও কলোনির আল-মুসলিম লাঞ্চের পর ছুটি দেয়া হয় বলে জানান কারখানার অপারেটর শফিকুর রহমান। হেমায়েতপুরে কিছু কারখানা ছুটি দেয়া হয়েছে। 
এ দিকে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। হেমায়েতপুরের পদ্মার মোড়ে ছিল পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। 
অপর দিকে তৈরী পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকাতে সাভারে পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর জয় রেস্তোরাঁর সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মোটরসাইকেল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।