
সামরিক সরঞ্জাম বহনকারী একটি রুশ নৌবহর ভূমধ্যসাগর থেকে ফিরে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সামরিক ও নিরাপত্তা পরিষেবার সাথে যুক্ত তিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২২ নভেম্বর ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোনের হামলায় বেনগাজি বন্দরে রাশিয়ার একটি নৌ-যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার যায়।
নৌবহরটির ফিরে যাওয়ার ঘটনা আগে প্রকাশ করা হয়নি। এ থেকে বোঝা যায় যে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার মতো ইউক্রেনীয় ড্রোন হামলার পর, রাশিয়া তাদের নৌ-সম্পদ রক্ষায় কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।
ইউরোপীয় সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ বহরটির গতিবিধির ওপর নজর রাখছিলেন। তিনি জানান, রুশ নৌবাহিনীর ফ্রিগেট ‘গোলোভকো’র সুরক্ষায় থাকা এই বহরটি বেনগাজিতে হামলার দিনই সিসিলি প্রণালীর কাছাকাছি এলাকা থেকে ফিরে যায়।
উত্তর আফ্রিকার উপকূলে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পথ এই প্রণালী।
ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তাবিষয়ক এককর্মকর্তা নিশ্চিত করেছেন যে, লিবিয়ার দিকে যাত্রা করা নৌবহরটি তার পথ পরিবর্তন করে ফিরে গেছে।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
কৃষ্ণসাগরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোতে বারবার হামলা চালিয়েছে। তবে অন্য কোনো অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বিরল।
‘মেরিনট্রাফিক’ প্ল্যাটফর্মের জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, দ্বিতীয় এই বহরে থাকা তিনটি রুশ পতাকাবাহী কার্গো জাহাজ সর্বশেষ ১২ নভেম্বর বিস্কে উপসাগরের কাছাকাছি এলাকায় তাদের অবস্থানের তথ্য জানিয়েছিল। জাহাজগুলো হলো মাইয়া ১, লেডি আর ও লেডি ডি।
এই জাহাজগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান হলো রাশিয়াভিত্তিক ‘জেএসসি সোভফ্রাখট’ ও ‘এমজি-ফ্লট’। এই দুই প্রতিষ্ঠানের ওপরই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
ওই কর্মকর্তা জানান, ৫ নভেম্বর কালিনিনগ্রাদ থেকে যাত্রা শুরু করা এই বহরটিকে সর্বশেষ ২৫ নভেম্বর আলজেরিয়ার কাছাকাছি এলাকায় দেখা গিয়েছিল। তবে এখন তারা কোথায় যাবে, তা স্পষ্ট নয়।
সূত্র : দুনিয়া নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









